ঢাকা, ১১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়া পাকিস্তান সফর বাতিল করায় সবচেয়ে বেশি লাভবান বাংলাদেশের ক্রিকেট! মঙ্গলবার সফরটা বাতিল করার ঘোষণা দিয়েছে 'ক্রিকেট অস্ট্রেলিয়া'। আর এদিনই বাংলাদেশকে তাদের দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নীতিগতভাবে এই সফরে যেতে সম্মতি জানিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই পাকিস্তানে যাবে মোহাম্মদ আশরাফুলের দল।
খেলার সুযোগ হচ্ছে ঠিক, কিন্তু একটা প্রশ্নও আছে। নিরাপত্তার কারণেই সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া, সেখানে বাংলাদেশ মঙ্গলবার প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজি! তার মানে কি বাংলাদেশ তাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে ভাবিত নয়? ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি তার ব্যাখ্যায় জানাচ্ছেন,''অবশ্যই আমরা আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে ভাবি। সব সফরে আমরা নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করি এবং এই সফরেও সেটা করা হবে। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড নিরাপত্তার ব্যাপারটা নিয়ে ভাবছে এবং তাদের ওপর আমাদের আস্থা আছে।''
এই সফরে ৫টি ওয়ানডে ছাড়াও একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। খুব শিগগিরি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৫৫ঘ.
bdnews24