২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ম্যাচেও ভরসা স্পিনাররাই

দক্ষিণ আফ্রিকান সাংবাদিকরা মেতে আছেন পল হ্যারিসকে নিয়ে। চট্টগ্রামে ওয়ানডে অভিষেকে এই বাঁ-হাতি স্পিনার ৩০ রানে নিয়েছেন ২ উইকেট। এমন কোনো পারফরম্যান্স নয়। তবু তাকে নিয়ে মাতামাতিটা আরো চড়িয়ে দিয়েছেন মোহাম্মদ আশরাফুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, ১১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকান সাংবাদিকরা মেতে আছেন পল হ্যারিসকে নিয়ে। চট্টগ্রামে ওয়ানডে অভিষেকে এই বাঁ-হাতি স্পিনার ৩০ রানে নিয়েছেন ২ উইকেট। এমন কোনো পারফরম্যান্স নয়। তবু তাকে নিয়ে মাতামাতিটা আরো চড়িয়ে দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। এপর্যন্ত তার খেলা অন্যতম সেরা স্পিনার, বাংলাদেশ অধিনায়ক নাকি এমন কথাই বলেছেন দক্ষিণ আফ্রিকান সাংবাদিকদের। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের তিন বাঁ হাতি স্পিনারও এমন কিছু করেননি যে হ্যারিসকে ছাঁপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসবেন। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে ফিরতে পারলে 'মধ্যমনি' হবেন এই স্পিনারত্রয়ী'ই। কারণ আশরাফুলের বিশ্বাস, হোম কন্ডিশনে প্রোটিয়াদের বিপক্ষে বিশেষ কিছু করতে হলে স্পিনাররাই ভরসা। এই ভরসা অমূলক নয় একদম। গত বছর ওয়ানডে বিশ্বকাপে গায়ানায় 'দক্ষিণ আফ্রিকা বধ'-এর নায়ক তো বাংলাদেশের বাঁ-হাতি স্পিনাররাই। সেসময় অবশ্য আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসানদের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ রফিক। রফিকের বিদায়ে এখন স্পিন আক্রমণের নেতা হয়ে ওঠা রাজ্জাক দায়িত্বটা পালনে বিন্দুমাত্র চাপ অনুভব করছেন না বলেই দাবি করলেন, "রফিক ভাই থাকলে আরো ভালো হত। তবে তিনি নেই বলে আমাদের ওপর বাড়তি কোনো চাপও নেই।" তাছাড়া রাজ্জাক-সাকিব- মোশাররফ হোসেন রুবেলদের জন্যই তো তৈরি হয়ে আছে দ্বিতীয় ওয়ানডের উইকেট। যেখানে বল করার জন্য মুখিয়ে আছেন পল হ্যারিসও, "মনে হচ্ছে দ্বিতীয় ইনিংসেই এখান থেকে টার্নটা বেশি পাওয়া যাবে। উৎসাহব্যঞ্জক একটা ব্যাপার। যদিও স্পিনটা বাংলাদেশের শক্তিশালী দিক। সুতরাং এখানে তাদের তিনজন স্পিনার খেলানোতে আশ্চর্যের কিছু নেই। তবে আমরাও দুজন খেলাবো।" দ্বিতীয় ইনিংসে বল যেহেতু বেশি টার্ন করবে, তাই টস ভাগ্য মুখ তুলে তাকালে প্রোটিয়া অধিনায়কের আগে ব্যাটিংই বেছে নেওয়ার কথা। সেক্ষেত্রে দলের ভালো একটা পুঁজির গ্যারান্টি হ্যারিসদের আছে। রাজ্জাকদের কী তা আছে? গায়ানায় আশরাফুলের ৮৭ রানের ইনিংসে ভর করেই তো বাংলাদেশ আড়াইশোর বেশি সংগ্রহ দাঁড় করিয়েছিল। এরপর বাঁ-হাতি স্পিনাররা চেপে ধরেছিলেন প্রোটিয়া ব্যাটসম্যানদের। কিন্তু এবার প্রথম ওয়ানডের অভিজ্ঞতায় নিশ্চিত করে কিছু বলতে পারছেন না আশরাফুল। কোচ জেমি সিডন্স চট্টগ্রাম ম্যাচের আগে বলেছিলেন ২৩০-৪০ রান করলে আশা থাকবে। বাংলাদেশ করেছিল ১৭৮! অধিনায়ক তাই নির্দিষ্ট করে কিছু বলার সাহস দেখাচ্ছেন না এবার। শুধু বলছেন, "আমাদের যতো বেশি সম্ভব রান করতে হবে।" এই রান করার জন্য একাদশে পরিবর্তন আসা অবশ্যম্ভাবী ছিল। ওপেনার জুনায়েদ সিদ্দিকীকে বসিয়ে ওপেনিংয়ে ফিরিয়ে আনা হচ্ছে শাহরিয়ার নাফীসকে। আর মিডল অর্ডারের জোর বাড়ানোর জন্য একাদশে ঢুকে গেছেন নাজিমউদ্দিন। বুধবার তার ওয়ানডে অভিষেক হচ্ছে। শাহাদাত হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। দক্ষিণ আফ্রিকা খুব সম্ভবত প্রথম ওয়ানডের একাদশ অপরিবর্তিত রেখেই নামছে। বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, নাজিমউদ্দিন, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, রাকিবুল হাসান, ধীমান ঘোষ, আব্দুর রাজ্জাক, মোশাররফ হোসেন রুবেল, মাশরাফি বিন মর্তুজা এবং সৈয়দ রাসেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.