ঢাকা, ৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রতিপক্ষ ৫০ রান করলে জেতার জন্য দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ১০০ রান! আর আগে ব্যাট করে প্রোটিয়ারা ১০০ রান তুললে জেতার জন্য প্রতিপক্ষের মাত্র ৫০ রান করলেই চলবে! সোমবার এমন বিচিত্র নিয়মের এক প্রদর্শনী ম্যাচ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১০ ওভারের এই ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের টাইটেল স্পনসর ওয়ারিদ টেলিকম। তবে এই ম্যাচে তাদের কর্মীরাই শুধু খেলবেন না। স্যার সলিমুল্লাহ এতিমখানার শিশুদেরও দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটারদের সঙ্গে ব্যাট-বলের লড়াইয়ে মেতে ওঠার সুযোগ করে দিচ্ছে এই মুঠোফোন সংস্থাটি।
এইসব সুবিধাবঞ্চিত শিশুদের উৎসাহ জোগানো এবং কিছু দারুণ মুহূর্ত উপহার দেওয়ার জন্যই এই আয়োজন বলে জানানো হয়েছে ওয়ারিদ টেলিকমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। স্যার সলিমুল্লাহ এতিমখানার শিশুদের হাতে ক্রিকেট সামগ্রী তুলে দেওয়ারও উদ্যোগ নিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮১৫ঘ.
bdnews24