চট্টগ্রাম, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মা-মাটি-মানুষের কাছে ফিরেই তামিম ইকবাল ক্যারিয়ারের সেরা ইনিংসটি উপহার দিয়েছেন। কিন্তু সতীর্থদের ব্যর্থতায় তাতেও লাভ খুব বেশি হয়নি। তাদের ব্যর্থতার মিছিল ওই কীর্তিকে ম্লান করে এদেশের ক্রিকেটকে উপহার দিয়েছে আরেকটি লজ্জাকর পরাজয়। গ্রায়েম স্মিথের সপ্তম ওয়ানডে সেঞ্চুরিতে মাত্র ৩৬.৫ ওভারেই ১ উইকেটে ১৮০ রান করে টার্গেটে পৌঁছে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সনৎ বাবলা।
মা-মাটি-মানুষের কাছে ফিরেই তামিম ইকবাল ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেললেন। কিন্তু সতীর্থদের ব্যর্থতায় তাতে লাভ খুব বেশি হয়নি। তাদের ব্যর্থতার মিছিল তামিমের কীর্তিকে ম্লান করে এদেশের ক্রিকেটকে উপহার দিয়েছে আরেকটি লজ্জাকর পরাজয়। তামিমের ৮২ রানের ইনিংস সত্ত্বেও বাংলাদেশের ইনিংস শেষ হয়ে গিয়েছিল ১৭৮ রানে। গ্রায়েম স্মিথের সপ্তম ওয়ানডে সেঞ্চুরিতে মাত্র ৩৬.৫ ওভারেই ১ উইকেটে ১৮০ রান করে টার্গেটে পৌঁছে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে।
বিকেলে উইকেট ধীরগতির হবে, টার্নও থাকবে তাতে! এই ভেবে যারা বাংলাদেশের ৪৮.২ ওভারে করা ১৭৮ রানকে লড়াইয়ের মোটামুটি একটা পুঁজি মনে করেছিল তারা ভুল প্রমাণিত হয়েছেন। ভুল প্রমাণিত হয়েছে তিন স্পিনারের ফর্মূলাও। আর সব ভুলের উৎস হয়ে আছে সকালের মহাভুলটি---- দুশো পেরোতে না পারা। সবার তামিম হওয়ার দরকার ছিল না, কারো ব্যাট থেকে দু-একটা ৩০-৪০ রানের ইনিংস হলেই দুশো পেরোনোর টার্গেটটা কিন্তু পূরণ হয়!
তামিম ইকবালের মায়ের স্থায়ী আবাস চট্টগ্রামে। যেখানে তার বেড়ে ওঠা এবং ক্রিকেটের সঙ্গে সখ্যতা। সুবাদে চাঁটগার ক্রিকেট-প্রিয়দের কাছেও ভালবাসার জায়গাটা তার জন্য একটু বেশিই। তারই প্রতিদান দিয়েছেন তামিম ইকবাল ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। কিন্তু অতৃপ্ত রেখে গেছেন চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামের হাজার হাজার দর্শককে। সেঞ্চুরির মতো অনন্য মুহূর্ত উপভোগ করা হয়নি এই বাঁহাতির, দক্ষিণ আফ্রিকার পল হ্যারিসকে তুলে মারতে গিয়ে। আর সেখানেই বড়সড় ধাক্কা লেগে যায় বাংলাদেশের দুশো পেরোনোর স্বপ্নে।
কারণ নিজের শহরের মাটির সঙ্গে তামিমের যে সহজাত সখ্যতা, অন্যদের সঙ্গে তা নেই। উইকেটের সঙ্গে মানিয়ে নিতে না পারা এবং নিজেদের ভুলেভরা ব্যাটিংয়ের শিকার হয়ে বাংলাদেশ আবারো বিপদে। শুরু থেকে তামিম যখন স্বচ্ছন্দ তখন অন্যদিকে জুনায়েদ (৬) আউট হওয়ার সুযোগ খুঁজছেন। এই বাঁহাতি ওপেনার একবার এলবিডব্লুর জোরালো আবেদন থেকে পার পেয়ে গেলেও ল্যাঙ্গেভেল্টকে তুলে মারতে গিয়ে মিডঅফে ধরা পড়েছেন পল হ্যারিসের হাতে। ২৪ বলে করেছেন মাত্র ৬ রান ! অথচ ৭.৪ ওভারে দলের রান তখন ৩০ ! বোঝাই যাচ্ছে তামিমের ব্যাট কীভাবে কথা বলেছে। কিন্তু অন্যপ্রান্ত যে চলছে অসহায় আত্মসমর্পনের মহড়া। ওয়ান ডাউনে নেমে শাহরিয়ার নাফিস মাত্র ১২ রান করে ফিরে গেছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। উইকেট নিয়েছেন আন্দ্রে নেল, দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী বোলারদের মধ্যে তিনিই নিখুঁত লাইনে বোলিং করেছেন। সুবাদে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলারও তিনি। প্রতিদ্বন্ধিতায় অন্যরাও যে খুব পিছিয়ে ছিলেন তা নয়।
এই সুযোগটা করে দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরাই। নাফিসের পর দেশের সেরা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলকে নিয়ে সবার স্বপ্ন-বুনন শুরু হতে না হতেই স্বপ্ন-ভঙ্গ! ভেঙ্গেছেন বাংলাদেশের এনামুল হক মনি। আন্তর্জাতিক অঙ্গনে নবীন আম্পায়ারের বিতর্কিত এলবিডব্লুর সিদ্ধান্তের বলি বাংলাদেশের অধিনায়ককে ২৪ বলে মাত্র ৮ রান করেই ফিরে আসতে হয় ড্রেসিংরুমে। টিভি রিপ্লেতে দেখা গেছে অ্যালবি মর্কেলের বলটা লেগের দিকেই বেরিয়ে যাচ্ছিল। দলের স্কোর ৩ উইকেটে ৭৯ রানের সঙ্গে ১০ রান যোগ হতেই ফিরে আসেন সাকিব আল হাসান (৬)। ফিরে যান পল হ্যারিসকে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট উপহার দিয়ে।
একদিকের এত ভাঙ্গচুরের মধ্যেও তামিমের ধৈর্য্যচুতি ঘটেনি। সাকিবকে সঙ্গে নিয়েই তিনি ২১-তম ওভারে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করেন ৬২ বলে, তাতে বাউন্ডারি ৭টি। এর আগেই অবশ্য তিনি হাফ সেঞ্চুরি উদযাপন করে ফেলেন মাঠের স্কোরবোর্ড দেখে বিভ্রান্ত হয়ে। তারপর অভিষেক হওয়া রাকিবুল হাসানকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে যোগ করেছেন ৪২ রান। ফিফটি করার পর তার ফিরে যাওয়ার যে প্রবণতা সেটা মনে করেই বুঝি নিজেকে অনেক সংযত রাখেন এই বাংলাদেশী বাঁহাতি ওপেনার। কিন্তু ৩৪-তম ওভারে ডুমিনিকে পেয়ে মারমুখী হয়ে ওঠেন। ওই ওভারে তিনি মিড উইকেট দিয়ে ছক্কা ও একটি বাউন্ডারি মেরে ১৩ রান নিয়েছেন। সেই যে লোভ বেড়ে গেল তার মাশুল দিতে হয়েছে পরের ওভারে। বাঁহাতি স্পিনার পল হ্যারিসকে ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে ক্যাচ তুলে দেন মর্কেলের হাতে। এবং অনেক সম্ভাবনাময়ী ইনিংসিটা শেষ হয়ে গেছে ৮২ রানে, তাতে ছিল ৯ টি চার ও একটি ছক্কা। আর সবচেয়ে মূল্যবান উইকেটটিসহ অভিষেকে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার হ্যারিস।
৩৪.৪ ওভারে ১৩১ রানে তামিম আউট হওয়ার পর মাত্র ৪৭ রান যোগ হয়েছে বাকি ৫ উইকেটে। এই বাংলাদেশী ওপেনারের ৮২ রান এবং অতিরিক্ত ১১ রান বাদ দিলে বাকি ১০ জন মিলে করেছেন মাত্র ৮৫ রান। তাতে অভিষেক হওয়া ক্রিকেটার রাকিবুল হাসান (১৫) ও ধীমান ঘোষ (১৫) এবং লোয়ার অর্ডারে আব্দুর রাজ্জাকের (১৫) অবদানই উল্লেখযোগ্য।
বাংলাদেশের এই ব্যর্থতার পরপরই যেন শিক্ষক হয়ে আবির্ভূত হয়েছেন স্মিথ ও গিবস। দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান উদ্বোধনী জুটিতে ১৪৩ রান করে কীভাবে ব্যাটিং করতে হয় দেখিয়ে দিয়েছেন। এক প্রান্তে স্পিনার রাজ্জাককে দিয়ে বোলিং শুরু করেও ম্যাচের ভাগ্যের কোনো হেরফের ঘটাতে পারেননি আশরাফুল। বরং বংলাদেশের জন্য ক্রিকেট পাঠ্য হতে পারে স্মিথ ও গিবসের ইনিংস তৈরির কাজটা। গিবস (৫৭) সাকিবের বলে এলবিডব্লু হয়ে ফিরে গেলেও স্মিথ নিজের সপ্তম সেঞ্চুরি দিয়ে জয় নিশ্চিত করেই ফিরেছেন। তাই ম্যান অব দ্যা ম্যাচ দক্ষিণ আফ্রিকান অধিনায়ক, যার ১০৩ রানের এই ইনিংসে আছে একটি ছয় ও ১৪ টি চার। ভেস্তে গেছে তিন স্পিনারের ফর্মূলা। মাশরাফিহীন পেস-আক্রমণে শাহাদাতও রান দেওয়ার ক্ষেত্রে এমন দয়ার সাগর হয়ে গেছেন যে তাকে দিয়ে ৩ ওভারের বেশি করানোর সাহস পাননি বাংলাদেশ অধিনায়ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮০০
bdnews24