ঢাকা, ৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথম আসরে এক ম্যাচ জিতেই সুপার এইটের টিকেট পেয়ে গিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠেয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসরেও তেমন সুযোগই থাকছে। কারণ বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে 'এ' গ্র"পের তৃতীয় দল জিম্বাবুয়ে। আগামী বছরের ৬ জুন বাংলাদেশের প্রথম গ্র"প ম্যাচ ভারতের সঙ্গে। এছাড়া টুর্নামেন্ট শুরুর আগে দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ জুন তাদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে। আর ৪ জুন মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের উদ্বোধন হবে ৫ জুন। উদ্বোধনী দিনে স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হবে আইসিসির সহযোগী সদস্য দেশ-১ এর। পরদিনই মাঠে নামছে বাংলাদেশ। এবং গত বছর ওয়েষ্ট ইন্ডিজে ওয়ানডে বিশ্বকাপের মতো এখানেও তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। একদিন বাদে ৮ জুন জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা।
গত বছর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্র"পে ছিল ওয়েষ্ট ইন্ডিজ ও স্বাগতিকরা। উদ্বোধনী ম্যাচে ক্যারিবীয়রা দক্ষিণ আফ্রিকার কাছে হেরে মুখোমুখি হয় টাইগারদের। সেই ম্যাচ জিতেই সুপার এইটে পৌঁছে যায় মোহাম্মদ আশরাফুলের দল। এরপর শেষ গ্র"প ম্যাচে স্বাগতিকদের কাছে হারেও কিছু এসে যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/১৬১৬ ঘ.
bdnews24