২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলরের সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে নিউজিল্যান্ড

টেস্ট ক্যারিয়ারের সূচনাটা মোটেই ভালো হয়নি রস টেলরের। প্রথম দুই টেস্টের চার ইনিংসে ১৫, ৪, ১৭, ও ৮ রান নিঃসন্দেহে আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত কোনো ব্যাটসম্যানের জন্য হতাশাজনক পারফরম্যান্স। তবে ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই জ্বলে উঠলেন তিনি, খেললেন ১২০ রানের এক দুর্দান্ত ইনিংস। টেলরের প্রথম টেস্ট সেঞ্চুরি ইংল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে সুবিধাজনক জায়গাতেও পৌঁছে দিয়েছে নিউজিল্যান্ডকে। সেই সঙ্গে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির (৮৮) ব্যাটও জ্বলে ওঠায় কিউইদের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৭০ রানে। জবাব দিতে নেমে বৃহস্পতিবার দ্বিতীয় দিনশেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৮৭ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

হ্যামিল্টন, নিউজিল্যান্ড, ৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টেস্ট ক্যারিয়ারের সূচনাটা মোটেই ভালো হয়নি রস টেলরের। প্রথম দুই টেস্টের চার ইনিংসে ১৫, ৪, ১৭, ও ৮ রান নিঃসন্দেহে আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত কোনো ব্যাটসম্যানের জন্য হতাশাজনক পারফরম্যান্স। তবে ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই জ্বলে উঠলেন তিনি, খেললেন ১২০ রানের এক দুর্দান্ত ইনিংস। টেলরের প্রথম টেস্ট সেঞ্চুরি ইংল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে সুবিধাজনক জায়গাতেও পৌঁছে দিয়েছে নিউজিল্যান্ডকে। সেই সঙ্গে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির (৮৮) ব্যাটও জ্বলে ওঠায় কিউইদের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৭০ রানে। জবাব দিতে নেমে বৃহস্পতিবার দ্বিতীয় দিনশেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৮৭ রান। হ্যামিল্টনের সেডন পার্কের একটা 'ঐতিহ্য' আছে। কোনো ব্যাটসম্যান ব্যাট করতে নামার সময় তার পরিসংখ্যান ঘোষণা করা হয় লাউডস্পিকারে। বুধবার টেলর ক্রিজে আসার সময়ও তার টেস্ট পরিসংখ্যান গ্যালারির দর্শকদের জানিয়ে দিয়েছিলেন ঘোষক। পরে টেলর জানিয়েছেন, সেই ঘোষণাই ভালো করতে উদ্বুদ্ধ করেছে তাকে, "আমি সেটা (ঘোষণাটা) শুনেছিলাম আর সেটাকে অনুপ্রেরণা হিসাবে নিয়েছিলাম। ব্যক্তিগত সর্বোচ্চ হিসাবে ১৭ রান মোটেই ভালো কোনো স্কোর নয়। তবে সেটা অবশ্যই আমার জন্য অনুপ্রেরণাদায়ী ছিল।" সত্যিই তাই। দ্বিতীয় দিন ব্যাট করতে সময় নামার সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ২৮২ রান। তখন টেলর ৫৪ আর ভেট্টোরি অপরাজিত ছিলেন ৪ রানে। দিনের প্রথম সেশনটা অর্থাৎ মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে ইংলিশ বোলারদের শুধু হতাশাই উপহার দিয়েছেন তারা। শুধু তাই নয়, ইংল্যান্ডের বিপক্ষে সপ্তম উইকেটে রেকর্ড ১৪৮ রানের জুটিও গড়েছেন টেলর-ভেট্টোরি। স্টিভ হার্মিসনকে হুক করে বাউন্ডারি মেরে প্রথম টেস্ট সেঞ্চুরিতে পৌঁছানো টেলরকে শেষ পর্যন্ত থামিয়েছেন পার্ট টাইম অফস্পিনার কেভিন পিটারসেন। মাত্র দ্বিতীয় বলেই টেলরের রিটার্ন ক্যাচ নিয়ে দলকে উল্লাসে ভাসিয়েছেন তিনি। ২৩৫ বলের ইনিংসটা সাজানো ছিল ১৮টি বাউন্ডারিতে। টেলরের বিদায়ের সময় ভেট্টোরি ব্যাট করছিলেন ৭৫ রান নিয়ে। আর ১৩ রান করেই পল কলিংউডের বলে অ্যান্ড্রু স্ট্রাউসকে ক্যাচ দিয়েছেন কিউই অধিনায়ক। ১৩৪ বলে ৮৮ রান করার পথে ১১টি বাউন্ডারি ছাড়াও মন্টি পানেসারকে বিশাল এক ছক্কা মেরেছেন ভেট্টোরি। এর পর কাইল মিলসের অপরাজিত ২৫ রানের সুবাদে পৌনে পাঁচ শ'র কাছাকাছি পৌঁছাতে পেরেছে স্বাগতিকরা। জিতান প্যাটেল (৫) ও ক্রিস মার্টিনকে (০) পর পর দুই বলে আউট করে কিউইদের অলআউট করার কৃতিত্ব রায়ান সাইডবটমের। ৯০ রানে ৪ উইকেট নিয়ে এই বাঁহাতি পেসারই ইংলিশদের সফলতম বোলার। কলিংউড নিয়েছেন দুই উইকেট। ৪৭০ রানের জবাব দিতে নামা ইংল্যান্ডের সূচনাটা ভালোই হয়েছিল। কিন্তু উদ্বোধনী জুটিতে ৮৪ রান ওঠার পর মার্টিনের বলে বদলি ফিল্ডার নিক হর্সলির হাতে ক্যাচ তুলে দিয়েছেন অ্যালিস্টার কুক (৩৮)। নিজের পরের ওভারে 'নাইটওয়াচম্যান' ম্যাথু হগার্ডকেও (২) ফিরিয়ে দিয়েছেন মার্টিন। দিনশেষে ইংলিশদের টেস্ট অধিনায়ক মাইকেল ভন ৪৪ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে থাকা স্ট্রাউস ১ রানে অপরাজিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৪৬ঘ.