২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংস ও ২০৫ রানে হেরেছে বাংলাদেশ

দ্বিতীয় ও শেষ টেস্টে যে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারছে, তৃতীয় দিনশেষেই তা নিশ্চিত হয়ে গিয়েছিল অনেকখানি। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। সোমবার ৫ উইকেটে ৫৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১১৯ রানে। আর তাই ইনিংস ও ২০৫ রানের বিশাল ব্যবধানে হার মানতে হয়েছে মোহাম্মদ আশরাফুলের দলকে। সেই সঙ্গে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

চট্টগ্রাম, ৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় ও শেষ টেস্টে যে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারছে, তৃতীয় দিনশেষেই তা নিশ্চিত হয়ে গিয়েছিল অনেকখানি। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। সোমবার ৫ উইকেটে ৫৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১১৯ রানে। আর তাই ইনিংস ও ২০৫ রানের বিশাল ব্যবধানে হার মানতে হয়েছে মোহাম্মদ আশরাফুলের দলকে। সেই সঙ্গে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ডেল স্টেইন বা মাখায়া এনটিনির মতো কোনো পেসার নন, চতুর্থ দিনে বাংলাদেশের হন্তারক এক জন স্পিনার। ৩৩ রানে ৫ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার রবিন পিটারসন ভেঙ্গে দিয়েছেন টেলএন্ডারদের সব প্রতিরোধ। সোমবার নিজের প্রথম বলেই মুশফিকুর রহিমকে (৪) স্লিপে জ্যাক ক্যালিসের ক্যাচ বানিয়েছেন তিনি। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা মোহাম্মদ রফিক দু বল পরই রিটার্ন ক্যাচ দিয়েছেন পিটারসনকে। ৫৮ রানে সপ্তম উইকেট হারানোর পর আব্দুর রাজ্জাকের সঙ্গে শাহাদাত হোসেনের ৫৬ রানের জুটি কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছে দর্শকদের। ৪২ বলে ৪টি বাউন্ডারি সহ ২৪ রান করা শাহাদাতের উইকেটটাও পিটারসনের। ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটাই প্রথম পিটারসনের ইনিংসে ৫ উইকেট শিকার। শাহাদাত অ্যাশওয়েল প্রিন্সকে ক্যাচ দেয়ার পরের ওভারে মাশরাফি বিন মুর্তজা ৪ রান করে মর্নে মরকেলের বলে নিল ম্যাকেঞ্জির হাতে ক্যাচ তুলে দেয়ার সঙ্গে সঙ্গে জয়োল্লাসে মেতে উঠেছে প্রোটিয়ারা। কারণ আগের দিন জ্যাক ক্যালিসের বলে আহত আফতাব আহমেদ যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন না তা সবারই জানা ছিল। ৪০ বলে ৬টি বাউন্ডারি সহ ৩৩ রানে অপরাজিত রাজ্জাকের ইনিংসটা বাংলাদেশের আক্ষেপই বাড়িয়েছে শুধু। ম্যাকেঞ্জির সঙ্গে উদ্বোধনী জুটিতে রেকর্ড ৪১৫ রান করার পথে ২৩২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। আর দুই টেস্টে ১৪ উইকেট নেয়া স্টেইন পেয়েছেন সিরিজ-সেরার পুরস্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১১৪৩ঘ.