ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দ্বিতীয় দিনেই ঘটে গেল প্রিমিয়ার লিগের প্রথম অঘটন। নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ইয়াং পেগাসাস ৮ রানে দুবারের চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএসকে হারিয়ে জন্ম দিয়েছে বড় অঘটনের।
তবে ভিক্টোরিয়া ও বিমানের লিগ-সূচনাটা ভালই হয়েছে। এহসানুল হক ও জাফর কোরেশীর দুর্দান্ত বোলিংয়ে ভিক্টোরিয়া ৮৯ রানে কলাবাগানকে হারিয়েছে। ধানমন্ডি মাঠে মোশারফ হোসেনের রুবেলের অলরাউন্ড নৈপুন্যে বিমান বাংলাদেশ ২৬ রানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে।
প্রথমে ব্যাট করে ইয়াং পেগাসাস বড় কোনো টার্গেট দাঁড় করাতে পারেনি। ওয়ান ডাউনে নামা আশিকুর রহমানের ধীর গতির ৫৮ রানের (১২২ বলে) পর তামিউল আলম (৫৪ বলে ৩৫) ও সাব্বির রহমান (২৬ বলে অপরাজিত ৪৪) দ্রুতগতিতে রান তোলার সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ২১৭ রান করে পেগাসাস। জাবাবে ৪৯.৫ ওভারে ২০৯ রানেই শেষ হয়ে যায় ওল্ড ডিওএইচএসের ইনিংস। এজন্য কৃতিত্ব দাবি করতে পারেন পেগাসাসের মুকতার আলী; ৩৫ রানে ৪ উইকেট নিয়ে ডিওএইচএসের টপ অর্ডার গুড়িয়ে দিয়েছেন এই পেসার। মিডল অর্ডারে আনিসুর রহমান সর্বোচ্চ ৬১ রান ও হামিদুল ইসলাম ৪৪ রান করেও জেতাতে পারেননি ডিওএইচএসকে।
বিকেএসপির দু নম্বর মাঠে কলাবাগানের বিপক্ষে ভিক্টোরিয়া প্রথমে ২৭৫ রান করে অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়। ১৫ ওভারে ৫০ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ১১১ রানের জুটি গড়েন ফরহাদ হোসেন (৭৪) ও এহসানুল হক (৫৯) মিলে। এর সঙ্গে অন্যদের ছোট প্রয়াসগুলি যোগ হয়ে ভিক্টোরিয়া ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৫ রানের বিশাল স্কোর গড়ে। তারপরের কাজটা করেছেন এহসানুল হক (৩/১২) ও জাফর কোরেশী (৩/২৮), তাদের নিখুঁত লাইন-লেংথের বোলিংয়ের বিপক্ষে রানের খোঁজে ছুঁটতে গিয়ে কলাবাগান শেষ হয়ে যায় ১৮৬ রানে (৪৭.৫ ওভার)।
ধানমন্ডি মাঠে বিমানকে উড়িয়েছেন মোশারফ হোসেন রুবেল। ব্যাট করতে নেমে ১২৬ বলে ৭ টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৮৬ রান করেছেন তিনি। আসিফ হোসেন করেছেন ৭০ বলে ৬৫ রান। সুবাদে ৫০ ওভারে বিমানের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৬০। এরপর বল হাতে রুবেল ৪৮ রানে ৪ উইকেট তুলে নিয়ে পারটেক্সকে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৪ রানে আটকে রাখেন এবং নিশ্চিত করেন দলের জয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২০ঘ.
bdnews24