চট্টগ্রাম, ১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চট্টগ্রাম টেস্ট দ্বিতীয় দিনেও রং বদলায়নি একটুও। তবে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামের উইকেট চরিত্র বদলেছে কিছুটা। যে কারণে স্ট্রোক খেলা কঠিন হয়ে উঠেছে। যার ভুক্তভোগী বাংলাদেশই হবে বলে মনে করে দক্ষিণ আফ্রিকা শিবির। তাদের বিপক্ষে ৫৮৩ রানের পাহাড় তুলে ফেলার পর এখনই তাই 'মিশন অ্যাকমপ্লিশড' বলে ফেলতে পারছেন কোচ মিকি আর্থার।
কী তাদের মিশন? সেটা দ্বিতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশের তিন তিনটি উইকেট তুলে নিয়ে দ্রুততম দক্ষিণ আফ্রিকান বোলার হিসেবে এক শ' উইকেটের মাইলফলকে পৌঁছানো ডেল স্টেইনই বলে দিচ্ছেন, "আমাদের পরিকল্পনা হচ্ছে অল্পতেই তাদের অলআউট করে দিয়ে আবার ব্যাট করতে নামানো। এবং ম্যাচ জেতা।" অর্থাৎ ইনিংস হারের লজ্জাতেই এবার বাংলাদেশকে ফেলতে চাইছে প্রোটিয়ারা।
মাত্র ২০ টেস্টে এক শ' উইকেটের মাইলফলক পেরুনো স্টেইনের কল্পনায় ক্যারিয়ারের শুরুতে এদিনটার কথা আসেইনি, "আমি শুধু আমার দেশের হয়ে একটা ম্যাচ খেলারই স্বপ্ন দেখেছিলাম। অথচ কতো তাড়াতাড়িই না এতো বড় একটা অর্জন হয়ে গেল আমার।" এই অর্জনের পথে বাংলাদেশের দুই ওপেনারের বিশেষ করে তামিম ইকবালের ড্রাইভ খেলার ব্যর্থ চেষ্টাও তাকে সাহায্য করেছে, এটা স্টেইন স্বীকার করবেন না স্বাভাবিক। তবে জানিয়েছেন তামিমের খেলার ধরণ দেখে বেশ 'উৎসাহ' পাচ্ছিলেন। তবে কৃতিত্বটা নিজেই নিচ্ছেন, "এই কন্ডিশনে সঠিক জায়গায় বেশ গতিতে বল করে যাওয়াটাই আসল। আমরা ব্যাটসম্যানদের সেসব শট খেলতে বাধ্য করেছি, যেগুলো তাদের খেলা উচিত ছিল না।"
ওদিকে কোচ মিকি আর্থার প্রত্যাশিত অবস্থানে পৌঁছানোর সন্তোষ প্রকাশ করলেন এভাবে, "সকালে আমাদের লক্ষ্য ছিল ছয় শ' রান করার। আবার ছেলেরা বলছিল উইকেট স্লো ও লো হয়ে যাচ্ছে। স্ট্রোক খেলা কঠিন হয়ে যাচ্ছে। এখন তাতে আমাদের জন্য ভালোই হবে। প্রথম দিনটাই ব্যাটিংয়ের জন্য আদর্শ বলে মনে হয়েছে আমার। তাছাড়া যথেষ্ট রানও করে ফেলেছি আমরা। দুই দিনে চার শ' রান করা সহজই। কিন্তু আমরা চার শ' রান করেছি এক দিনে। এখন প্রতিপক্ষকে চেপে ধরার জন্য যথেষ্ট সময় আমরা পাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৫৯ঘ.
bdnews24