চট্টগ্রাম, ২৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ওয়ারিদ সিরিজে মুদ্রার এপিঠ-ওপিঠ, দুটোই দেখা হয়ে গেল বাংলাদেশের। ঢাকায় দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৭০ রানে অলআউট করে দিয়ে প্রথম ইনিংসের লিড নেওয়াটা যদি হয়ে থাকে মুদ্রার এপিঠ, তাহলে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা টাইগারদের দেখিয়েছে অন্যপিঠ। যে পিঠে তাদের জন্য চূড়ান্ত হতাশার দিনলিপি লেখার পাশাপাশি কিছু নতুন রেকর্ডের জন্মও দিয়েছেন গ্রায়েম স্মিথ (২২৩*) ও নিল ম্যাকেঞ্জি (১৬৯)। এই দুই ওপেনার বিনা উইকেটে দক্ষিণ আফ্রিকাকে ৪০৫ রানের পাহাড়ে চড়িয়েছেন। আর প্রথম দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে তো তাদের জন্য প্রেসবক্সে রীতিমতো প্রার্থনাই শুরু হয়ে গেল, "এখন যেন উইকেট না পড়ে।" চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ
তখন উইকেট পড়লে যে একটা বিশ্বরেকর্ড গড়া হয় না। এবং আরেকটা বিশ্বরেকর্ডেরও চৌকাঠে গিয়ে দাঁড়ানো হয় না স্মিথ-ম্যাকেঞ্জি জুটির। কোনো উইকেট না হারিয়েই একটা দলের চার শতাধিক রান তুলে দিন পার করে দেওয়ার ঘটনা এই প্রথম দেখলো টেস্ট ক্রিকেটের ১৩১ বছরের ইতিহাস। আবার ভিনু মানকড় এবং পঙ্কজ রায়দের ৫৩ বছরের পুরনো বিশ্বরেকর্ডও এখন হুমকির মুখে। ১৯৫৫-৫৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই দুই ভারতীয় ওপেনারের গড়া ৪১৩ রানের রেকর্ড ওপেনিং পার্টনারশিপটিকেও এখন স্মিথ-ম্যাকেঞ্জির ছাড়িয়ে যাওয়ার অপেক্ষা। দিনের শেষদিকে উইকেট পড়ে গেলে যে এমন দুটো বিশ্বরেকর্ডের কোনোটাই দেখা হত না। ইতিহাসের সাক্ষী হতে কে না চায়!
মোহাম্মদ আশরাফুলরা অবশ্যই চাননি। তবুও কিছু করার ছিল না। সারাদিনে কোনো উইকেট ফেলতে না পারার হতাশায় বিধ্বস্ত বাংলাদেশ শিবির সংবাদ সম্মেলনে পাঠালো শাহাদাত হোসেনকে। বোলাররাই তাদের কষ্টের কথাটা সবচেয়ে ভালো বলতে পারবেন বলেই হয়তো। ঢাকায় ম্যাচে ৯ উইকেট পাওয়ার পর এখানে তাকে ম্রিয়মান মনে হওয়ার কারণ এভাবেই ব্যাখ্যা করলেন এই ফাস্ট বোলার, "খুব কষ্টের একটা দিন গেল আমাদের। উইকেটে তো কিছু ছিলই না। তার ওপর ওরাও কোনো সুযোগ দেয়নি। উইকেট না পেলে বিশেষ করে একজন পেস বোলার মানসিকভাবে ভেঙ্গে পড়ে।"
বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামের ব্যাটিং উইকেটে মনের আনন্দে খেলা স্মিথ-ম্যাকেঞ্জিরা আরো অনেক কিছুই খড়-কুটোর মতো উড়িয়ে দিয়েছেন। কখনো কখনো তারা নিজেদেরও ছাড়িয়ে গেছেন। অনেকদিন পর দলে ফিরে জায়গা ধরে রাখা নিয়ে চাপে থাকা ম্যাকেঞ্জি যেমন তার তৃতীয় টেস্ট সেঞ্চুরিটিকে বানিয়েছেন ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস। আর তাকে সঙ্গে নিয়ে স্মিথ গড়েছেন ওপেনিং পার্টনারশিপের নতুন দক্ষিণ আফ্রিকান রেকর্ড। ২০০২-০৩ সালে কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে ৩৬৮ রানের এর আগের সর্বোচ্চ পার্টনারশিপটিতে হার্শেল গিবসের সঙ্গী ছিলেন স্মিথই। যে কোনো উইকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডটিও (২০০৩ সালে এই চট্টগ্রামেই বাংলাদেশের বিপক্ষে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৪২৯ রানের পার্টনারশিপ গড়েছিলেন জ্যাক রুডলফ ও বোটা ডিপেনার) এখন তাদের ধরাছোঁয়ার মধ্যেই।
তবে দক্ষিণ আফ্রিকাকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়ক হিসেবে হানসি ক্রনিয়েকে (৫৩ টেস্ট) এই ম্যাচেই ছাড়িয়ে যাওয়ার উপলক্ষটা বোধহয় এরচেয়ে ভালোভাবে উদযাপন করতে পারতেন না স্মিথ। ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরিই (বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়) শুধু করেননি, শুক্রবার চতুর্থ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলকও পেরিয়েছেন ২২৩ রানের অপরাজিত ইনিংসটা খেলার পথে। ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির অপেক্ষায় থাকা প্রোটিয়া অধিনায়কের ইনিংসটা এক কথায় ছিল নিঁখুত।
সুযোগ একটা অবশ্য দিয়েছিলেন ম্যাকেঞ্জি। ১৩১ রানে রিটার্ন ক্যাচ দিলেও নিজের বাম দিকে ঝাঁপিয়ে প্রানান্ত চেষ্টায়ও তা হাতে জমাতে পারেননি মোহাম্মদ রফিক। আর শাহাদাতের বলে কয়েকবার অনেক কষ্টেসৃষ্টে উইকেট আগলানো ছাড়া তিনিও নির্বিঘে
bdnews24