সিডনি, ২৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেট-সম্পর্কের ভেতরে আবার বিদ্বেষের আগুন! রোববার কমনওয়েলথ ব্যাংক সিরিজের ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে অ্যান্ড্রু সাইমন্ডসকে আউট করার পর ড্রেসিং রুমে ফিরে যাওয়ার ইঙ্গিত করেছিলেন ইশান্ত শর্মা। এ নিয়ে দু জনের মধ্যে তর্কাতর্কিও হয়েছিল। এই ঘটনায় উদ্বিগ্ন আইসিসি ইশান্তকে জরিমানা করার পাশাপাশি সতর্কও করে দিয়েছে দু দলকে।
এদিকে ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচেই আরেকটি বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন। তার উইকেট কিপিং গ্লাভসটিকে অবৈধ ঘোষণা করেছে আইসিসি। বৃদ্ধাঙ্গুলি আর তর্জনির মাঝে জোড়া দেয়া অংশটা অতিরিক্ত পুরু হওয়ার জন্যই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই ঘোষণা। অ্যাডাম গিলক্রিস্টের ব্যাট থেকে আসা ক্যাচ ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতার সঙ্গে ধরেছিলেন ধোনি। তখনই গ্লাভসের অস্বাভাবিকত্ব লক্ষ্য করেন টিভি ধারাভাষ্যকাররা। আইসিসি যত দ্রুত সম্ভব গ্লাভস জোড়া তাদের কাছে দেয়ার জন্য নির্দেশ দিয়েছে ধোনিকে। রোববার ম্যাচশেষের সংবাদ সম্মেলনে ধোনি অবশ্য জানিয়েছেন যে গ্লাভসের এই সমস্যা সম্পর্কে তিনি অবগত ছিলেন না। এবং আইসিসি চাইলে তাদের কাছে গ্লাভস ফেরত দিতেও তিনি রাজি। একটা ব্যাপারে অবশ্য ভারতের ওয়ানডে অধিনায়ক সৌভাগ্যবান। অবৈধ গ্লাভস ব্যবহার করলেও সেজন্য তাকে কোনো শাস্তি পেতে হচ্ছে না।
কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক শাস্তি এড়াতে পারেননি। রোববারের ম্যাচে 'স্লো ওভার রেট' বা ধীর গতিতে বল করানোর অপরাধে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে রিকি পন্টিংয়ের। ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত সময়ের পর দুই ওভার করানোয় অস্ট্রেলিয়া দলের বাকি সব সদস্যের ১০ শতাংশ ম্যাচ ফি কেটে নেয়া হয়েছে।
তবে ধোনি আর পন্টিংয়ের অপরাধের চেয়েও নিঃসন্দেহে অনেক বেশি আলোচিত ঘটনা সাইমন্ডসের সঙ্গে ইশান্ত শর্মার ঝামেলা। গত মাসের সিডনি-কান্ডের পর পন্টিং ও ভারতের টেস্ট অধিনায়ক অনিল কুম্বলে অঙ্গীকার করেছিলেন ক্রিকেটের স্পিরিট সমুন্নত রাখার, মাঠের মধ্যে ভদ্র আচরণ করার। এরপর দু দলের খেলোয়াড়দের মধ্যে ছোট-খাট বাদানুবাদ হলেও তা কখনোই সীমা ছাড়িয়ে যায়নি। কিন্তু এবারের ঘটনাটা মাত্রা ছাড়িয়ে গেছে বলে মনে হয়েছে আম্পায়ার এবং ম্যাচ রেফারির।
সাইমন্ডসের সঙ্গে ইশান্তের উত্তপ্ত এই বাক্য বিনিময়ে মাঠের দুই আম্পায়ার ড্যারিল হার্পার ও টনি হিল এবং তৃতীয় আম্পায়ার ব্র"স অক্সেনফোর্ড ভারতের পেসারকেই দোষী সাব্যস্ত করে রিপোর্ট দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কও আইসিসির আচরনবিধির 'লেভেল ওয়ান' ভাঙ্গার অপরাধে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছেন ইশান্তের। সেই সঙ্গে দু দলকে মাঠের আচরণ আরো ভালো করার নির্দেশ দিয়েছেন জেফ ক্রো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪৫ঘ.
bdnews24