ঢাকা, ২৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একজন তাকে জিজ্ঞেস করলেন, আরো চার-পাঁচ বছর নিশ্চয়ই আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন? হাসতে হাসতে মার্ক বাউচার জবাবটা দিলেন এরকম, "আরো সাত-আট বছরও তো খেলতে পারি।" রোববার অ্যাডাম গিলক্রিস্টকে (৪১৬) টপকে টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ডের মালিক তাহলে কোথায় গিয়ে পৌছাবেন, একবার অনুমান করুন তো? নিশ্চিত ততোদিনে এই রেকর্ড ভাঙ্গার কথাও কেউ আর ভাববেন না।
কিছুদিন আগেও অবশ্য এই রেকর্ডটির মালিক ছিলেন বাউচারই। দেশের মাটিতে ভারতের বিপক্ষে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সিরিজে এই দক্ষিণ আফ্রিকানকে টপকে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। অবসর নিয়ে ফেলায় এখন আর রেকর্ড হারানো নিয়েও কোনো ভয় নেই আর বাউচারের। এখন কেবলই নিজের রেকর্ডকে আরো ওপরে নিয়ে যাওয়ার পালা।
আর এই রেকর্ড গড়তে পারার জন্য নিজেকে বেশ সৌভাগ্যবনই মনে হচ্ছে তার, "অ্যাডাম গিলক্রিস্টের কাছ থেকে এই রেকর্ডটা আবার নিয়ে নেওয়া অবশ্যই দারুণ এক অনুভূতির ব্যাপার। তবে সৌভাগ্য যে আমি আমার দলের হয়ে দীর্ঘদিন খেলার সুযোগ পেয়েছি। আর যতো বেশিদিন খেলবেন আপনি সম্ভবত আরো বেশি রেকর্ড ভাঙ্গবেন।"
এই রেকর্ডের মালিকানায় পরিবর্তন আনা যে দুঃসাধ্য এক ব্যাপার হয়ে উঠবে, সেটাও জানাতে ভোলেননি বাউচার, "আর ঠিক কতোদিন খেলবো তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। তবে আশা করছি আরো সাত কিংবা আট বছর। তাহলে সম্ভবত এই রেকর্ড ভাঙ্গা খুব কঠিন হয়ে যাবে।"
বিশ্বরেকর্ড গড়ার পর অ্যাডাম গিলক্রিস্টকে এসএমএস পাঠিয়ে অভিনন্দন জানিয়েছিলেন বাউচার। এবার গিলিও তাকে ফিরতি বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন কিনা? এমন প্রশ্নে প্রশ্নকর্তার সঙ্গে হালকা রসিকতাও করলেন, "জানেন নিশ্চয়ই খেলার সময় ফোন ব্যবহার করা যায় না। এখনো ফোন চেক করে দেখা হয়নি। দেখতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.
bdnews24