সিডনি, ২৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবারের কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের আগের ৬ ইনিংসে তার সংগ্রহ ০, ৯, ৯, ২৫, ১০ ও ১১ অর্থাৎ সব মিলিয়ে ৬৪ রান। ব্যর্থতার বৃত্ত থেকে শেষ পর্যন্ত বেরিয়ে এলেন রিকি পন্টিং এবং তা দুর্দান্তভাবে। রোববার সিবি সিরিজে পন্টিংয়ের ১২৪ রানের দারুণ এক ইনিংস ভারতের বিপক্ষে ১৮ রানের জয় এনে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ইতিমধ্যেই ফাইনালে উঠে যাওয়া অস্ট্রেলিয়ার গড়া ৭ উইকেটে ৩১৭ রানের বিশাল সংগ্রহের পিছু ধাওয়া করা ভারত ৪৯.১ ওভারে ২৯৯ রানে অলআউট হয়ে গেছে। গৌতম গম্ভীর টুর্নামেন্টে তার দ্বিতীয় সেঞ্চুরি পেলেও তা ভারতের পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে শুধু। বিশ্রাম কাটিয়ে ফেরা ব্রেট লি নিয়েছেন ৫ উইকেট।
এই টুর্নামেন্ট শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অ্যাডাম গিলক্রিস্ট। প্রত্যেকটা ম্যাচই তার জন্য এক ধরণের বিদায় সম্বর্ধনার উপলক্ষ্য। রোববার সিডনি ক্রিকেট মাঠে এই গিলক্রিস্টের ব্যাটই অস্ট্রেলিয়ার বিশাল স্কোর গড়ার ইঙ্গিত দিয়েছে। 'গিলি' অবশ্য বেশি দূর যেতে পারেননি। ৭ বলে ৩টি বাউন্ডারিসহ ১৬ রান করে কট বিহাইন্ড হয়ে গেছেন। তবে শ্রীশান্তের মাধ্যমে ইনিংসের তৃতীয় ওভারেই ভারতের ব্রেক থ্রু পাওয়ার আনন্দ মিলিয়ে যেতেও সময় লাগেনি। কারণ দ্বিতীয় উইকেটে পন্টিং-হেইডেনের ১১০ রানের জুটি।
৬২ বলে ৫৪ রান করা হেইডেন রান আউট হলেও তা হতোদ্যম করতে পারেনি পন্টিংকে। প্রথমে মাইকেল ক্লার্কের (৩১) সঙ্গে ৬৫ ও পরে অ্যান্ড্রু সাইমন্ডসকে নিয়ে ১০০ রানের জুটি গড়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক। পন্টিংয়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েই বোধহয় জ্বলে উঠেছেন সাইমন্ডস। এই টুর্নামেন্টে আগের ৬ ইনিংসে অপরাজিত ৫, ১২, ১৪, ৪, ৩ ও ৪ রান করার ব্যর্থতাকে পেছনে ফেলে তিনি খেলেছেন ৪৯ বলে দুটি ছক্কা ও ৬টি বাউন্ডারিতে গড়া ৫৯ রানের এক আক্রমণাত্মক ইনিংস।
ইশান্ত শর্মা সাইমন্ডসকে বোল্ড করলেও অস্ট্রেলিয়ার রানের চাকা কিন্তু থেমে যায়নি। কারণ পন্টিংয়ের অধিনায়কোচিত ইনিংস। ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ১৩২ বলে ১২৪ রান করা পন্টিংকে ফিরিয়েছেন শ্রীশান্ত। কিন্তু ততক্ষণে তিন শ' পেরিয়ে গেছে অস্ট্রেলিয়ার সংগ্রহ। এটা পন্টিংয়ের ২৬তম ওয়ানডে সেঞ্চুরি। সনাৎ জয়াসুরিয়াকে পেছনে ফেলে তিনিই এখন ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। দুর্দান্ত ইনিংসটা দিয়ে পঞ্চম ব্যাটসম্যান হিসাবে ওয়ানডেতে ১১ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন পন্টিং।
৩১৮ রান কখনোই সহজ লক্ষ্য নয়। ভারতের জন্য সেটাকে আরো কঠিন বানিয়ে দিয়েছেন ব্রেট লি, ইনিংসের পঞ্চম বলেই শচীন টেন্ডুলকারকে (২) এলবিডব্লুর ফাঁদে ফেলে। অন্য ওপেনার বীরেন্দর শেবাগও বেশি দূর যেতে পারেননি। ১৮ রান করে স্টুয়ার্ট ক্লার্কের বলে কট বিহাইন্ড হয়েছেন তিনি। এই স্টুয়ার্ট ক্লার্কই শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে ৭৬ রান করা যুবরাজকে ফিরিয়ে ভারতকে পরিণত করেন ৪ উইকেটে ৫১ রানে। কারণ নাথান ব্র্যাকেনের করা তার ঠিক আগের ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন রোহিত শর্মা (১)।
একাদশ ওভারেই ৪ উইকেট হারিয়ে ফেলা ভারত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল গম্ভীর আর অধিনায়ক মহেন্দ্র ধোনির মাধ্যমে। তবে পঞ্চম উইকেটে দুজনে ৯৮ রান যোগ করলেও সেজন্য খেলতে হয়েছে ২০ ওভার ১ বল। রানের গতি প্রয়োজন অনুযায়ী দ্রুত না হওয়ার জন্য ধোনির দায়ই বেশি। ৬৬ বলে ৩৬ রান করে ভারত অধিনায়ক অনেকখানি পিছিয়ে দিয়েছেন দলকে। ৩১তম ওভারে লি ধোনিকে গিলক্রিস্টের ক্যাচ বানানোর সময় ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ১৫৯।
ধোনির বিদায়ের পরই রানের গতি বেড়ে গেছে ভারতের। রবিন উথাপ্পাকে সঙ্গে নিয়ে ৮.৪ ওভারে ৬৭ রান যোগ করা গম্ভীরই দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছেন আবার। গম্ভীরের ১১৯ বলে খেলা ১১৩ রানের ইনিংসটা সাজানো ছিল ৯ বাউন্ডারি ও এক ছক্কায়। ব্র্যাড হগের বলে তিনি স্টাম্পড হওয়ার পর ইরফান পাঠানকে (২১ বলে ২২) নিয়ে চেষ্টা অব্যাহত রাখেন উথাপ্পা। পাঠান আউট হলেও দমে যাননি তিনি।
শেষ ৫ ওভারে প্রয়োজন ছিল ৬০ রান। স্টুয়ার্ট ক্লার্কের করা ৪৬তম ওভারে ১৮ রান তুলে জয়ের লক্ষ্যকে ৪ ওভারে ৪২ রানে নিয়ে আসেন উথাপ্পা ও হরভজন। ব্র্যাকেনের করা পরের ওভারে অবশ্য ৮ রানের বেশি ভারত পায়নি। সেই ফাঁকেই ৪৩ বলে ফিফটিতে পৌঁছে যান উথাপ্পা। তবে ঐ পর্যন্তই, জয় আর ধরা দেয়নি 'টিম ইন্ডিয়া'র কাছে। কারণ ব্রেট লি' চাতুর্যপূর্ণ বোলিং। ৪৮তম ওভারে এই সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলারকে বাউন্ডারি হাঁকিয়ে হরভজন ভারতের জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু তার পরের বলে 'স্লোয়ার' দিয়ে ব্রেট লি বিভ্রান্ত করে দেন 'ভাজ্জি'কে। আকাশে উঠে যাওয়া ক্যাচটা ধরতে একটুও সমস্যা হয়নি গিলক্রিস্টের। ১১ বলে ২০ রান করে হরভজন আউট হওয়ার পরের বলটি মিড উইকেটের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে মাইক হাসির হাতে ধরা পড়েন উথাপ্পা। ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৪৬ বলে ৫১ রান করা উথাপ্পার বিদায়ের সঙ্গে সঙ্গেই আসলে শেষ হয়ে গেছে ম্যাচ। ইশান্ত শর্মাকে (২) বোল্ড করে ম্যাচ আনুষ্ঠানিকভাবে শেষ করে দেয়ার পাশাপাশি ৫ উইকেটও পূর্ণ করেছেন লি। ম্যান অব দ্য ম্যাচ অবশ্য তিনি নন, দুর্দান্ত এক সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহের ভিত গড়ে দেয়া পন্টিং।
হেরে গেলেও ফাইনালে ওঠার আশা এখনো ভালোমতোই টিকে আছে ভারতের। ৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে শ্রীলঙ্কা। মঙ্গলবার শ্রীলঙ্কানদের হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের। এমনকি ঐ ম্যাচে হারলেও ফাইনালে যেতে পারে 'টিম ইন্ডিয়া'। তবে সেক্ষেত্রে আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার (৭ ম্যাচে ২৬ পয়েন্ট) কাছে হারতে হবে শ্রীলঙ্কাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯০০ঘ.
bdnews24