ঢাকা, ২৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যাচশেষে স্কোরকার্ড দেখে একটু বিভ্রান্তি আসতে পারে যে কারো মনে! বাংলাদেশ কী ম্যাচটা দক্ষিণ আফ্রিকার কাছে হারলো, নাকি প্রোটিয়া অধিনায়ক ওয়েইন পারনেলের কাছে? রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সোহরাওয়ার্দী শুভর দলকে যে বলতে গেলে একাই শেষ করে দিলেন পারনেল। প্রথমে দলের দুঃসময়ে ৬০ বলে ৫৭ রানের অধিনায়কোচিত ইনিংস। তারপর ৫ ওভার বল করে ৮ রানের বিনিময়ে ৬ উইকেট। পারনেলের অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সই ২০১ রানের বিশাল পরাজয়ের লজ্জায় ডুবিয়েছে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার ৮ উইকেটে করা ২৪২ রানের জবাবে বাংলাদেশ ১১.৪ ওভারে মাত্র ৪১ রানেই অলআউট হয়ে গেছে।
টস হেরে ব্যাট করতে নেমে জোনাথন ভ্যান্ডিয়ারের ৪৫ রান সত্ত্বেও ১৪১ রানে ৬ উইকেট হারিয়ে এক সময় বেশ বিপদেই পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে প্রোটিয়াদের টেনে তুলেছে পারনেলের ৮টি বাউন্ডারি সমৃদ্ধ ইনিংসটি। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন ও শুভাশিস রায়।
জবাব দিতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে যায় বাংলাদেশের তরুণরা। দুই ওপেনার আশরাফুল হোসেন ও সৈকত আলী কোনো রানই করতে পারেননি। মিঠুন আলী, মাহমুদুল হাসান ও আশিকুল ইসলামও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন। দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন মাত্র একজন, ১৭ রান করা নাসির হোসেন। বাঁহাতি পেসার পারনেল রীতিমতো ত্রাস হিসাবে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে। ৮ রানে ২ উইকেট নিয়ে তাকে যোগ্য দিয়েছেন আরেক বাঁহাতি পেসার আব্রাহাম পিয়েনার। আর তাই ১২ ওভারও ব্যাট করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং-বোলিং দু বিভাগেই দুর্দান্ত নৈপুণ্যের জন্য পারনেলই যে ম্যাচের সেরা, তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৪২০ঘ.
bdnews24