ঢাকা, ১৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অন্যান্য দলগুলোর সঙ্গে তুলনা করলে ছোট দলের কাছে হেরে যাওয়ার মতো দুর্ঘটনার শিকার তারা হয়েছে কমই। এর কারণ ছোট দলগুলোর বিপক্ষেও দক্ষিণ আফ্রিকা ম্যাচের রাশ কখনো আলগা হতে দেয় না। অথচ এই দলটাই গত বছর ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে সুপার এইট ম্যাচে বাংলাদেশের কাছে হারের তিক্ত স্বাদই শুধু নেয়নি, আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়ে ফেলেছিল। অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে'তে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার সংকল্প নিয়েই এদেশে পা রাখবে গ্রায়েম স্মিথের দল। বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইট তাদেরকে নিয়ে আসছে ঢাকায়।
এক মাসের সফরে দক্ষিণ আফ্রিকা দুই টেস্ট এবং তিন ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশের সঙ্গে। ২২ ফেব্র"য়ারি থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট। তার আগে ১৭-১৯ ফেব্র"য়ারি গ্রায়েম স্মিথরা নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে তিন দিনের ওয়ার্ম আপ ম্যাচও খেলবেন। ২৯ ফেব্র"য়ারি থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্ট। ৭ মার্চ সেখানেই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলে ঢাকায় ফিরবে দুই দল। ৯ ও ১২ মার্চ শেষ দুটো ওয়ানডে হবে মিরপুরে।
ওয়ানডেতে তবু বাংলাদেশের গর্ব করে বলার মতো ঘটনা আছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। গত বছর ৭ এপ্রিল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং এবং তিন বাঁ হাতি স্পিনারের কীর্তিতে প্রোটিয়াদের ৬৭ রানে হারালেও তাদের বিপক্ষে টাইগারদের টেস্ট স্মৃতি ভুলে যাওয়ার মতোই। টেস্ট আঙ্গিনায় পা রাখার পর থেকে বাংলাদেশ এ পর্যন্ত চারটি টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। সব কটি ম্যাচেই ইনিংসের ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে।
তবে বাংলাদেশ সফর শুরু করার আগেই একটা ধাক্কা খেতে হয়েছে প্রোটিয়াদের। প্রথমে দলে রাখা হলেও অসুস্থতার জন্য বাদ দেয়া হয়েছে বাঁহাতি স্পিনার পল হ্যারিসকে। তার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনার রবিন পিটারসন।
বাংলাদেশ সফরের দক্ষিণ আফ্রিকা দল : গ্রায়েম স্মিথ (অধিনায়ক), অ্যাশওয়েল প্রিন্স, হাশিম আমলা, জোহান বোথা, মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, রবিন পিটারসন, জ্যাক ক্যালিস, নিল ম্যাকেঞ্জি, মর্নে মরকেল, আন্দ্রে নেল, মাখায়া এনটিনি এবং ডেল স্টেইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯১৬ঘ.
bdnews24