ঢাকা, ১২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অস্ট্রেলিয়া থেকে শুধু ওয়ানডে সিরিজ খেলেই ফিরতে হয় কিনা, গাজী আশরাফ লিপুর এমন আশঙ্কাই সত্যি হয়েছে শেষপর্যন্ত। এবছর অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলা হচ্ছে না বাংলাদেশের। বেইজিং অলিম্পিকের জন্য সেদেশের টেলিভিশন চ্যানেলগুলোর ঠাসা সূচীর কারণে দুই টেস্টের সিরিজ আয়োজনে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অপারগতা জানিয়ে আসছিল শুরু থেকেই। তবে টেস্ট খেলতে আগামী বছর তারা টাইগারদের আবারো আতিথ্য দেবে বলে নিশ্চিত করাতেই এবছর আগস্ট-সেপ্টেম্বরে শুধু ওয়ানডে খেলে ফিরতে সম্মত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান লিপু।
সিএ-এর সঙ্গে বেশ কয়েক দফা চিঠি চালাচালির পরও তাদের এবার টেস্ট আয়োজনে রাজী করাতে না পারার কারণ লিপু ব্যাখ্যা করলেন এভাবে, "বেইজিং অলিম্পিক নাকি ওই সময়টায় সেখানকার টিভি চ্যানেলগুলোর শিডিউল দখল করে রেখেছে। এটাকেই এবার টেস্ট সিরিজ আয়োজন না করার মূল কারণ বলে দেখাচ্ছিল সিএ।" আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামে (এফটিপি) টেস্ট সিরিজ থাকা সত্ত্বেও সিএ-কে বিসিবির ছাড় দেওয়ার কারণ, "ওরা আগামী বছর টেস্ট সিরিজ খেলবে বলে নিশ্চিত করেছে। সময়টা আগস্ট-সেপ্টেম্বরই হওয়ার কথা।" টেস্ট সিরিজ না থাকলেও সিএ-এর কাছ থেকে কিছু বাড়তি ম্যাচও ঠিক আদায় করে নিয়েছে বিসিবি। লিপু সেরকমই জানালেন, "ওয়ানডে সিরিজের পাশাপাশি আমরা তিন তিনটা একদিনের ওয়ার্ম আপ ম্যাচ পাচ্ছি। সেই সঙ্গে একটা চারদিনের ওয়ার্ম আপ ম্যাচও থাকছে এবারের সফরে।"
চলতি বছর অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ম্যাচগুলোর ভেন্যুর আন্তর্জাতিক অভিষেকের সঙ্গে অবশ্য জড়িয়ে আছে বাংলাদেশের নামও। ২০০৩ এর সফরে ডারউইনের মারারা ওভালের অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট দিয়েই। এবছর ৩১ আগস্ট, ৩ ও ৬ সেপ্টেম্বর ওয়ানডে ম্যাচ তিনটি হবে সেখানেই। বছরের এসময়টায় ক্রিকেট ম্যাচ আয়োজনে নর্দার্ন টেরিটরির এই শহরটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে উপযুক্ত স্থান বলে স্বীকৃত। কারণ দক্ষিণের রাজ্যগুলোতে এই সময়ে ব্যাপক বৃষ্টিপাত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮১৫ঘ.
bdnews24