২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত এখন শীর্ষে

আগের ম্যাচে শ্রীলঙ্কাকে দাঁড়াতেই দেয়নি অস্ট্রেলিয়া, জিতেছিল ১২৮ রানের বিশাল ব্যবধানে। ঠিক তার পরের ম্যাচেই বিশ্ববিজয়ীরা ভূ-পতিত! রোববার কমনওয়েলথ ব্যাংক সিরিজের চতুর্থ ম্যাচে ভারতের কাছে অস্ট্রেলিয়ার ৫ উইকেটের পরাজয়ের প্রধান কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। ভারতীয় পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ৪৩ দশমিক ১ ওভারে মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে যায় রিকি পন্টিংয়ের দল। জবাব দিতে নেমে ইনিংসের মাঝামাঝি কিছুটা হোঁচট খেলেও জয় পেতে সমস্যা হয়নি 'টিম ইন্ডিয়া'র। শচীন টেন্ডুলকারের ৪৪ এর সঙ্গে তরুণ রোহিত শর্মার অপরাজিত ৩৯ রান ২৫ বল আগেই লক্ষ্যে পৌঁছে দেয় ভারতকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

মেলবোর্ন, ১০ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের ম্যাচে শ্রীলঙ্কাকে দাঁড়াতেই দেয়নি অস্ট্রেলিয়া, জিতেছিল ১২৮ রানের বিশাল ব্যবধানে। ঠিক তার পরের ম্যাচেই বিশ্ববিজয়ীরা ভূ-পতিত! রোববার কমনওয়েলথ ব্যাংক সিরিজের চতুর্থ ম্যাচে ভারতের কাছে অস্ট্রেলিয়ার ৫ উইকেটের পরাজয়ের প্রধান কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। ভারতীয় পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ৪৩ দশমিক ১ ওভারে মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে যায় রিকি পন্টিংয়ের দল। জবাব দিতে নেমে ইনিংসের মাঝামাঝি কিছুটা হোঁচট খেলেও জয় পেতে সমস্যা হয়নি 'টিম ইন্ডিয়া'র। শচীন টেন্ডুলকারের ৪৪ এর সঙ্গে তরুণ রোহিত শর্মার অপরাজিত ৩৯ রান ২৫ বল আগেই লক্ষ্যে পৌঁছে দেয় ভারতকে। বিশ্ব চ্যাম্পিয়নদের হতবাক করে দেয়া ভারতের এই জয়ের প্রধান স্থপতি ইশান্ত শর্মা। ১৯ বছর বয়সী দিল্লীর এই ফাস্ট মিডিয়াম বোলার টেস্ট সিরিজে ভালই ভুগিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। রোববার আবারও তিনি স্বাগতিকদের হন্তারক। শুরুটা অবশ্য শ্রীশান্তের। ইনিংসের তৃতীয় বলেই শ্রীশান্ত 'ডেঞ্জারম্যান' অ্যাডাম গিলক্রিস্টকে এলবিডব্লুর ফাঁদে ফেলে দলকে ব্রেক থ্রু এনে দেয়ার পর জ্বলে ওঠেন ইশান্ত। ২১ বলে ২৫ রান করা ম্যাথু হেইডেনকে প্রথমে কট বিহাইন্ড করেন তিনি। পন্টিং এবং অস্ট্রেলীয় ব্যাটিং লাইন আপের আরেক ভরসা অ্যান্ড্রু সাইমন্ডসও তার শিকার। ইশান্তের সঙ্গে শ্রীশান্ত এবং ইরফান পাঠানও জ্বলে ওঠায় ৯২ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। সপ্তম উইকেটে ব্রেট লির (১০) সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে মাইক হাসি দলকে বড় ধরণের লজ্জার হাত থেকে বাঁচালেও সম্মানজনক জায়গায় পৌঁছে দিতে পারেননি। তার পরও যে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৫৯ রান, তার পেছনে সবচেয়ে বড় অবদান হাসিরই। তার ৮৮ বলে অপরাজিত ৬৫ রানের লড়াকু ইনিংসটির সৌজন্যেই দেড় শ' পেরিয়েছে স্বাগতিকরা। ৩৮ রানে ৪ উইকেট নিয়েছেন ইশান্ত। শ্রীশান্তের ৩ ও ইরফানের শিকার ২ উইকেট। ৫০ ওভারে ১৬০ রানের লক্ষ্য। অর্থাৎ ওভার প্রতি চাহিদা ৩ এর সামান্য বেশি। কিন্তু আপাত সহজ এই লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত শুরুটা ভালো করতে পারেনি। চতুর্থ ওভারেই বীরেন্দর শেবাগ (১১) ব্র্যাকেনের বলে এলবিডব্লু। তিন নম্বরে নামা পাঠানও (১৮) এলবিডব্লু, তবে তার উইকেটটা জনসনের। ওয়ানডের সফলতম ব্যাটসম্যান টেন্ডুলকারের ব্যাট অবশ্য শুরু থেকেই ঔজ্জ্বল্য ছড়াচ্ছিল মেলবোর্ন ক্রিকেট মাঠে। ৫৩ বলে ৩টি বাউন্ডারি সহ ৪৪ রান করে বড় কিছু করারও ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু ৫৪তম বলটি জনসনকে তুলে মারতে গিয়ে ব্রেট লির হাতে ধরা পড়লেন 'লিটল জিনিয়াস'। টেন্ডুলকারের বিদায়ের কিছুক্ষণ আগে-পরে গৌতম গম্ভীর (২০) ও যুবরাজ সিংয়ের (৩) আউট ভারতকে এক সময়ে পরিণত করে ৫ উইকেটে ১০২ রানে। তবে রোহিত শর্মা ও অধিনায়ক মহেন্দ্র ধোনির দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ের সুবাদে তীরে এসে তরী ডোবেনি ভারতের। দুজনে ধীরে-সুস্থে খেলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে পৌঁছে দিয়েছেন লক্ষ্যে। রোহিত ৩৯ ও ধোনি ১৭ রানে অপরাজিত ছিলেন। তবে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপকে গুঁড়িয়ে দেয়ার পুরস্কার হিসাবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইশান্ত শর্মা। এই জয় দিয়ে ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজে ৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ভারত এখন সবার ওপরে। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পরেই অস্ট্রেলিয়া। সবার নিচে থাকা শ্রীলঙ্কার ২ ম্যাচ থেকে সংগ্রহ ২ পয়েন্ট। মঙ্গলবার টুর্নামেন্টের পরের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ক্যানবেরায় অনুষ্ঠেয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪৫ঘ.