মেলবোর্ন, ৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ ডটকম/রয়টার্স)-- কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজে আবার ভারতের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ জেতার পর টোয়েন্টি টোয়েন্টিতেও ভারতকে যাচ্ছেতাইভাবে হারানো অস্ট্রেলিয়া মেলবোর্নের এ ম্যাচে বেশ সমীহ করছে! সাবধানে পথ চলাই শ্রেয় মনে করছে রিকি পন্টিংয়ের দল। নইলে আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ১২৮ রানে হারানোর পর তাদের তো অন্য সুরে কথা বলার কথা।
শুক্রবার ব্রিসবেনে শ্রীলঙ্কানদের মাত্র ১২৫ রানে গুটিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। তার আগে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে ভারতকেও খুব স্বস্তি দেয়নি তাদের বোলাররা। সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচের আগে বিশ্বচ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস তাই তুঙ্গে। শনিবার ব্রেট লি'র কথায় অবশ্য তার কোনো রেশ ছিল না। বরং ম্যাকগ্রা-গিলেস্পিদের বিদায়ের পর থেকে অস্ট্রেলিয়ার বোলিংকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলা এই ফাস্ট বোলার বললেন রোববারের ম্যাচ জিতলেই আত্মবিশ্বাসে বলীয়ান হবে অস্ট্রেলিয়া," আগামীকাল (রোববার) আমাদের খুব বড় ম্যাচ। ভারত খুব শক্ত প্রতিপক্ষ। এখানে ভালো খেলে জিততে পারলে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা আকাশসম আত্মবিশ্বাস পাবো।"
ভারতের ওপেনার বীরেন্দর শেবাগ ব্রিসবেনে শ্রীলঙ্কার পারফরম্যান্সের সঙ্গে তাদের না মেলানোর যুক্তি দেখিয়ে বললেন," ব্রিসবেনে ওরা (শ্রীলঙ্কা) প্র্যাকটিসের অভাবজনিত সমস্যায় ভুগেছে। অন্যদিকে চারদিন নেট প্র্যাকটিসের সুযোগ পাওয়ায় আমরা ক্রমাগত উন্নতি করছি।"
প্র্যাকটিসের উন্নতি ম্যাচে অনুদিত হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় আশা করতেই পারে ভারত। সে আশায় এ ম্যাচে আগের দলই রাখার কথা তাদের। ইনজুরি এবং খুব বাজে ফর্মের সঙ্গে লড়াইরত যুবরাজ সিং সম্ভবত ফর্মে ফেরার আরেকটা সুযোগ পাচ্ছেন। ওদিকে পেসার শ্রীশান্ত ভুগছেন জ্বরে। ম্যাচের আগে সেরে না উঠলে তার জায়গায় দলে আসতে পারেন স্পিনার পিযূষ চাওলা।
বিডিনিউজ ডটকম/এসি/২১০৪ ঘ.
bdnews24