ঢাকা, ৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যুব বিশ্বকাপগামী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বেশিরভাগ ক্রিকেটারই নাকি স্কুল ক্রিকেটের আবিষ্কার। তারা কারা? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্টের সঙ্গে অনেকদিনের সম্পৃক্ততায় নামগুলো চট করেই বলতে পারার কথা কার্লটন বার্নানডাসের। কিন্তু তিনি পারলেন না। সংবাদ সম্মেলনের মঞ্চে বসা এই শ্রীলঙ্কান ল্যাপটপে অনেক খোঁজাখুজি করে কয়েকটা নাম বলতে পারলেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগারস ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট নিয়মিত হয়ে আসলেও এখান থেকে প্রতিভা বাছাইয়ের কাজ নিবিড়ভাবে না হওয়ার বিষয়টা এক পর্যায়ে স্বীকারও করে নিলেন বিসিবি কর্মকর্তারা। সঙ্গে প্রতিশ্র"তিও দিলেন, ৯ ফেব্র"য়ারি থেকে শুরু এবারের আসরে সেটা সুচারুভাবে করার চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না তাদের।
স্কুল ক্রিকেটের গত আসরের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনও বলা হয়েছিল, সেরা দশ ক্রিকেটারকে বেছে দেবে বিসিবি। এবং তাদের বৃত্তি দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এক বছরেও সেটার বাস্তবায়ন না হওয়ার ব্যাখ্যায় বুধবার এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স শাহ মাসুদ ইমাম বললেন, "আমরা বলেছিলাম বিসিবি আমাদের এমন কোনো প্রস্তাব দিলে বিবেচনা করে দেখবো। কিন্তু তেমন কোনো প্রস্তাব এখনো পাইনি।" পাবেন কিভাবে? প্রতিভা বাছাইয়ের ব্যবস্থাই যে নেই কোনো! গেম ডেভলপমেন্টের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ এবার তেমন ব্যবস্থা থাকছে বলেই জানালেন,"আগে আমাদের স্কুল ক্রিকেটটা মনিটরিং করা হতো না খুব একটা। এখন থেকে হবে। এজন্য প্রতিটা জেলায় কোচ নিয়োগের প্রস্তাবও আমরা দিচ্ছি আজকের বোর্ড সভায়। এবার নিশ্চয়ই সেরা ক্রিকেটারদের বেছে নিয়ে আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে বৃত্তি দিতে অনুরোধ করবো। ভালোভাবে মনিটর করার জন্য এবার স্কুলের সংখ্যাও কমিয়ে এনেছি আমরা।"
গত আসরে ৮৫২টি স্কুল অংশ নিলেও এবার সেটা তাই নেমে আসছে ৪৬০টিতে। ৬৪ জেলার ৭০টি ভেন্যুতে মোট ৯৬৯ ম্যাচ হবে। ঢাকা মেট্রোসহ মোট সাতটি বিভাগীয় চ্যাম্পিয়নও নির্ধারণ করা হবে এবারের আসর থেকে। এই আসর দিয়েই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে বিসিবির তিন বছরের চুক্তির মেয়াদ ফুরোচ্ছে। চুক্তি অনুযায়ী প্রথম দুই বছর ৪০ ও ৫০ লাখের পর এবার ব্যাংকটি বিসিবিকে দিচ্ছে ৬০ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩০ঘ.
bdnews24