২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সুমনের এখনো অনেক কিছু দেওয়ার আছে'

ক্রিকেটারদের দলবদলের শেষ দিনটা একদম নিরুত্তাপই কাটছিল। পুরোপুরি উত্তাপহীন বলা যাচ্ছে না একেবারে শেষমুহূর্তে ব্যান্ড পার্টি নিয়ে সূর্যতরুণের আগমনে। তিন বছর পর প্রিমিয়ারে ফেরা দলটির সংগ্রহ 'একেবারে মন্দ' নয় বলছেন অনেকেই। 'ভালো' বলা হচ্ছে না বোধহয় হাবিবুল বাশার ও খালেদ মাসুদরা তাদের সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন বলেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 04:43 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ক্রিকেটারদের দলবদলের শেষ দিনটা একদম নিরুত্তাপই কাটছিল। পুরোপুরি উত্তাপহীন বলা যাচ্ছে না একেবারে শেষমুহূর্তে ব্যান্ড পার্টি নিয়ে সূর্যতরুণের আগমনে। তিন বছর পর প্রিমিয়ারে ফেরা দলটির সংগ্রহ 'একেবারে মন্দ' নয় বলছেন অনেকেই। 'ভালো' বলা হচ্ছে না বোধহয় হাবিবুল বাশার ও খালেদ মাসুদরা তাদের সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন বলেই। কিন্তু সুর্যতরুণে নাম লেখানোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে আসা হাবিবুল তাকে নিয়ে চলতি ধারণাকে মিথ্যে প্রমাণের ঘোষণাই দিলেন একরকম, "সুমনের (হাবিবুলের ডাকনাম) এখনো অনেক কিছু দেওয়ার আছে।" হাবিবুল এবং মাসুদের সঙ্গে পেসার মোহাম্মদ শরীফকে নিয়ে পুলের কোটা পূরণ করা সুর্যতরুণকে এবার প্রিমিয়ার লিগের সেরা তিনটি দলের একটি হওয়ার মতোই মনে করছেন বাংলাদেশ দলের সফলতম অধিনায়ক। অবশ্য এটাও স্বীকার করেছেন, "এবার আমি মনমতো দল পাচ্ছিলাম না।" এজন্য পুলপ্রথাকেও দায়ী করলেন, "জাতীয় দলে খেলাটা তো কোনো ক্রিকেটারের অপরাধ নয়। অথচ পুলের কারণে এবার অনেকেরই দল পেতে সমস্যা হয়েছে। ক্রিকেটের জন্য এটা খুব ভালো বিষয় নয়।" আর বেশ কয়েক বছর মোহামেডানে কাটানো হাবিবুল এবার তার আগের ঠিকানা বদলানোর কারণ ব্যাখ্যা করলেন এভাবে, "আমি নিজেও এবার মোহামেডান ছাড়তে চাইছিলাম। ওখানে খেলাটা আর সেভাবে উপভোগ করতে পারছিলাম না।" হাবিবুলের মতো মাসুদও ছেড়ে এসেছেন আবাহনী, "এবারো দল গড়ে দিতে আবাহনীর সঙ্গে বসেছিলাম। বসে বুঝলাম এবার তাদের বাজেট খুব বেশি নয়। সুর্যতরুণে আসার কারণ গত কয়েক বছর ধরেই ক্লাবটির মাঠে আমার নিত্য যাওয়া-আসা। আমার বাসার কাছেই ওদের মাঠ। প্রস্তাব পেয়ে তাই রাজী হয়ে যাই।" তবে মোহাম্মদ রফিকের অবস্থা তা নয়। আবাহনীর প্রস্তাবে রাজী না হলে এবার দল পেতেন কিনা সন্দেহ আছে। মঙ্গলবার শেষদিনে সই করতে এসে অনেক কমে রাজী হওয়ার বিষয়টা গোপনই করতে চাইলেন দেশসেরা এই স্পিনার,"আসলে এবার ক্রিকেটাররা আগের মতো টাকা পাচ্ছে না। সেই হিসাবে যা পাচ্ছি তাতে আমি খুশী।" ২০ বছরের ক্যারিয়ারে এই প্রথমবারের মতো আবাহনীতে যোগ দেওয়া রফিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজের পর আন্তুর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা এদিন আবার দিলেন। জানালেন, ঘরোয়া ক্রিকেটটা আরো বছরদুয়েক খেলতে চান। দলবদলের শেষদিনে কলাবাগানে সই করে গেছেন জাতীয় দলের বাঁ হাতি পেসার সৈয়দ রাসেল। পুরনো দল বিমান নাকি এবার তার সঙ্গে কোনো যোগাযোগই করেনি। তাও ভালো যে শেষমুহূর্তে দল পেলেন তিনি। তাতে করে পুলের ২১ জন ক্রিকেটারেরই ঠিকানা হয়ে গেল। তাদের কারো দল না পাওয়ার হতাশার কথা লিখতে হচ্ছে না, এই দুর্মূল্যের বাজারে এটাই একটা ইতিবাচক দিক! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২০ঘ.