ঢাকা, ৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অনেক বিষয় নিষ্পত্তির জন্য বুধবার সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কার্যনির্বাহী কমিটি। এতে নিম্বাস ইস্যু নিয়ে আলোচনা যেমন হবে তেমনি বিসিবির নতুন প্রধান নির্বাহীর নিয়োগও চূড়ান্ত হতে পারে। চূড়ান্ত হবে বাংলাদেশ দলের টিম অপারেশন্স ম্যানেজারের নিয়োগও। এসবের সঙ্গে বিসিবি একাডেমীর কোচ হিসেবে শ্রীলঙ্কার দুই সাবেক ক্রিকেটার রুয়ান কালপাগে ও চম্পকা রামানায়েকেদের নেওয়ার সিদ্ধান্তও অনুমোদন পাওয়ার কথা। এছাড়া আরো অনেক বিষয়ও আছে আলোচ্যসূচীতে।
নিম্বাসের সঙ্গে বিসিবির দর কষাকষি কমিটির প্রধান আব্দুল মোমেন জানালেন, "আমরা যেসব প্রস্তাব দিয়েছিলাম তার কিছু ওরা (নিম্বাস) বিবেচনা করেছে। আবার কিছু করেওনি। কাল (বুধবার) বোর্ড মিটিংয়ে আমি এগুলো তুলবো। গুড অর ব্যাড একটা কিছু মিটিংয়ের পরই শুনবেন আপনারা। আশা করছি ভালো কিছুই শুনবেন।"
প্রধান নির্বাহী হিসেবে মাহমুদুর রহমানের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে এ মাসেই। সেটা যে আর নবায়ন হচ্ছে না জানিয়ে দেওয়া হয়েছিল আগেই। নতুন প্রধান নির্বাহী চেয়ে দেওয়া বিজ্ঞাপনে সাড়া দিয়ে অনেকেই আবেদন করেছিলেন। সাক্ষাৎকার নিয়ে তাদের মধ্য থেকে তিনজনের একটা শর্ট লিস্টও করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ডের একটি সূত্র।
আর টিম অপারেশন্স ম্যানেজার হিসেবে তিনজন আবেদন করেছিলেন। এদের মধ্যে একজনকে বিসিবি কর্মকর্তারাই সেভাবে চেনেন না। বাকী দুই জনের মধ্যে সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনের প্রতিই আগ্রহ বেশি ছিল বিসিবির। কিন্তু তিনি সাক্ষাৎকার দিতে না আসায় একই সঙ্গে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার শফিকুল হক হীরার টিম অপারেশন্স পদে নিয়োগ পাওয়া একরকম নিশ্চিতই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২২৩ঘ.
bdnews24