২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাপমুক্ত হয়ে খেলতে আবাহনীতে শাহরিয়ার নাফীস

কাকতালীয় ঘটনাই বলতে হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার বিপক্ষে আবাহনীর দ্বিতীয় গোলটা করে জাহিদ হোসেন এমিলি প্রতীতি ফার্মা বিজয় দিবস ফুটবলে নিজ দলের সেমিফাইনাল নিশ্চিত করলেন। আর ঠিক সেই মুহূর্তটিতেই নয়জন ক্রিকেটারকে নিয়ে ঘর গোছাতে দলবদল কক্ষে ঢুকলেন আবাহনীর কর্মকর্তারা। এদের মধ্যে সবচেয়ে বড় তারকা এর আগের তিন বছর সিটি ক্লাবে কাটানো শাহরিয়ার নাফীস। ছোটবেলা থেকেই মোহামেডান সমর্থক বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল যেমন এবার তার প্রিয় দলে নাম লিখিয়েছেন তেমনি নাফীসও যোগ দিলেন তার 'অলটাইম ফেভারিট' আবাহনীতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 05:14 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কাকতালীয় ঘটনাই বলতে হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার বিপক্ষে আবাহনীর দ্বিতীয় গোলটা করে জাহিদ হোসেন এমিলি প্রতীতি ফার্মা বিজয় দিবস ফুটবলে নিজ দলের সেমিফাইনাল নিশ্চিত করলেন। আর ঠিক সেই মুহূর্তটিতেই নয়জন ক্রিকেটারকে নিয়ে ঘর গোছাতে দলবদল কক্ষে ঢুকলেন আবাহনীর কর্মকর্তারা। এদের মধ্যে সবচেয়ে বড় তারকা এর আগের তিন বছর সিটি ক্লাবে কাটানো শাহরিয়ার নাফীস। ছোটবেলা থেকেই মোহামেডান সমর্থক বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল যেমন এবার তার প্রিয় দলে নাম লিখিয়েছেন তেমনি নাফীসও যোগ দিলেন তার 'অলটাইম ফেভারিট' আবাহনীতে। তবে আশরাফুল ও মাশরাফি বিন মর্তুজার মতো পেশাদার ক্রিকেটার হিসেবে টাকাটাকেই মুখ্য ধরে আবাহনীতে আসেননি তিনি। এসেছেন চাপমুক্ত হয়ে নিজের স্বাভাবিক খেলা খেলতে এবং সেই সঙ্গে রানে ফিরতে। সোমবার দলবদলের দ্বিতীয় দিনে সই-সাবুদ সেরে এসে সংবাদ মাধ্যমের সামনে এমন দাবিই করলেন প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে (২০০৬ সালে) ওয়ানডেতে এক হাজারের বেশি রান করা এই ওপেনার। "আসলে আমরা যারা জাতীয় দলে খেলি ক্লাব ক্রিকেটে তাদের পারিশ্রমিকটা একটা সীমার মধ্যেই থাকে। খুব একটা হেরফের হয় না। টাকা নয়, আমি আসলে এমন একটা দলে খেলতে চেয়েছি যারা কিনা পর্যাপ্ত ভালো খেলোয়াড় নিয়ে ব্যালান্সড দল গড়েছে"- এটুকু বলার পর নাফীস বিস্তারিত ব্যাখ্যায়ও গেলেন, "গত বছর যেমন সিটি ক্লাবে অনেক চাপ নিয়ে খেলতে হয়েছে। আমি ব্যর্থ হলেই দেখা যেত পুরো দল ভেঙ্গে পড়েছে। দলকে টানার মতো তেমন ক্রিকেটার বেশি ছিল না। কিন্তু এবার আবাহনী সব বিভাগকেই শক্তিশালী করার দিকে জোর দিয়েছে। এতে আমি চাপমুক্ত হয়ে খেলতে পারবো। বেশ কিছুদিন ব্যাটিংয়ে নিজের প্রত্যাশাই তো মেটাতে পারিনি। এবার আশা করছি রানে ফিরবো।" চাপমুক্ত নাফীস দলে পাচ্ছেন একঝাঁক উদীয়মান ক্রিকেটারকে। গত বছর আবাহনীর প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী দলের অধিনায়ক খালেদ মাসুদ এবার যোগ দিচ্ছেন সূর্যতরুণে। তার জায়গা ভরাতে আবাহনী নিয়ে এসেছে মোহামেডান থেকে সগীর হোসেন পাভেলকে। মাশরাফি চলে গেলেও তার শূন্যস্থান পূরণ করতে আনা হয়েছে নাজমুল হোসেনকে। অনুর্ধ্ব-১৯ দলের শুভাশিষ রায়কেও নিয়েছে তারা। আর জিয়াউর রহমান ও তালহা জুবায়েররা তো আছেনই। সবমিলিয়ে শক্তিশালী পেস বোলিং লাইনআপ তাদের। নাফীসের সঙ্গে ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে তুষার ইমরান তো রয়েই গেছেন। ওল্ড ডিওএইচএস থেকে এসেছেন অলরাউন্ডার নাদীফ চৌধুরী। আর সোহরাওয়ার্দী শুভ মোহামেডানে চলে গেলেও সেখান থেকেই আবাহনীতে নাম লিখিয়েছেন আরেক বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। তবে আবাহনী পুলের কোটা এখনও পুরো করেনি। মোহাম্মদ রফিককে দিয়ে পুলের কোটা পূরণের সম্ভাবনা সম্পর্কে আবাহনীর ক্রিকেট দলের সমন্বয়কারী ডা. মল্লিক বললেন, "আমরা ইতিমধ্যেই ব্যালান্সড দল গড়ে ফেলেছি। আর কাউকে না হলেও চলে। তবু রফিককে আমরা একটা প্রস্তাব দিয়েছি। ও যদি তাতে রাজী থাকে তাহলে কাল (বুধবার) সাইন করাতে নিয়ে আসবো।" জানা গেছে রফিককে পাঁচ লাখ টাকার প্রস্তাব দিয়েছে আবাহনী। তাতে রাজী না হলে শেষপর্যন্ত দল পাওয়াই মুশকিল হয়ে যেতে পারে দেশসেরা এই স্পিনারের। দল না পাওয়ার হতাশায় ভুগতে থাকা বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র এবং পেসার শাহাদাত হোসেন রাজীবরাও সোমবার ঠিকানা পেয়ে গেছেন। তারা সই করে গেছেন ভিক্টোরিয়ায়। মাহমুদুল্লাহ রিয়াদকে ধরে রাখা দলটি এই দুজনকে নিয়ে পুলের কোটাও পূরণ করে ফেললো। মঙ্গলবার দলবদলের শেষদিনে তা করতে যাচ্ছে সূর্যতরুণও। খালেদ মাসুদ ও মোহাম্মদ শরীফকে নিশ্চিত করা জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকেও নিচ্ছে। ক্রিকেট ম্যানেজার গোলাম ফারুকের কথায় জানা গেল দল না পেয়ে এবার অনেক অল্প পারিশ্রমিকেই খেলতে রাজী হয়েছেন হাবিবুল, "সাড়ে চার লাখে খেলতে রাজী হয়েছেন হাবিবুল।" তবে অধিনায়কত্ব পাচ্ছেন না। কারণ সূর্যতরুণে যোগ দেওয়ার আগে তাকে অধিনায়ক করার শর্তে 'হ্যা' বলিয়ে নিয়েছেন মাসুদ। সাকিব আল হাসানের অবশ্য দল না পাওয়ার সমস্যা ছিল না। মোহামেডান তাকে ধরেই রাখতে চাইছিল। অফার ছিল বিমান থেকেও। তারপরও বিনা পারিশ্রমিকে নিজের শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে নাম লেখানোর ব্যাখ্যায় বললেন, "মে মাসে আমার এইচএসসি পরীক্ষা। পড়াশোনাটা এবার মনোযোগ দিয়ে করতে চাই। কোনো ক্লাব দলে যোগ দিলে আমাকে ক্যাম্পে থাকতে হতো। প্র্যাকটিসও বাদ দেওয়া যেত না। ম্যাচ খেলা তো আছেই। পড়াশোনায় ব্যাঘাত ঘটতো তাহলে। বিকেএসপিতে নাম লেখানোর সুবিধা হলো ম্যাচ না খেললেও সমস্যা নেই। তাতে পড়াশোনাটা হবে। সময়-সুযোগ করে কিছু ম্যাচ হয়তো খেলেও ফেলবো।" বাধ্যতামূলক না হলেও পড়াশোনার জন্য বিকেএসপিতে সাকিবের নাম লেখানো না হয় মানা যায়। কিন্তু তার সঙ্গে উইকেটকিপার মুশফিকুর রহিমও যে এদিন বিকেএসপির হয়ে গেলেন। কেন? এ প্রশ্নে তার জবাব, "খেলতে ইচ্ছে করলো তাই। তাছাড়া পরিচিত পরিবেশ। অবশ্য ভিক্টোরিয়া থেকে আমার অফার ছিল।" কিন্তু ভিক্টোরিয়ার কর্মকর্তা আদনান রহমান দীপন বললেন, "মুশফিকের সঙ্গে কোনো আলাপই আমরা করিনি।" তাহলে কী দল না পেয়েই মুশফিক বিকেএসপিতে নাম লেখালেন! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩০ঘ.