২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই করে হেরেছে বাংলাদেশ

লক্ষ্যটা ভীষণ কঠিন, ৫২১ রানের। তবে সুকঠিন সেই লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে ছেড়ে কথা বলেনি, হেরে গেলেও লড়াই করেছে দারুণভাবে। মোহাম্মদ আশরাফুলের পঞ্চম টেস্ট সেঞ্চুরি এবং সাকিব আল হাসানের সেঞ্চুরির কাছাকাছি ইনিংসের সুবাদে অলআউট হওয়ার আগে করেছে ৪১৩ রান। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টে তাই বাংলাদেশের পরাজয় ১০৭ রানের। চতুর্থ ইনিংসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 02:00 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ৩১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্যটা ভীষণ কঠিন, ৫২১ রানের। তবে সুকঠিন সেই লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে ছেড়ে কথা বলেনি, হেরে গেলেও লড়াই করেছে দারুণভাবে। মোহাম্মদ আশরাফুলের পঞ্চম টেস্ট সেঞ্চুরি এবং সাকিব আল হাসানের সেঞ্চুরির কাছাকাছি ইনিংসের সুবাদে অলআউট হওয়ার আগে করেছে ৪১৩ রান। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টে তাই বাংলাদেশের পরাজয় ১০৭ রানের। চতুর্থ ইনিংসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। ৫ উইকেটে ২৫৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটসম্যান আশরাফুল ও সাকিব বিচ্ছিন্ন হয়েছেন দলীয় ২৯২ রানের সময়। শ্রীলঙ্কার বিপক্ষে আশরাফুলের পারফরম্যান্স বরাবরই ভালো। আগেও তিনটা সেঞ্চুরি করেছিলেন, বুধবার করলেন চতুর্থটা। কিন্তু ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি করার পরপরই ১০১ রানে চামিন্ডা ভাসের বলে এলবিডব্লু হয়ে গেছেন আশরাফুল। ২০৯ মিনিটে ১৯৩ বলে খেলা অধিনায়কোচিত ইনিংসটা সাজানো ১৬টা বাউন্ডারিতে। ১১২ রানের ষষ্ঠ উইকেট জুটি ভেঙ্গে গেলেও তা হতদ্যেম করতে পারেনি সাকিবকে। উইকেট কিপার মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে শুধু প্রতিরোধই গড়ে তোলেননি তিনি, দুশ্চিন্তার ভাঁজও ফেলে দিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের কপালে। দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছিলেন প্রথম টেস্ট সেঞ্চুরির দিকেও। কিন্তু সাকিবের দুর্ভাগ্য, প্রসাদের অফস্টাম্পের বাইরের পিচ পড়া একটি বলে ড্রাইভ করতে গিয়ে টেনে এনেছেন উইকেটে, বোল্ড হয়ে গেছেন ৯৬ রান করে। তার ২১২ বলের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ৭টি। এটা সাকিবের দ্বিতীয় টেস্ট ফিফটি। ১১১ রানের আরেকটা দারুণ জুটি ভেঙ্গে যাওয়ার পর খেলা শেষ হতে বেশি সময় লাগেনি। সাকিবকে ফেরানো প্রসাদ নিজের পরের ওভারেই কট বিহাইন্ড করেছেন মাশরাফি বিন মর্তুজাকে (২)। বাংলাদেশের স্কোর তখন ৮ উইকেটে ৪০৯ রান। স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতেই শেষ আশা-ভরসার প্রতীক মুশফিকও আউট। মুরালিধরনকে উড়িয়ে মারতে গিয়ে মিডউইকেটে দিলশানকে ক্যাচ দিয়েছেন চতুর্থ টেস্ট ফিফটি করা মুশফিক (৬১)। এবং পরের ওভারেই রান আউট হয়ে ম্যাচের সমাপ্তি টেনে দিয়েছেন মাহবুবুল আলম (২)। অপরাজিত থাকা শাহাদাত হোসেন কোনো রান করতে পারেননি। ১৪১ রানে ৪ উইকেট নেয়া মুরালিধরন যথারীতি শ্রীলঙ্কার সেরা বোলার। প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়ায় এই ম্যাচে তার শিকার সংখ্যা দাঁড়ালো ১০। সর্বকালের সেরা অফস্পিনারের এটা ২২তম বারের মতো ম্যাচে ১০ উইকেট শিকার। ১০৫ রানের বিনিময়ে প্রসাদ নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা, প্রথম ইনিংসে ৫টি সহ ম্যাচে ৬ উইকেট নেয়ার পাশাপাশি বুধবারের দুর্দান্ত ইনিংসটার সুবাদে ম্যাচ-সেরা নির্বাচিত হয়েছেন সাকিব। আশরাফুলের দলের জন্য আরেকটা বড় অর্জনও আছে। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২৮৫ রানকে পেছনে ফেলে চতুর্থ ইনিংসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী শনিবার থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪১৫ঘ.