মেলবোর্ন, ২৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি! অস্ট্রেলিয়ার মাটিতে কখনো টেস্ট সিরিজ জিততে না পারা প্রোটিয়াদের অধরা স্বপ্ন পূরণের জন্য করতে হবে আরো ১৫৩ রান। হাতে আছে সবগুলো উইকেট। সোমবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে অধিনায়ক রিকি পন্টিংয়ের ৯৯ রানের পরও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেছে ২৪৭ রানে। প্রথম ইনিংসের মতো এবারো ডেল স্টেইন ৫ উইকেট শিকার করায় প্রত্যাশিত লিড পায়নি স্বাগতিকরা। ১৮৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিনশেষে বিনা উইকেটে ৩০ রান করেছে দক্ষিণ আফ্রিকা।
পন্টিংয়ের দুর্ভাগ্য, মাত্র এক রানের জন্য ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসাবে চার টেস্টে জোড়া সেঞ্চুরি করার কৃতিত্ব দেখাতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ৬৫ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া সোমবার তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বিনা উইকেটে ৪ রান নিয়ে। কিন্তু স্টেইন দু ওপেনার ম্যাথু হেইডেন (২৩)ও সাইমন ক্যাটিচ (১৫) এবং মর্নে মরকেল মাইক হাসিকে (২) চটজলদি ফিরিয়ে দিলে ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদেই পড়ে যায় টেস্ট র্যাংকিংয়ের সেরা দল।
সেই ধ্বংসস্তুপ থেকে ডেপুটি মাইকেল ক্লার্ককে নিয়ে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন পন্টিং। দুজনের ৯৬ রানের জুটিতে স্বাগতিকরা যখন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে ঠিক তখনই আবার স্টেইনের আঘাত। অফস্টাম্পের বেশ বাইরে পিচ পড়া বলটায় বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন ক্লার্ক (২৯)। কিন্তু ব্যাট-বলের ঠিকমতো সংযোগ না হওয়ায় বল চলে গেছে শর্ট কাভারে দাঁড়ানো নিল ম্যাকেঞ্জির হাতে। স্টেইনের সেই ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে শূন্যহাতে ফিরে আসতে হয়েছে অ্যান্ড্র সাইমন্ডসকে।
তবে পন্টিং ছিলেন বলেই বড় লিড নেয়ার আশাও বেঁচেছিল স্বাগতিকদের। নব্বইয়ের ঘরে ৪০ মিনিটেরও বেশি আটকে থাকলেও অস্ট্রেলিয়া অধিনায়ক এগিয়ে যাচ্ছিলেন ৩৮তম টেস্ট সেঞ্চুরির থেকে। কিন্তু ৯৯ রানে দাঁড়িয়েই ভুলটা করেছেন তিনি। মরকেলের বলে শর্ট কাভারে প্রতিপক্ষ অধিনায়ক গ্রায়েম স্মিথকে ক্যাচ প্র্যাকটিস করিয়ে একরাশ হতাশা নিয়ে ফিরে আসতে হয়েছে তাকে।
অষ্টম ব্যাটসম্যান হিসাবে পন্টিং আউট হওয়ার পর একাই লড়াই করেছেন মিচেল জনসন। তার অপরাজিত ৪৩ রানের জন্যই আড়াইশোর কাছাকাছি যেতে পেরেছে অস্ট্রেলিয়া। শেষ ব্যাটসম্যান পিটার সিডলকে আউট করে মাত্র ২৯তম টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন স্টেইন। এটা তার ক্যারিয়ারে তৃতীয় বারের মতো ম্যাচে ১০ উইকেট শিকার।
পায়ের পাতার ইনজুরি সত্ত্বেও প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে নতুন বল তুলে দেয়া হয়েছে ব্রেট লির হাতে। এবং অস্ট্রেলীয় গতি-তারকার প্রথম বলে ড্রাইভ করে বাউন্ডারি মেরে স্মিথ বুঝিয়ে দিয়েছেন সিরিজ জয়ে তাদের উদগ্র বাসনার কথা। সিডলের প্রথম ওভারেও দুটো চার এসেছে তার ব্যাট থেকে। তবে তার পরের ওভারেই লি বোল্ড করে দিয়েছিলেন ম্যাকেঞ্জিকে। কিন্তু ওভারস্টেপিংয়ের জন্য বলটাকে 'নো' ঘোষণা করেছেন আম্পায়ার বিলি ডকট্রোভ।
দিনের বাকি সময়ে আর কোনো নাটকীয় ঘটনার জন্ম হয়নি। দক্ষিণ আফ্রিকারও কোনো ক্ষতি হয়নি। আর হয়নি বলেই তাদের ইতিহাস গড়ার স্বপ্ন পুরোপুরি অটুট আছে। ১৯৯২-৯৩ মৌসুমে রিচি রিচার্ডসনের ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়ার পর দেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ পরাজয়ের আশঙ্কাও ভালোমতোই চেপে ধরেছে অস্ট্রেলিয়াকে।
বিবিসি'র সহায়তায়
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৩৯৪ (পন্টিং ১০১, ক্লার্ক ৮৮*, ক্যাটিচ ৫৪; স্টেইন ৫/৮৭, এনটিনি ২/১০৮) ও ২৪৭ (হেইডেন ২৩, ক্যাটিচ ১৫, পন্টিং ৯৯, হাসি ২, ক্লার্ক ২৯, সাইমন্ডস ০, হ্যাডিন ১০, লি ৮, জনসন ৪৩*, হরিজ ৩, সিডল ৬; স্টেইন ৫/৬৭, এনটিনি ১/২৬, মরকেল ২/৪৬, হ্যারিস ০/৪৭, ক্যালিস ২/৫৭)
দক্ষিণ আফ্রিকা : ৪৫৯ (ডুমিনি ১৬৬, স্টেইন ৭৬, স্মিথ ৬২, হ্যারিস ৩৯; সিডল ৪/৮১, হরিজ ৩/৯৮) ও ৩০/০ (স্মিথ ২৫*, ম্যাকেঞ্জি ৩*)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭২৪ঘ.
bdnews24