মেলবোর্ন, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ দিনের নাটকীয়তায় পার্থ টেস্টে দারুণ একটা জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন সেই নাটকীয়তাকেও হার মানিয়েছে। ৩ উইকেট হাতে নিয়ে ১৯৬ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকানরাই নিয়েছে ৬৫ রানের অবিশ্বাস্য লিড! জাঁ পল ডুমিনি আর ডেল স্টেইনের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৪৫৯ রান তুলে অলআউট হয়েছে তারা। প্রথম ইনিংসে ৩৯৪ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়া জবাব দিতে নেমে তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে তুলেছে বিনা উইকেটে ৪ রান।
এই পালাবদলের মূল নায়ক মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা ডুমিনি। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করার পথে প্রথমে পল হ্যারিসকে (৩৯) নিয়ে অষ্টম উইকেটে ৬৭ আর তারপর স্টেইনকে নিয়ে নবম উইকেটে ১৮০ রানের অবিশ্বাস্য এক জুটি গড়েছেন তিনি। ৩৪০ বলে ১৮টা বাউন্ডারিসহ ১৬৬ রানের ইনিংস খেলে তিনি আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে। অফস্পিনার নাথান হরিজের বলে পিটার সিডলের হাতে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি।
৯ বাউন্ডারি ও এক ছক্কায় ক্যারিয়ার সেরা ৭৬ রান করেছেন প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়া স্টেইনও। তার উইকেটটিসহ ৮১ রানে চার উইকেট পাওয়া সিডল অস্ট্রেলিয়ার সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৩৯৪ (পন্টিং ১০১, ক্লার্ক ৮৮*, ক্যাটিচ ৫৪; স্টেইন ৫/৮৭, এনটিনি ২/১০৮) ও ৪/০
দক্ষিণ আফ্রিকা : ৪৫৯ (ডুমিনি ১৬৬, স্টেইন ৭৬, স্মিথ ৬২, হ্যারিস ৩৯; সিডল ৪/৮১, হরিজ ৩/৯৮)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এএআর/১৮৪২ঘ.
bdnews24