২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টোয়েন্টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সহজ জয়

প্রথম টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে তীব্র লড়াইশেষে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল সুপার ওভারের নাটকীয়তায়। দ্বিতীয় ম্যাচে কিন্তু পাত্তাই পায়নি ক্যারিবীয়রা। তাদেরকে সহজেই ৩৬ রানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। সুবাদে দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 02:07 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ওয়েলিংটন, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে তীব্র লড়াইশেষে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল সুপার ওভারের নাটকীয়তায়। দ্বিতীয় ম্যাচে কিন্তু পাত্তাই পায়নি ক্যারিবীয়রা। তাদেরকে সহজেই ৩৬ রানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। সুবাদে দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। রোববার হ্যামিল্টনের সেডন পার্কে কিউইদের জয়ের প্রধান নায়ক দুই ওপেনার জেসি রাইডার ও ব্রেন্ডন ম্যাককালাম। দুজনে মাত্র ১১.৪ ওভারে ১৩০ রানের দুর্দান্ত এক উদ্বোধনী জুটি গড়ে দলের জয়ের পথ প্রশস্ত করেছেন। ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪১ বলে ৬২ রান করেছেন রাইডার। অন্যদিকে ম্যাককালামের ৩৪ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস গড়ে উঠেছে ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কায়। তবে এ দুজন ছাড়া স্বাগতিকদের আর কোনো ব্যাটসম্যান জ্বলে উঠতে পারেনি। তারপরও ৯ উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে কিউইরা। জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই অভিষিক্ত পেসার ইউয়েন থম্পসনের বলে আউট হয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের আগের ম্যাচের জয়ের নায়ক ক্রিস গেইল (১)। শুরুতেই অধিনায়ককে হারানোর ধাক্কা আর সামলে উঠতে পারেনি ক্যারিবীয়রা। রামনরেশ সারওয়ান (৩৬ বলে ৫৩), কিয়েরন পোলার্ড (২৪ বলে ৩৮) ও দীনেশ রামদিন (২১ বলে ৩০) অনেক চেষ্টা করলেও ৭ উইকেটে ১৫৫ রানের বেশি করতে পারেনি তারা। কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি (২/১৯) ও জিতান প্যাটেলের (২/১২) নিখুঁত বোলিংই তার কারণ। ম্যাচ-সেরা নির্বাচিত হয়েছেন রাইডার। সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড : ২০ ওভারে ১৯১/৯ (রাইডার ৬২, ম্যাককালাম ৫৯, ফ্র্যাংকলিন ২০; গেইল ২/২৭, টেলর ২/২৯, পোলার্ড ২/২৯) ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৫৫/৭ (সারওয়ান ৫৩, পোলার্ড ৩৮, রামদিন ৩০; প্যাটেল ২/১২, ভেট্টোরি ২/১৯)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৪৮ঘ.