ঢাকা, ২৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ক্রিসমাসের দিন সকালেও বাংলাদেশ দলের অনুশীলন। খেলোয়াড়দের তাতে কিছু এসে না গেলেও তর সইছিল না জেমি সিডন্সের। দুপুর ১২টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও তাই তার আগে থেকেই সাংবাদিকদের তাড়া দিতে থাকলেন বাংলাদেশের কোচ, "তাড়াতাড়ি করুন প্লিজ। আমি ক্রিসমাস উদযাপন করতে যাবো।"
যাওয়ার আগে জানিয়ে গেলেন, শিষ্যদের কাছ থেকে ক্রিসমাসের উপহার হিসেবে কী চান তিনি। তার চাওয়া - শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি দেখতে চান দলের তিনজন ব্যাটসম্যান বড় স্কোর করতে শুরু করেছেন। এই তিনজন হচ্ছেন - অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান এবং মেহরাব হোসেন জুনিয়র।
প্রথমেই শিষ্যদের কাছে নিজেদের মেলে ধরার দাবি তার, "দুর্দান্ত একটা পারফরম্যান্স চাই আমি। ওদের জ্বলে ওঠার সময় হয়েছে। গত ছয় মাসে আমাদের খেলা তিনটি সিরিজের দুটোতে আমরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছি বিশ্বের সেরা দুই দলকে। এখন আমাদের দলটার প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারা উচিত বলেই মনে হয় আমার। এখানে অজুহাত দেওয়ার কিছু নেই। ছেলেদের ঝলসে ওঠার এটাই সময়।"
বিশেষ করে তার দলের তিন ব্যাটসম্যানের বড় স্কোর করার সময়ও হয়ে গেছে বলে মনে করেন তিনি, "আশরাফুল, সাকিব এবং মেহরাবদেরও এবার বড় স্কোর করে বোলারদের একটা ভালো পুঁজি দেওয়ার সময় হয়ে গেছে। ওদের ব্যাটে বড় রান দেখার জন্যই মুখিয়ে আছি আমি। ক্রিসমাসের উপহার হিসেবে ওদের কাছে এটাই আমার চাওয়া। আশা করছি উপহারটা তারা আমাকে দিতে পারবে।"
টেস্টে অনেকদিনই বড় রান নেই আশরাফুলের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দলের অন্যদের তুলনায় বেশ সফল ব্যাটসম্যান তিনি। তবে এই অস্ট্রেলিয়ান কোচ অতীত নিয়ে পড়ে থাকায় একদমই বিশ্বাসী নন, "আগে কী ঘটেছে তাতে আমি বিশ্বাসী নই। পরে কী ঘটবে, তাতেই বিশ্বাস করি আমি। আশরাফুলের রক্ষণ এখন আগের চেয়ে অনেক ভালো। এখন সেটা ঠিক সময়ে প্রয়োগ করতে হবে। ওর ধারাবাহিক হওয়ার সময় হয়েছে। এবং ও নিজেও সেটা জানে।"
তবে এই সিরিজকে নিজের অধিনায়কত্বের 'অগ্নি পরীক্ষা' মানতে রাজি নন আশরাফুল, "না, বিষয়টা ওইভাবে দেখছি না। ভালো ক্রিকেট খেলার চেষ্টাই থাকে সবসময়। অনেকদিন হল টেস্ট ম্যাচে রান করতে পারছি না। শ্রীলঙ্কার সঙ্গে অতীতের রেকর্ড যেহেতু ভালো, এটা আমার আত্মবিশ্বাস বাড়াবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/ ২১২৯ ঘ.
bdnews24