ঢাকা, ২৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- "এখানে বাংলাদেশ ৮০ রানে অলআউট হবে"- দিনকয়েক আগে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট দেখে মুত্তিয়া মুরালিধরনের রসিকতা। "তিনশো করবে, তিনশো"-স্থানীয় একজনের কাছ থেকে রসিকতার এমন জবাব পেয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন বলে জানা গেল, "হুহ! বাংলাদেশ তিনশো করলে আমি নিজের গলা কেটে ফেলবো।" একেবারে অনানুষ্ঠানিক বক্তব্য হলেও শুক্রবার থেকে শুরু হতে যাওয়া গ্রামীণফোন সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের সামনে 'মুরালি চ্যালেঞ্জ' কিন্তু থাকছেই।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষেই সবচেয়ে বেশি ১০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই হারের মধ্যে সাতটি ইনিংসের ব্যবধানে। এবং মুরালি বরাবরই দু'দলের পার্থক্য গড়ে দিতে রেখেছেন সবচেয়ে বড় ভূমিকা। বাংলাদেশের বিপক্ষে ৯ টেস্টেই তার ৭৬ উইকেট। আর এই দলের বিপক্ষে তিনি বোলিংও তো করতে নামেন পাঁচের নামতা পরে- ১৮ ইনিংসের ১০টিতেই ৫ কিংবা তার বেশি উইকেট। তাছাড়া গত বছর শ্রীলঙ্কার মাটিতে দু'দলের সর্বশেষ টেস্ট সিরিজে বাংলাদেশের ৮৯ এবং নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৬২ রানের লজ্জায়ও অন্যতম হন্তারক ছিলেন এই মুরালিই।
শুধু মুরালিই নন, আরেক ঘাতক হয়ে উঠতে পারেন অজন্তা মেন্ডিসের ইনজুরিতে নয় মাস পর শ্রীলঙ্কা দলে সুযোগ পাওয়া রঙ্গনা হেরাথও। বিসিবি একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ৬ উইকেট নিয়ে যার ইঙ্গিতও দিয়েছেন এই বাঁ হাতি স্পিনার। এই দু'জনকে নিয়েই নামার আভাস দিলেন শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও, "যদি পাঁচদিন খেলা হয়, তাহলে যেকোনো উইকেটই শেষেরদিকে একটু স্লো হয় এবং তাতে স্পিন ধরে। আর দলে মানসম্পন্ন স্পিনারের অভাব না থাকলে তাদের অবশ্যই ব্যবহার করা উচিত আপনার। এটা আমাদেরও বিবেচনায় আছে।"
তবে বাংলাদেশ দল বোধহয় বিবেচনায় রাখছে গত কিছুদিনের কুয়াশাকে। একারণেই সাকিব আল হাসানের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে এনামুল হক জুনিয়রকে না খেলিয়ে তিনজন পেসার নিয়ে নামার ভাবনা। এনামুলকে দ্বাদশ ব্যক্তির ভূমিকায়ই দেখার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন কোচ জেমি সিডন্স। অর্থাৎ মাশরাফি বিন মর্তুজা ও শাহাদাত হোসেনের সঙ্গে তৃতীয় পেসার মাহবুবুল আলম রবীন। একাদশের বাইরে থাকছেন রাজিন সালেহ এবং বাঁ হাতি পেসার সাজিদুল ইসলামও। রাজিন না থাকায় ওপেনিংয়ে কোনো অদল-বদল হচ্ছে না। তামিম ইকবালের সঙ্গে ইমরুল কায়েসই শুরু করবেন আর জুনায়েদ সিদ্দিকী নামবেন ওয়ান ডাউনে।
কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাজে হারের বৃত্ত থেকে কতোটা বেরিয়ে আসতে পারবে বাংলাদেশ? অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের জবাবে শুধুই আশাবাদ, "এবার আমরা অনেক ভালো এবং লড়াকু ক্রিকেট খেলবো বলে আশা করছি। ফলাফলের কথা আমরা ভাবছি কম। প্রতিটা সেশন ধরে খেলার দিকে আমরা মনোযোগ দিচ্ছি।" তার এই আশাবাদের ভিত্তি, "সর্বশেষ দুটো হোম সিরিজ আমরা খেলেছি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এবং দুটো সিরিজের প্রথম টেস্টেই আমাদের জেতার খুব ভালো সুযোগ ছিল।"
মজার ব্যাপার হলো শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতেই বরং বাংলাদেশের রেকর্ড কিছুটা ভালো। যে তিনটি টেস্টে ইনিংসে হারেনি, তার দুটোই ২০০৬ সালে দেশের মাটিতে। বারবার বাজেভাবে হারার পরও তাদের বিপক্ষেই ক্রিকেটারদের উজ্জ্বল পরিসংখ্যান। আশরাফুলের যেমন চারটি টেস্ট সেঞ্চুরির তিনটিই শ্রীলঙ্কার বিপক্ষে। তাছাড়া মুরালির 'রং আন'টাও (দুসরা) দলের অনেকেই এখন ভালো পড়তে পারেন বলে এদিন সমস্বরে দাবি করলেন বাংলাদেশ দলের কোচ এবং অধিনায়ক। এ সব মিলিয়েই তৈরি হয়েছে মাহেলা জয়াবর্ধনের বাংলাদেশকে সমীহ করার পেছনের ব্যাখ্যাটা।
শ্রীলঙ্কান অধিনায়কের ভাষ্য, "তাদের বেশ কয়েকজন গুণী ক্রিকেটার আছে। আমি জানি তারা ভুল করে। কিন্তু তাদের এমন কয়েকজন ক্রিকেটার আছে যারা আমাদের বিপক্ষে সেঞ্চুরি করেছে কিংবা পাঁচ উইকেট নিয়েছে। কাজেই তাদের মান আছে। তারা যাতে কোনো সুযোগ না পায়, সেটাই আমাদের নিশ্চিত করতে হবে।" শুক্রবার থেকে তা নিশ্চিত করার জন্য যে টেস্টটা খেলতে নামছেন, সেটি দু'দলের কাছেই অন্য এক অভিজ্ঞতা হয়ে থাকবে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯ ডিসেম্বর এই টেস্টে থাকবে বিরতি। অর্থাৎ ছয়দিনের টেস্ট ম্যাচ। প্রসঙ্গ উঠতেই শ্রীলঙ্কান অধিনায়ক হেসে বললেন, "এর আগে কখনোই এরকম বিরতি পাইনি আমি। আমাদের পেস বোলারদের জন্য খুব উপকারী হবে এই বিরতিটা।"
তবে 'বক্সিং ডে'তে টেস্ট খেলা কারো জন্যই নতুন নয়। ২৬ ডিসেম্বর শুরু হওয়া যে কোনো টেস্টই বক্সিং ডে টেস্ট। ২০০১ সালের নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটনে এরকম একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। সেসব দেশে ক্রিসমাসের পরদিন ক্রিকেট মানেই মানুষের বিনোদনের দারুণ খোরাক। বাংলাদেশে এসব নিয়ে মাতামাতির কোনো কারণ নেই। তাছাড়া নির্বাচনের কারণে এই টেস্টের দিকে কারো দৃষ্টি সেভাবে থাকবে না বলেই অনুমান। কথাটা শুনে আশরাফুল বললেন, "আশা করি খেলা শুরু হয়ে গেলেই সবার দৃষ্টি ক্রিকেটে ফিরবে।"
ফিরবে, তবে সেজন্য শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ভালো পারফরম করতে হবে। তাগিদটা আশরাফুলও অনুভব করছেন, "দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে দেশে যেমন খেলেছি, তার চেয়েও বেশি ভালো খেলতে হবে শ্রীলঙ্কার সঙ্গে। কারণ ওরা এই অঞ্চলের দল। এখানকার উইকেট-কন্ডিশন সম্পর্কে ওদের ভালো ধারণা আছে। ওদের সঙ্গে লড়তে হলে পারফরম্যান্স দিয়েই লড়তে হবে।" তেমন লড়াই দেখলে সাধারণের দৃষ্টি ক্রিকেটে ফিরতেও পারে। তবে মুরালির রসিকতা সত্যি হয়ে গেলেই কিন্তু বিপদ!
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, মেহরাব হোসেন জুনিয়র, সাকিব আল হাসান, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন এবং মাহবুবুল আলম রবীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২৫ঘ.
bdnews24