মেলবোর্ন, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্থের প্রথম টেস্টে যে নাটকীয়তার মঞ্চায়ন হয়েছে তার তুলনা টেস্ট ইতিহাসেই বিরল। এক সপ্তাহের ব্যবধানে আবার সেই নাটকের মঞ্চায়ন আশা করা যায় না। দক্ষিণ আফ্রিকানরা সেটা করছেও না। কিন্তু গ্রায়েম স্মিথের দল স্বপ্ন দেখছে অন্তত ওই ম্যাচের ফলটার পুনরাবৃত্তির। বৃহস্পতিবার থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া 'বক্সিং ডে' টেস্ট এবং তারপর সিরিজের তৃতীয় টেস্টেও জিততে পারলে তাদের সামনে হাতছানি টেস্ট ক্রিকেটে বিশ্ব সেরা হওয়ার!
পার্থে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৪১৪ রানের টার্গেট তাড়া করে দক্ষিণ আফ্রিকা পেয়েছিল ৬ উইকেটের জয়। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় এই জয়ের পরও র্যাংকিংয়ের শুভঙ্করের ফাঁকিতে পড়ে বরং গ্রায়েম স্মিথের দল নেমে গেছে একধাপ নিচে। ওই জয়ের দুদিন পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে আইসিসির টেস্ট র্যাংকিংয়ে দুই নম্বরে উঠে গেছে ভারত। তবে দক্ষিণ আফ্রিকার সামনে শুধু ওই স্থানটা ফিরে পাওয়ারই নয়, সুযোগ আছে আরো ওপরে যাওয়ার। সিরিজের বাকি দুটি টেস্টেই যদি হেরে না যায়, তাহলেই দুই নম্বর স্থানটা ফিরে পাবে তারা। আর দুটি টেস্টেই জিতলে উঠে যাবে এক নম্বরে!
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা এক অসম্ভব কল্পনাই বলা যায়। স্মিথের গলায় তাই সাবধানী সুর, "একটা জয়েই পুরো মৌসুম জেতা হয়ে যায় না। সামনে পড়ে আছে আরো অনেক কঠিন ম্যাচ।" কঠিন, কিন্তু পার্থের ওই নাটকের পর আর কোনো কিছুকেই কি অসম্ভব মনে হবে?
মেলবোর্ন টেস্টকে এই প্রথমবারের মতো কঠিন মনে হচ্ছে অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়েরও তবে তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন, "এর আগে অনেক 'বক্সিং ডে' টেস্টেই আমি খেলেছি, যেগুলো শুরুর আগে আমরাই দারুণ ভালো অবস্থানে ছিলাম। তবে এবার অন্য রকম। আমরা পিছিয়ে আছি, এমন একটা সিরিজে খেলাও দারুণ ব্যাপার।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১০৯ ঘ.
bdnews24