ঢাকা, ২৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বরিশালের শিরোপা স্বপ্নের কবরই যেন খুঁড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে ২১৬ রানের টার্গেট তাড়া করতে নামা ঢাকাকে ৯৫ রানে ৮ উইকেট হারানো দলে পরিণত করার পর তাদের স্বপ্নের চৌকাঠটাই পেরুনো বাকি ছিল কেবল। কিন্তু দশম জাতীয় ক্রিকেট লিগে তার চতুর্থ সেঞ্চুরি করে বরিশালের স্বপ্নভঙ্গের কারণ হলেন রিয়াদ।
সুবাদে জেতা ম্যাচ ২ উইকেটে হারলো বরিশাল। নিজেদের মাঠে ৩৫২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নামা রাজশাহীও খুলনার কাছে মাত্র ২৮ রানে হারায় শিরোপাপ্রত্যাশী দু'দলেরই পয়েন্ট সমান (১০১) হয়ে যায়। আর এক্ষেত্রে নিয়মানুযায়ী বরিশালের (চার ম্যাচে) চেয়ে সরাসরি জয়ের সংখ্যা বেশি হওয়ায় শিরোপা গেছে রাজশাহীরই (সরাসরি জয় পাঁচটি) ঘরে।
জাতীয় ক্রিকেট লিগে চারদিনের ম্যাচের প্রতিযোগিতায় প্রথম শিরোপা জেতার খুব কাছে চলে যাওয়া বরিশাল এর আগে বরাবরই পয়েন্ট টেবিলের নীচের দিকে থাকত। অন্যদিকে রাজশাহী এই নিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের আনন্দে ভাসলো। চারদিনের ম্যাচে তারা প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৫-০৬ মৌসুমে। এছাড়া ওয়ানডে আসরেও তারা পরপর দুবার সর্বোচ্চ সাফল্য পেয়েছে (২০০৪-০৫ এবং ২০০৫-০৬)।
রাজশাহীর বিপক্ষে শেষ রাউন্ডের জয়ে ৯০ পয়েন্ট নিয়ে এই আসরে তৃতীয় হয়েছে ২০০২-০৩ মৌসুমের চ্যাম্পিয়ন খুলনা। আর এখন পর্যন্ত সবচেয়ে বেশি চারবারের চ্যাম্পিয়ন ঢাকা বরিশালকে হতাশার সাগরে ডুবিয়ে হয়েছে চতুর্থ। তাদের পয়েন্ট ৮৫। সিলেট স্টেডিয়ামে শেষ রাউন্ডের গুরুত্বহীন ম্যাচটিতে ড্র করেছে চট্টগ্রাম (৭৩ পয়েন্ট) এবং পয়েন্ট তালিকার সর্বশেষ দল সিলেট (৬৪ পয়েন্ট)।
৩ উইকেটে ১৪ রান নিয়ে দিন শুরু করা ঢাকাকে চরম বিপদে ঠেলে দেন মনোয়ার হোসেন। আগেরদিনই ১ উইকেট পাওয়া বরিশালের এই পেসার এদিন ঝটপট তুলে নেন আরো তিনজনকে। ৯৫ রানে ঢাকার ৮ উইকেট চলে যাওয়ার পর উৎসবের আগাম প্রস্তুতি নেওয়া বরিশালের হতাশা এরপর থেকেই বাড়াতে শুরু করেন রিয়াদ। ইলিয়াস সানিকে (৩৭*) সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন নবম উইকেটে তার ১২৪ রানের পার্টনারশিপ জয়ের তীর থেকে ফিরিয়ে দেয় বরিশালকে।
২১৩ বলে ১১৬ রান করে অপরাজিত থাকেন এই জাতীয় লিগে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। তিনি যেমন ঢাকার, তেমনি খুলনার জয়ের নায়ক ডলার মাহমুদ। এই পেসার ৪ উইকেট তুলে নিয়ে জয়ের দিকে ছুটন্ত রাজশাহীকে থামান। সঙ্গে ছিলেন আরেক পেসার, প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া রবিউল ইসলামও (৩/৮১)। না হলে অধিনায়ক আনিসুর রহমান সঞ্চয় (৭১), হামিদুল ইসলাম (৫৩) ও সাব্বির রহমানদের (৭২) ফিফটি জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিল রাজশাহীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২০৩০ঘ.
bdnews24