ঢাকা, ২৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দশম জাতীয় ক্রিকেট লিগের শিরোপা ভাগ্য ঝুলে থাকল একেবারে শেষদিন পর্যন্ত। এর আগেও শিরোপার স্বাদ নেওয়া রাজশাহীই শেষ হাসি হাসবে নাকি নতুন চ্যাম্পিয়ন বরিশালকে পাওয়া যাবে- এর উত্তর মিলবে বুধবার। একটু সুবিধাজনক অবস্থানে অবশ্য বরিশালই আছে। নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে তাদের ছুঁড়ে দেওয়া ২১৬ রানের টার্গেট তাড়া করতে নামা স্বাগতিক ঢাকা তৃতীয় দিনের শেষে ১৪ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট। অন্যদিকে নিজেদের মাঠে খুলনার বিপক্ষে ৩৫২ রানের বিশাল টার্গেট পাওয়া রাজশাহীর অবস্থা ১ উইকেটে ২৩ রান।
শেষ রাউন্ড শুরুর সময় বরিশাল (৯৭) ও রাজশাহীর (৯৬) মধ্যে মাত্র ১ পয়েন্টের ব্যবধান ছিল। এই রাউন্ডে দু'দলের কেউই প্রথম ইনিংসের লিড নিতে পারেনি তবে তারা যথাক্রমে ৪ ও ৫ করে বোনাস পয়েন্ট পেয়েছে। অর্থাৎ দু'দলের পয়েন্ট এখন সমান (১০১)। বুুধবার সরাসরি জয়ের সম্ভাবনায় বরিশালকেই এগিয়ে রাখতে হচ্ছে কারণ শেষদিনে আরো ৩২৯ রান করতে হবে রাজশাহীকে।
রাজশাহীর বাঁ হাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ'র ১২৪ রানে ৬ উইকেট নেওয়ার মতো সাফল্য বিফলেই গেছে কারণ খুলনার দুই টেল এন্ডারের ফিফটি তাদের টার্গেট বাড়িয়েছে অনেক। ফরিদউদ্দিন (৫৭) ও ডলার মাহমুদের (৬৫) ব্যাটিংয়ের পর দশ নাম্বার ব্যাটসম্যান আসলাম খানের মূল্যবান ৩০ রান খুলনার দ্বিতীয় ইনিংসকে নিয়ে যায় ৩৪৭ রানে।
ওদিকে ২ উইকেটে ১১১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বরিশালের দ্বিতীয় ইনিংস অবশ্য প্রত্যাশামতো এগোয়নি। ওপেনার রনি তালুকদার (৬৭) ও ইমরান আহমেদের (৫৬) ফিফটিতে ২৬৫ পর্যন্ত যায় তারা। তবে শেষ বিকেলে দুই পেসার তালহা জুবায়ের (২/৬) ও মনোয়ার হোসেন (১/৮) মিলে ২১৬ রানের টার্গেটকেও যথেষ্ট বলেই মনে করিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২০ঘ.
bdnews24