মোহালি, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরভজন সিংয়ের দুর্দান্ত বোলিং দারুণ একটা সুযোগ এনে দিয়েছিল, কিন্তু ভারত নিতে পারেনি সেটা। আর তাই মোহালি টেস্টের চতুর্থ দিনশেষে সবমিলিয়ে ২৩৫ রানে এগিয়ে থাকলেও জয়ের কথা এখনো ভাবতে পারছে না তারা।
সকালে ইংল্যান্ডের প্রথম ইনিংস ৩০২ রানে গুটিয়ে দেওয়ার পরও ভারতের সামনে পড়ে ছিল চতুর্থ দিনের পুরো দুটি সেশন। তাতে রানের পেছনে ছুটে সিরিজ বাঁচাতে মরিয়া ইংল্যান্ডের সামনে একটা বড় টার্গেট ছুঁড়ে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু ১৫১ রানের লিডের সঙ্গে সারা দিনে ৫০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান তুলতে পেরেছে স্বাগতিকরা। আর সেটাও সম্ভব হয়েছে পঞ্চম উইকেটে গৌতম গম্ভীর আর যুবরাজ সিংয়ের অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটিতে। নইলে ৪৪ রানে ৩ আর ৮০ রানে ৪ উইকেট হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল তারা।
বীরেন্দর শেবাগের রান আউট দিয়ে শুরু, এরপর রাহুল দ্রাবিড় প্রথম ইনিংসের সেঞ্চুরির সঙ্গে আর কোনো রান যোগ না করেই আউট হয়েছেন, তাও আবার ১৯টি বল নষ্ট করে। তাকে আউট করা স্টুয়ার্ট ব্রডকে মিড অফ দিয়ে দুর্দান্ত একটা বাউন্ডারি মেরে শুরু করেছিলেন টেন্ডুলকার (৫), কিন্তু তিনিও টিকতে পারেননি বেশিক্ষণ
bdnews24