ওয়েলিংটন, ২২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চতুর্থ দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭ উইকেটে ২৭৮ রান, যেখানে ক্রিস গেইলের অবদান অপরাজিত ১৪৬ রানের। অর্থাৎ দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের সংগ্রহের অর্ধেকেরই বেশি অধিনায়কের ব্যাট থেকে আসা। গেইলের এই দুর্দান্ত ইনিংসের জন্যই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের স্বপ্ন দেখতে পারছে ২১৪ রানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ।
সোমবার নেপিয়ারের ম্যাকলিন পার্ক আক্ষরিক অর্থেই হয়ে উঠেছে 'গেইলময়'। এমনিতে আগ্রাসী ব্যাটিংয়ের কারণে প্রায়ই উইকেট বিলিয়ে দিয়ে আসার বদভ্যাস আছে তার। কিন্তু এদিন তিনি খেলেছেন দায়িত্বশীল এক অধিনায়কোচিত ইনিংস। তবে তাই বলে গেইলের তাণ্ডব থেকে রেহাই পাননি কিউই বোলাররা। ১৩টা বাউন্ডারি ও ৬টি বিশাল ছক্কাতেই তা প্রমাণিত। এটা তার অষ্টম সেঞ্চুরি হলেও ২০০৫এর এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১৭ রানের পর প্রথম।
অধিনায়ক ছাড়া ক্যারিবীয়দের মাত্র একজনই রুখে দাঁড়াতে পেরেছেন নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের সামনে --- ম্যাচে দ্বিতীয় ফিফটি পাওয়া ব্রেন্ডন ন্যাশ (৬৫)। গেইল ও অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া ন্যাশের ১২৪ রানের জুটির জন্যই দিনটা অস্বস্তি নিয়ে শেষ করতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে।
অথচ অফস্পিনার জিতান প্যাটেল পরপর দুই বলে জাভিয়ের মার্শাল (১৮) ও প্রথম ইনিংসে ১২৬ রানে অপরাজিত থাকা শিবনারায়ণ চন্দরপলকে ফিরিয়ে দিয়ে একসময় বিপদেই ফেলে দিয়েছিলেন প্রতিপক্ষকে। তার সঙ্গে জেমস ফ্র্যাংকলিনও (২/৪০) জ্বলে ওঠায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সফরকারীরা। কিন্তু গেইলের প্রতিরোধ ভাঙ্গা সম্ভব হয়নি কারো পক্ষে। আর হয়নি বলেই শেষ দিনে নাটকীয় সমাপ্তির সম্ভাবনা নেপিয়ার টেস্টে।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ : ৩০৭ (চন্দরপল ১২৬*, ন্যাশ ৭৪; ও' ব্রায়েন ৬/৭৫) ও ২৭৮/৭ (গেইল ১৪৬*, ন্যাশ ৬৫; প্যাটেল ৩/৮৩, ফ্র্যাংকলিন ২/৪০)
নিউজিল্যান্ড : ৩৭১ (ম্যাকিনটশ ১৩৬, রাইডার ৫৭, ফ্লিন ৫৭; এডওয়ার্ডস ৭/৮৭)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৫৫ঘ.
bdnews24