নেপিয়ার, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়েস্ট ইন্ডিয়ান ফিল্ডারদের বদান্যতায় জীবন পেয়ে টিম ম্যাকিনটশের ফিফটি নেপিয়ার টেস্টে সুবিধাজনক স্থানে নিয়ে গেছে স্বাগতিক নিউজিল্যান্ডকে। সফরকারীদের প্রথম ইনিংস ৩০৭ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ড্যানিয়েল ভেট্টোরির দল তুলেছে ২ উইকেটে ১৪৫ রান।
নিজের ১০ আর দলের ৩৬ রানেই আউট হয়ে যেতে পারতেন ম্যাকিনটশ। পুল করতে গিয়ে তিনি বল আকাশে তুলে দিয়েছিলেন, কিন্তু বোলার ফিদেল এডওয়ার্ডস আর উইকেটকিপার দিনেশ রামদিন পরস্পরের দিকে চেয়ে থেকে সেই বলকে পড়তে দিয়েছেন নিজেদের মাঝখানে। দিনশেষে সেই ম্যাকিনটশ ৬২ রানে অপরাজিত, আর তার সঙ্গী রস টেলরের সংগ্রহ ৪। ড্যানিয়েল ফ্লিনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১১৮ রানের জুটি গড়েছেন আগের টেস্টেই অভিষিক্ত এই ওপেনার।
৫৭ রান করে এডওয়ার্ডসের হাতে রিটার্ন ক্যাচ দেওয়া ফ্লিনও এক অর্থে ভাগ্যবানই ছিলেন, ইনিংসের শুরুতেই সুলেমান বেনের বলে তার বিরুদ্ধে এলবিডব্লুর জোরালো এক আবেদনে সাড়া দেননি আম্পায়ার। যদিও রিপ্লে দেখে মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ক্রিস গেইল পুনর্বিবেচনার আবেদন করলে ফিরেই যেতে হতো তাকে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অন্য উইকেটটাও পেয়েছেন এডওয়ার্ডসই, জেমি হাউকে (১২) বিদায় করে দলকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন এই পেসার।
এর আগে সকালে ইয়ান ও'ব্রায়েনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ৩০৭ রানে গুটিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ক্যারিবীয়দের শেষ চারটি উইকেটই তুলে নিয়েছেন এই পেসার, সব মিলিয়ে ৭৬ রানে ৬ উইকেট পেয়েছেন তিনি। একপ্রান্তে জেরম টেলর (১৮), বেন (০), ড্যারেন পাওয়েল (৬) আর এডওয়ার্ডসদের (০) আসা-যাওয়ার মিছিল চললেও অন্য প্রান্তে শেষ পর্যন্ত অবিচল ছিলেন সেঞ্চুরিয়ান শিবনারায়ন চন্দরপল। ১২৬ রানে অপরাজিত ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭১৩ ঘ.
bdnews24