২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রাবিড়কে নিয়েই যত ভাবনা ভারতের

চেন্নাইয়ের প্রথম টেস্টটাকে চিহ্নিত করা হচ্ছিল এমন এক ম্যাচ হিসেবে, যেখানে পরাজিত দল বলে কেউ থাকবে না। মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার পর বাতিল হতে হতে বেঁচে যাওয়া সিরিজের প্রথম টেস্টকে ঘিরে অমন একটা আবহ থাকলেও দ্বিতীয় টেস্টে আর সেটা থাকছে না। অন্তত ইংল্যান্ডের জন্য তো নয়ই। শুক্রবার থেকে মোহালিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে হারলে যে সিরিজ হেরেই দেশে ফিরতে হবে তাদের!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 04:33 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

মোহালি, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেন্নাইয়ের প্রথম টেস্টটাকে চিহ্নিত করা হচ্ছিল এমন এক ম্যাচ হিসেবে, যেখানে পরাজিত দল বলে কেউ থাকবে না। মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার পর বাতিল হতে হতে বেঁচে যাওয়া সিরিজের প্রথম টেস্টকে ঘিরে অমন একটা আবহ থাকলেও দ্বিতীয় টেস্টে আর সেটা থাকছে না। অন্তত ইংল্যান্ডের জন্য তো নয়ই। শুক্রবার থেকে মোহালিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে হারলে যে সিরিজ হেরেই দেশে ফিরতে হবে তাদের! প্রথম টেস্টে কেভিন পিটারসেনের দল অবশ্য খারাপ খেলেনি। ওই ম্যাচের প্রথম তিনদিন মাঠে তাদেরই আধিপত্য ছিল। কিন্তু শেষ দিনে শচীন টেন্ডুলকারের অসাধারণ এক সেঞ্চুরি জয় এনে দিয়েছে ভারতকে। ওই শেষ দিনে ভারতের ৯ উইকেট ফেলতে পারলে জিততে পারতো ইংল্যান্ডও। ওই ব্যর্থতার পর পিটারসেনের দলের বোলারদের সামর্থ নিয়ে প্রশ্ন উঠেছে, কোচ পিটার মুরস তাদের পক্ষে সাফাই গাইলেও দ্বিতীয় ম্যাচের আগে দলে পরিবর্তনের কথা ভাবছে তারা। বৃহস্পতিবার পর্যন্ত দল ঘোষণা করেনি ইংল্যান্ড, তবে ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড ইনজুরি থেকে সেরে ওঠায় দলে একটা পরিবর্তন অবধারিত বলেই মনে হচ্ছে। তাকে জায়গা দিতে কাকে বাদ দেওয়া হবে সেটা ঠিক করতে শেষ মুহূর্ত পর্যন্তই অপেক্ষা করবে তারা। অন্য দিকে টানা দ্বিতীয় সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ভারতীয় দলে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রাহুল দ্রাবিড়ের ফর্ম নিয়ে সংশয় আছে, কিন্তু এই ম্যাচে অন্তত বাদ পড়তে হচ্ছে না তাকে। ব্যাটিং অর্ডারের তিন নম্বর স্থান থেকে তাকে পাঁচে নামিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে, কিন্তু সে ব্যাপারেও এখনো সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, "একটা সহজ সমাধান আছে, দ্রাবিড়কে পাঁচে নামিয়ে ওয়ান ডাউনে ভিভিএস লক্ষ্মণকে খেলানো। কিন্তু যদি এমন হয়, একটা ভালো বলে হঠাৎ করেই আউট হয়ে গেলেন লক্ষ্মণ তখন? এক উইকেট পড়ার পর নামলে তিনি স্বাধীনভাবে খেলতে পারেন, তিন উইকেট পড়ার পর নামলে চাপটা বেশি থাকবে তার ওপর। সেটাও ভাবতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এমএম/২২২৫ ঘ.