মোহালি, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম টেস্টে অপ্রত্যাশিত হারের ধাক্কা ভালো করে সামলে ওঠার আগেই আবার মাঠে নেমে পড়তে হচ্ছে ইংল্যান্ডকে। শুক্রবার থেকে মোহালিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাদের নামতে হচ্ছে সিরিজ বাঁচানোর এক কঠিন টার্গেট নিয়ে।
দুই টেস্টের এই সিরিজের প্রথম টেস্টের প্রথম তিনদিনই মাঠে ছিল কেভিন পিটারসেনের দলের আধিপত্য। কিন্তু চতুর্থ দিনের বিকেল থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে, আর শেষ দিনে শচীন টেন্ডুলকারের ৪১তম টেস্ট সেঞ্চুরি এবং যুবরাজ সিংয়ের অপরাজিত ৮৫ রানের সুবাদে ভারত পেয়ে যায় রেকর্ডভাঙা ৬ উইকেটের জয়। অথচ ভারতের সামনে জয়ের জন্য ৩৮৭ রানের কঠিন চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছিল তারা। শেষ দিনের ভাঙাচোরা উইকেটে ভারতের নয় ব্যাটসম্যানকে আউট করার টার্গেট ছিল নিজেদের। কিন্তু সেই টার্গেট পুরণে যাকে ট্রাম্প কার্ড ভাবা হচ্ছিল সেই বাঁ হাতি স্পিনার মন্টি পানেসার কোনো উইকেটই পাননি এই ইনিংসে।
ইংল্যান্ডের কোচ পিটার মুরস অবশ্য পানেসারের পক্ষেই সাফাই গাইছেন, "মন্টির জন্য সহানুভূতিই আছে আমার, সম্ভবত গত চার মাসে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পায়নি সে, কারণ আমাদের ওয়ার্ম-আপ ম্যাচগুলোই তো হয়নি।" আর ভারতের ব্যাটসম্যানরা যে স্পিন ভালো খেলেন, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
কিন্তু স্পিন ভালো খেলায় দক্ষ সেই ব্যাটসম্যানদেরই একজনকে নিয়ে সমস্যায় আছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজের সাত ইনিংসে তার গড় ছিল ১৭, আর চেন্নাই টেস্টের দুই ইনিংসে করেছেন ৩ ও ৪। তাকে অবশ্য এখনই বাদ দিচ্ছেন না ভারতের নির্বাচকরা, কিন্তু মোহালিতে খুব সম্ভব ব্যাটিং অর্ডারে একটু নিচের দিকে নেমে যেতে হবে তাকে।
অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত খেলা চার টেস্টেই জয় পাওয়া মহেন্দ্র সিং ধোনির দল এই টেস্টে না হারলে টানা দ্বিতীয় সিরিজ জেতা হবে তাদের। এর আগের সিরিজেই অস্ট্রেলিয়াকে ২-০ ম্যাচে হারিয়েছে তারা। অন্য দিকে এই টেস্টে জিততে না পারলে টানা দ্বিতীয় সিরিজ হারের লজ্জা সইতে হবে কেভিন পিটারসেনের দলকে। আগের সিরিজে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ১-২ টেস্টে হেরেছিল তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/২০২৫ ঘ.
bdnews24