ঢাকা, ১৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কিছুদিন আগে জিম্বাবুয়েতে স্বাগতিকদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বটে, তবে সেখানে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের দেখা গেছে বেহাল দশায়। খোদ অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে চার ইনিংসে করেছেন মাত্র ১৯ রান। সুতরাং ব্যাটসম্যানদের রানে ফেরার চ্যালেঞ্জ নিয়েই বৃহষ্পতিবার দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় আসছে শ্রীলঙ্কা। প্রথমে ১৯ ডিসেম্বর আসার কথা থাকলেও তারা চলে আসছে একদিন আগেই। দুপুর সাড়ে ১২টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় প্ৗেছানোর কথা তাদের।
এই দলে অবশ্য নেই শ্রীলঙ্কার 'স্পিন বিস্ময়' অজন্তা মেন্ডিস। ডান পায়ের গোঁড়ালির ইনজুরির কারণে তাকে ছাড়াই টেস্ট সিরিজের দল সাজাতে হয়েছে লঙ্কানদের। কিন্তু তাতে কী! টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন ও দীর্ঘদিন ধরে তাদের পেস আক্রমণের নেতা চামিন্ডা ভাস তো আছেনই। মেন্ডিসকে বাদ দিলে প্রায় পুরো শক্তির বোলিং নিয়েই আসছে তারা। ৩ জানুয়ারি থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় টেস্টে পুরো শক্তির বোলিং নিয়েও নামার সম্ভাবনা আছে শ্রীলঙ্কার। কারণ ওই টেস্টে যে ফিরতে পারেন অজন্তাও।
শ্রীলঙ্কা দলের ফিজিও রনজিত নানায়েকারাওয়াসাম তেমন আভাসই দিয়েছেন। তিনি জানিয়েছেন চিকিৎসায় দ্রুতই সেরে উঠছেন অজন্তা, দ্বিতীয় টেস্টের আগে তার পুরো ফিট হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। এমনকি শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট নাকি তাকে দলের সঙ্গে নিয়েই আসতে চেয়েছিল। যাতে দলের সঙ্গে থেকেই তার চিকিৎসাটা চলে। সেই সম্ভাবনা বাতিল হয়ে যায়নি এখনো। শ্রীলঙ্কা ক্রিকেটের অন্তর্বর্তীকালীন কমিটির সিদ্ধান্তের ওপরই আসলে ঝূলে আছে বিষয়টা।
বৃহষ্পতিবার ঢাকায় পৌঁছে পরদিন অনুশীলন করবে শ্রীলঙ্কা। এরপর ২০ ডিসেম্বর থেকে বিকেএসপিতে তারা তিনদিনের ওয়ার্ম আপ ম্যাচ খেলে তৈরি হবে টেস্ট সিরিজের জন্য। ২৬ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের মাঝখানে একদিন (২৯ ডিসেম্বর) বিরতিও থাকবে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। টেস্ট সিরিজ শেষে ১০ জানুয়ারি থেকে স্বাগতিক ও জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে একটা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও অংশ নেবে মাহেলা জয়াবর্ধনের দল।
শ্রীলঙ্কা দল : মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা (সহ-অধিনায়ক), মালিন্দা ওয়ার্নাপুরা, মাইকেল ভ্যানডর্ট, থিলান সামারাবীরা, তিরকরতে
bdnews24