২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া

টস জিতে ব্যাট করতে নেমে ১৫ রানে ৩ উইকেট নেই! তবে এমন ভয়ঙ্কর সূচনার পরও বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা খারাপ কাটেনি অস্ট্রেলিয়ার। সাইমন ক্যাটিচ, মাইকেল ক্লার্ক ও অ্যান্ড্রু সাইমন্ডসের তিনটি ফিফটির সৌজন্যে দিনশেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ৩৪১ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 08:02 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

পার্থ, ১৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টস জিতে ব্যাট করতে নেমে ১৫ রানে ৩ উইকেট নেই! তবে এমন ভয়ঙ্কর সূচনার পরও বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা খারাপ কাটেনি অস্ট্রেলিয়ার। সাইমন ক্যাটিচ, মাইকেল ক্লার্ক ও অ্যান্ড্রু সাইমন্ডসের তিনটি ফিফটির সৌজন্যে দিনশেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ৩৪১ রান। পার্থের ওয়াকা মাঠের উইকেট বিশ্বের অন্যতম দ্রুতগতির হিসাবে স্বীকৃত। কিন্তু সেখানেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। শুরুতে তার এই সিদ্ধান্তটা ভুল বলেই মনে হচ্ছিল। মাখায়া এনটিনির করা ইনিংসের তৃতীয় ওভারেই স্লিপে ক্যাচ তুলে দিয়েছেন ম্যাথু হেইডেন (১২)। পরের বলে পন্টিংও আউট! গালিতে থাকা এবি ডি ভিলিয়ার্স নিয়েছেন নিচু হয়ে আসা ক্যাচটা। মাইকেল হাসিকে ফিরিয়ে এনটিনি অবশ্য হ্যাটট্রিক করতে পারেননি। তবে হাসি বেশিক্ষণ থাকতেও পারেননি। ডেল স্টেইনের বলে ডি ভিলিয়ার্সের হাতেই দুর্দান্ত এক ক্যাচে পরিণত হয়ে শূন্য হাতে ফিরে আসতে হয়েছে তাকে। শুরুতে এমন বিপর্যয়ের পর অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়েছে ক্যাটিচ ও ক্লার্কের দৃঢ়তায়। দু জনের ১৪৯ রানের জুটিতে স্বাগতিকরা যখন অনেকখানি স্বস্তিতে ঠিক তখনই আবার জোড়া ধাক্কা। মর্নে মরকেলের নিচু হয়ে আসা এক ফুলটসে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ৮৩ রান করা ক্যাটিচ। পরের ওভারেই ক্লার্ককে (৬২) মিড অনে স্মিথের সহজ ক্যাচ বানিয়ে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে ১৬৬ রানে পরিণত করেছেন বাঁহাতি স্পিনার পল হ্যারিস। কিন্তু এই জোড়া ধাক্কাও প্রথম দিনে চালকের আসনে বসাতে পারেনি প্রোটিয়াদের। কারণ অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানদের দৃঢ়তাপূর্ণ প্রতিরোধ। যে প্রতিরোধের সূচনা করেছেন অ্যান্ড্রু সাইমন্ডস। প্রথমে ব্র্যাড হ্যাডিনকে নিয়ে ৯৩ রানের জুটি গড়েছেন তিনি। হ্যারিস ৫৭ রান করা সাইমন্ডসকে ফিরিয়ে জুটিটা ভাঙ্গলেও অস্ট্রেলিয়াকে তিনশোর নিচে আটকে রাখা সম্ভব হয়নি দক্ষিণ আফ্রিকার পক্ষে। হ্যাডিন (৪৬), ব্রেট লি (২৯), জেসন ক্রেইজা (অপরাজিত ১৯) ও মিচেল জনসন (১৮) মিলে দলকে পৌঁছে দিয়েছেন সাড়ে তিনশোর কাছাকাছি। ৬৬ রানে ৩ উইকেট নিয়েছেন এনটিনি। স্টেইন, মরকেল ও হ্যারিসের শিকার দুটি করে উইকেট। ক্রিকইনফোর সহায়তায় সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৮৯ ওভারে ৩৪১/৯ (হেইডেন ১২, ক্যাটিচ ৮৩, পন্টিং ০, হাসি ০, ক্লার্ক ৬২, সাইমন্ডস ৫৭, হ্যাডিন ৪৬, লি ২৯, ক্রেইজা ১৯*, জনসন ১৮, অতিরিক্ত ১৫; এনটিনি ৩/৬৬, স্টেইন ২/৭১, ক্যালিস ০/৬৫, মরকেল ২/৬২, হ্যারিস ২/৭০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৪০ঘ.