২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের সেঞ্চুরিতে জয়ের সুবাস পাচ্ছে খুলনা

সাকিব আল হাসানের সেঞ্চুরি এবং মোহাম্মদ আশরাফুল-মেহরাব হোসেন জুনিয়রদের ব্যাটিং ব্যর্থতায় জাতীয় লিগে জয়ের খুব কাছে খুলনা। মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৭৪ রানে এগিয়ে থাকা স্বাগতিকরা (খুলনা ১ম ইনিংস ৩৫৫ ও ঢাকা ১ম ইনিংস ১৮১) দ্বিতীয় ইনিংসে ৩৫২ রান তুলেছে সাকিবের ১২৯ রানের দারুণ এক ইনিংসের সৌজন্যে। সুবাদে ৫২৭ রানের বিশাল টার্গেট পাওয়া ঢাকা চরম বিপদে পড়েছে আশরাফুল ও মেহরাব দু'জনই শূন্য রানে আউট হওয়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সাকিব আল হাসানের সেঞ্চুরি এবং মোহাম্মদ আশরাফুল-মেহরাব হোসেন জুনিয়রদের ব্যাটিং ব্যর্থতায় জাতীয় লিগে জয়ের খুব কাছে খুলনা। মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৭৪ রানে এগিয়ে থাকা স্বাগতিকরা (খুলনা ১ম ইনিংস ৩৫৫ ও ঢাকা ১ম ইনিংস ১৮১) দ্বিতীয় ইনিংসে ৩৫২ রান তুলেছে সাকিবের ১২৯ রানের দারুণ এক ইনিংসের সৌজন্যে। সুবাদে ৫২৭ রানের বিশাল টার্গেট পাওয়া ঢাকা চরম বিপদে পড়েছে আশরাফুল ও মেহরাব দু'জনই শূন্য রানে আউট হওয়ায়। ৪০ রানে ৪ উইকেট হারানোর পর দুটো দারুণ জুটিও ঢাকাকে এই ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখাতে পারছে না। মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে অধিনায়ক এবং ওপেনার জাভেদ ওমরের (৭৬) ১০৭ রানের জুটি আরো বড় লজ্জা থেকে বাঁচিয়েছে ঢাকাকে। নাদিফ চৌধুরীকে (২৬*) সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া রিয়াদ অপরাজিত ৭৯ রানে। তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ঢাকার সংগ্রহ ৫ উইকেটে ২০৪ রান। জিততে হলে বুধবার ম্যাচের শেষ দিনে আরো ৩২৩ রান করতে হবে তাদের। এর আগে ৫ উইকেটে ১৪৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা খুলনা সাকিব ও রায়হান আনাসের কাছ থেকে ষষ্ঠ উইকেটে পেয়েছে ২০২ রানের দুর্দান্ত এক জুটি। সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরে আসা রায়হান করেছেন ৯০ রান। আর অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া সাকিব দলের লিড পাঁচশো পার করে দিয়ে গেছেন। প্রথম ইনিংসে ফিফটি করা সাকিবের এই ইনিংসে ২০টি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কার মারও আছে। এই ম্যাচে খুলনা জয়ের অনেকখানি কাছে পৌঁছে গেলেও চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে জয়ের সুযোগ আছে দুদলের সামনেই। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়া বরিশাল রকিবুল হাসানের ৭৭ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে তুলেছে ২৬৬ রান। ৩১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে চট্টগ্রাম তৃতীয় দিনের শেষে ২ উইকেটে তুলেছে ৬৩ রান। জিততে হলে শেষ দিনে ৮ উইকেট হাতে নিয়ে স্বাগতিকদের করতে হবে আরো ২৫০ রান। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক দল আর সিলেটের ম্যাচে আগের দু'দিন তবু কিছু খেলা হয়েছিল। কিন্তু তৃতীয় দিনে ভারী কুয়াশা ও আলোর স্বল্পতার কারণে একটি বলও মাঠে গড়ায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১১০ঘ.