২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নবম রাউন্ডে তারকারা ফিরছেন তবে...

গত অক্টোবরে যখন দশম জাতীয় ক্রিকেট লিগ শুরু হয়, তখন জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে। ওই সিরিজ শেষ হওয়ার দিন কয়েকের মধ্যেই আবার এক মাসের লম্বা সফরে দক্ষিণ আফ্রিকা চলে যাওয়ায় দেশের একমাত্র প্রথম শ্রেণীর প্রতিযোগিতা এতো দিন তারকাহীনই ছিল। রোববার থেকে শুরু হতে যাওয়া নবম রাউন্ডে তারকা সংকট ঘুচছে, তবে পুরোটা নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 05:07 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ১৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গত অক্টোবরে যখন দশম জাতীয় ক্রিকেট লিগ শুরু হয়, তখন জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে। ওই সিরিজ শেষ হওয়ার দিন কয়েকের মধ্যেই আবার এক মাসের লম্বা সফরে দক্ষিণ আফ্রিকা চলে যাওয়ায় দেশের একমাত্র প্রথম শ্রেণীর প্রতিযোগিতা এতো দিন তারকাহীনই ছিল। রোববার থেকে শুরু হতে যাওয়া নবম রাউন্ডে তারকা সংকট ঘুচছে, তবে পুরোটা নয়। কারণ এই রাউন্ডে না খেলার জোরালো সম্ভাবনা জাতীয় দলের সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং ওপেনার তামিম ইকবালের। ত্র"টিপূর্ণ বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞায় বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক এবং ইনজুরির জন্য বাঁ হাতি পেসার সৈয়দ রাসেলের না খেলার খবর তো পুরনো। পিঠের ব্যথা প্রায়ই ভুগিয়ে থাকে মাশরাফিকে। জাতীয় লিগের চলতি আসরের শেষপ্রান্তে এসে তার খেলার সম্ভাবনাও শেষ করে দিচ্ছে ওই সমস্যাই। প্রধান নির্বাচক রফিকুল আলম তেমনই জানিয়েছেন, "মাশরাফির পিঠে সামান্য ব্যথা আছে। এজন্য শ্রীলঙ্কা সিরিজের আগে আমরা কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। কালকের (রোববারের) ম্যাচে তাই ও না-ও খেলতে পারে।" রাজ্জাক-রাসেলের মতো মাশরাফিও না খেললে ঢাকার বিপক্ষে চার দিনের ম্যাচে চাপেই থাকার কথা স্বাগতিক খুলনার। কারণ এই ম্যাচে জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলসহ ঢাকা পাচ্ছে মেহরাব হোসেন জুনিয়র এবং তিন পেসার শাহাদাত হোসেন, মাহবুবুল আলম রবীন ও নাজমুল হোসেনকে। আশরাফুল ফিরলেও ঢাকাকে অবশ্য নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক জাভেদ ওমর। ঢাকার মতো পাঁচ জন তারকা খেলোয়াড় দলে থাকলেও গতবারের চ্যাম্পিয়ন খুলনা খেলাতে পারছে মাত্র দু'জনকে --- সাকিব আল হাসান এবং ইমরুল কায়েস। শ্রীলঙ্কা সিরিজে যেহেতু দলে পরিবর্তন আনার তেমন কোনো পরিকল্পনা নেই এবং এই ম্যাচেই তারকার সংখ্যা বেশি, তাই এই ম্যাচ দেখতে খুলনায় যাচ্ছেন জাতীয় দলের কোচ জেমি সিডন্স। ছুটি কাটিয়ে শনিবার ঢাকায় ফেরা এই অস্ট্রেলিয়ানের সঙ্গী হচ্ছেন প্রধান নির্বাচকও। শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার আগে খুলনা-ঢাকা ম্যাচটি তাই জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বড় এক পরীক্ষা। তবে শিরোপা লড়াইয়ে এই দু'দল এখনো বেশ পিছিয়ে। ৮ ম্যাচে ঢাকা ও খুলনার সংগ্রহ যথাক্রমে ৭১ এবং ৬২ পয়েন্ট। অবস্থান তিন ও চার নম্বরে। নবম রাউন্ডে খুলনা-ঢাকার লড়াই যতোটা মর্যাদার, ঠিক ততোটাই শিরোপা লড়াইয়ে আরো এগিয়ে যাওয়ার রাজশাহী এবং বরিশালের। ৮ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রাজশাহী নিজেদের মাঠে মুখোমুখি হচ্ছে সবার নীচে থাকা সিলেটের (৮ ম্যাচে ৫০ পয়েন্ট)। জুনায়েদ সিদ্দিকী ও নাঈম ইসলাম ছাড়াও এই ম্যাচে নির্বাচক আকরাম খানের চোখ থাকবে রাজশাহীর সোহরাওয়ার্দী শুভ'র দিকে। কারণ রাজ্জাকের বিকল্প হিসেবে এই বাঁহাতি স্পিনারের কথাই ভাবছেন নির্বাচকরা। এই ম্যাচে সিলেটের হয়ে খেলবেন জাতীয় দলের উইকেটকিপার মুশফিকুর রহিমও। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে চলতি জাতীয় লিগের একমাত্র অপরাজিত দল বরিশাল। ৮ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে যারা আছে দ্বিতীয় স্থানে। জাতীয় দলের রকিবুল হাসানকে এই ম্যাচে পাচ্ছে তারা। রাসেলের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে পাঁচটি ম্যাচ খেলে যাওয়া বাঁহাতি পেসার সাজিদুল ইসলামকেও পাওয়া যাচ্ছে। কিন্তু ৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা চট্টগ্রাম খুব সম্ভবত পাচ্ছে না তামিমকে। তার কী সমস্যা সেটা নিশ্চিত করে বলতে না পারলেও প্রধান নির্বাচক জানিয়েছেন, "তামিমেরও শারীরিক সমস্যা। এই ম্যাচে মাশরাফির মতো ওকেও না খেলাতে পারি।" ঈদুল আযহার জন্য নয়দিনের বিরতি দিয়ে রোববার থেকে আবার শুরু হতে যাওয়া জাতীয় লিগের নবম রাউন্ডেই শুধু খেলতে পারছেন জাতীয় তারকারা। কারণ দশম ও সর্বশেষ রাউন্ডের সময় আবার শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন আশরাফুলরা। অর্থাৎ মাশরাফি ও তামিমের এই একটা ম্যাচও খেলার সুযোগ হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৫৪ঘ.