ডানেডিন, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ওভারেই দুটি উইকেট তুলে নিয়ে ভারতকে দারুণ একটা ধাক্কা দিয়েছেন গ্রায়েম সোয়ান। তারপর আর উইকেট পাননি, তবে তার ওই জোড়া শিকারের ধাক্কা পুরোপুরি সামলে উঠতে পারেনি স্বাগতিকরা। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনশেষে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৫৫ রান তুলেছে মহেন্দ্র সিং ধোনির দল। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩১৬ রান তোলা ইংল্যান্ডের চেয়ে এখনো ১৬১ রানে পিছিয়ে রয়েছে তারা।
ইনিংসের ১৪তম ওভারে বল হাতে পেয়ে তৃতীয় বলেই ওপেনার গৌতম গম্ভীরকে (১৯) এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন সোয়ান। আর ওই ওভারেরই শেষ বলে রানখরায় ভুগতে থাকা রাহুল দ্রাবিড়ও (৩) এই অফস্পিনারের শিকার হয়েছেন। এর আগে বীরেন্দর শেবাগকে (৯) বোল্ড করে দিয়ে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন জেমস অ্যান্ডারসন।
৩৭ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ভেঙ্কটসাইকে লক্ষ্মণকে (২৪) নিয়ে ৬১ রানের জুটি গড়ে ভারতকে লড়াইয়ে ফিরিয়েছেন শচীন টেন্ডুলকার (৩৭)। কিন্তু শেষ বিকেলে এই দুজনের পর ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের হন্তারক যুবরাজ সিংকেও (১২) ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছেন তাদের বোলাররা। সোয়ান ছাড়া তাদের অন্য চার বোলার অ্যান্ডারসন, স্টিভ হার্মিসন, অ্যান্ড্রু ফ্লিন্টফ আর মন্টি পানেসার নিয়েছেন একটি করে উইকেট। দিনশেষে ২৪ রানে অপরাজিত অধিনায়ক ধোনির সঙ্গী হয়ে আছেন হরভজন সিং (১৩)।
এর আগে প্রথম দিনের ৫ উইকেটে ২২৯ রান নিয়ে খেলতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩১৬ রান তুলেছে মূলত উইকেটকিপার ম্যাট প্রিয়রের অপরাজিত ৫৩ রানের কল্যাণে। ভারতের পক্ষে দুই স্পিনার হরভজন (৩/৯৬) আর অমিত মিশ্র (৩/৯৯) নিয়েছেন তিনটি করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭১৫ ঘ.
bdnews24