২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব আশঙ্কা সরিয়ে ভারতে ফিরছে ইংল্যান্ড

আশঙ্কা ছিল, ছিল উৎকণ্ঠা আর উদ্বেগ। তবে সব আশঙ্কাকে পেছনে ফেলে দুই টেস্টের সিরিজ খেলতে ভারতে ফিরতে রাজি হয়েছে ইংল্যান্ড। গত মাসের শেষ দিকে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে ৭ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটো ম্যাচ না খেলেই দেশে ফিরে যায় কেভিন পিটারসেনের দল। তখন থেকেই টেস্ট সিরিজটাকে ঘিরে আশঙ্কার কালো মেঘ জমেছিল। ইংল্যান্ডের বেশ কয়েক জন তারকা ক্রিকেটার ভারতে ফিরবেন না এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল মিডিয়ায়। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সরাসরি ভারতে না গিয়ে আবুধাবিতে চলে যায় ইংল্যান্ড দল, অপেক্ষা করতে থাকে সবুজ সঙ্কেতের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

নয়াদিল্লী, ৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আশঙ্কা ছিল, ছিল উৎকণ্ঠা আর উদ্বেগ। তবে সব আশঙ্কাকে পেছনে ফেলে দুই টেস্টের সিরিজ খেলতে ভারতে ফিরতে রাজি হয়েছে ইংল্যান্ড। গত মাসের শেষ দিকে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে ৭ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটো ম্যাচ না খেলেই দেশে ফিরে যায় কেভিন পিটারসেনের দল। তখন থেকেই টেস্ট সিরিজটাকে ঘিরে আশঙ্কার কালো মেঘ জমেছিল। ইংল্যান্ডের বেশ কয়েক জন তারকা ক্রিকেটার ভারতে ফিরবেন না এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল মিডিয়ায়। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সরাসরি ভারতে না গিয়ে আবুধাবিতে চলে যায় ইংল্যান্ড দল, অপেক্ষা করতে থাকে সবুজ সঙ্কেতের। সেই সঙ্কেতই তারা পেয়েছে রোববার। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রেগ ডিকাসন আগেই চলে গিয়েছিলেন প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন তিনি। পরে চেন্নাইয়ে গিয়ে তার সঙ্গে যোগ দেন ইসিবির ব্যবস্থাপনা পরিচালক হিউ মরিস ও ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী শন মরিস। তারা সবাই চেন্নাইয়ের নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট হয়েছেন, পেয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা পাওয়ার আশ্বাস। আর সেই আশ্বাসের ভিত্তিতেই ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। রোববার রাতে আবুধাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সে কথাই জানিয়েছেন হিউ মরিস, "(ভারতে যাওয়ার) সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে টেস্ট সিরিজ খেলতে চেন্নাইয়ে রওনা দিতে যাচ্ছে সব খেলোয়াড়।" বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের ভেন্যু শুরুতে আহমেদাবাদ হলেও নিরাপত্তার কারণে তা সরিয়ে নেয়া হয়েছে চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল মুম্বাইয়ে। কিন্তু সন্ত্রাসবাদীদের তান্ডবের কারণে সেখানে হওয়া সম্ভব নয় বলে ম্যাচটা হবে মোহালিতে, ১৯ ডিসেম্বর থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯১০ঘ.