২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বদেশবাসীর কাছে ক্ষমা চাইলেন অনুতপ্ত আসিফ

বিতর্ক অনেক দিন ধরেই তার সঙ্গী। আইপিএল-এর প্রথম আসরে ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় তিনি এখন ক্রিকেট থেকেও নির্বাসিত। সেজন্য মোহাম্মদ আসিফ ভীষণ দুঃখিত, লজ্জিত। পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে সাক্ষাতকার দেয়ার সময় অনুতপ্ত এই ফাস্ট বোলার চোখের পানি ধরে রাখতে পারেননি। কাঁদতে, কাঁদতেই কৃতকর্মের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 08:50 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

করাচি, ৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিতর্ক অনেক দিন ধরেই তার সঙ্গী। আইপিএল-এর প্রথম আসরে ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় তিনি এখন ক্রিকেট থেকেও নির্বাসিত। সেজন্য মোহাম্মদ আসিফ ভীষণ দুঃখিত, লজ্জিত। পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে সাক্ষাতকার দেয়ার সময় অনুতপ্ত এই ফাস্ট বোলার চোখের পানি ধরে রাখতে পারেননি। কাঁদতে, কাঁদতেই কৃতকর্মের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। "আমার আচরণ ঠিক ছিল না। আমি একের পর এক ভুল করেছি। সেজন্য জাতির কাছে আমি দুঃখ প্রকাশ করছি"--- পাকিস্তানের 'জিও সুপার' চ্যানেলের সঙ্গে কথা বলার সময় অশ্র"সজল চোখে আসিফের মন্তব্য। তবে আরেকটা সুযোগ পেলে নিজেকে নতুন এক জন মানুষ হিসাবে সবার সামনে উপস্থাপন করার অঙ্গীকারও করলেন আগামী ২০ ডিসেম্বর ২৬ বছর পূর্ণ করতে যাওয়া এই ফাস্ট বোলার, "আমি পাকিস্তানের সবুজ ব্লেজারকে অসম্মানিত করেছি। কিন্তু প্রতিজ্ঞা করছি যে পরবর্তীতে (দলে) সুযোগ পেলে আমি সম্পূর্ণ পরিবর্তিত এক জন খেলোয়াড় হিসাবে আবির্ভূত হবো।" তবে অদূর ভবিষ্যতে আসিফের পাকিস্তান দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণই বলা যায়। গত জুনে আইপিএল শেষ হওয়ার কয়েক দিন পর দুবাই বিমানবন্দরে নিষিদ্ধ ড্রাগ সঙ্গে রাখার অভিযোগে ধরা পড়েছিলেন তিনি। যে কারণে দুবাই বিমানবন্দরে দীর্ঘ ১৯ দিন আটকও থাকতে হয়েছিল তাকে। পিসিবি'র হস্তক্ষেপে সেখান থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আরেকটা বড় দুঃসংবাদ পান আসিফ। জুলাইয়ে আইপিএল কর্তৃপক্ষ জানায় ড্রাগ টেস্টে আসিফের মূত্র নমুনায় নিষিদ্ধ ন্যানড্রোলনের আলামত পাওয়া গেছে। তার প্রায় সঙ্গে সঙ্গেই তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে 'বি' অর্থাৎ দ্বিতীয় নমুনাও পজিটিভ হওয়ার কথা জানায় আইপিএল কর্তৃপক্ষ। আসিফ অবশ্য ড্রাগ টেস্টের ফলাফলের বিরুদ্ধে আপিল করেছেন। কিন্তু এখনো তার কোনো সুফল না পাওয়ায় স্বাভাবিকভাবেই তিনি ভীষণ হতাশ, "তারা (আইপিএল কর্তৃপক্ষ) টেস্টের ফলাফল প্রায় আড়াই মাস পর ঘোষণা করেছে। কিন্তু এখন কোনো শুনানি করছে না। ব্যাপারটা আমার জন্য ভীষণ হতাশাজনক। নিরপরাধ প্রমাণিত হওয়ার জন্য উদ্বেগ নিয়ে অপেক্ষা করছি আমি। কারণ আমি আবার ক্রিকেট খেলতে চাই। " আইপিএল কর্তৃপক্ষের তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত পিসিবি আসিফকে মাঠে নামার অনুমতি দিতে রাজি নয়। সেই সঙ্গে দুবাইয়ে তার আটক থাকার ঘটনা তদন্তেরও নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সব মিলিয়ে আসিফের এখন ঘোর দুঃসময়ের মধ্যে বসবাস। অবশ্য ড্রাগ টেস্টে ধরা পড়ার ঘটনা তার জীবনে নতুন নয়। ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগেও ন্যানড্রোলন নেয়ার অভিযোগে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে সেবার শাস্তির বিরুদ্ধে আপিল করে মাসখানেক পরই রেহাই পেয়ে গিয়েছিলেন। কিন্তু এবার বোধহয় এত সহজে মুক্তি পাচ্ছেন না ১১ টেস্টে ৫১ ও ৩১ ওয়ানডেতে ৩৬ উইকেটের মালিক আসিফ! ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৪১ঘ.