২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিনটি সিরিজের টাইটেল স্পনসর গ্রামীণফোন

চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এক মাসের জন্য দম ফেলার ফুরসত পাবেন না মোহাম্মদ আশরাফুলরা। ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে দুই টেস্টের সিরিজ। এটা শেষ হওয়ার দু'দিন পরই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে স্বাগতিকরা খেলবে ত্রিদেশীয় সিরিজ। চার ম্যাচের এই টুর্নামেন্ট শেষে আবার জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরপর এই তিনটি সিরিজেরই টাইটেল স্পনসরশিপ কিনেছে গ্রামীণফোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ৩ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এক মাসের জন্য দম ফেলার ফুরসত পাবেন না মোহাম্মদ আশরাফুলরা। ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে দুই টেস্টের সিরিজ। এটা শেষ হওয়ার দু'দিন পরই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে স্বাগতিকরা খেলবে ত্রিদেশীয় সিরিজ। চার ম্যাচের এই টুর্নামেন্ট শেষে আবার জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরপর এই তিনটি সিরিজেরই টাইটেল স্পনসরশিপ কিনেছে গ্রামীণফোন। এজন্য তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক কোটি ৩০ লাখ টাকা দিচ্ছে বলেও বুধবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। সব মিলিয়ে দুটো টেস্ট এবং সাতটি ওয়ানডের সময় দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন সংস্থাটি টাইটেল স্পনসরশিপ ছাড়াও প্রাইজমানি, ম্যাচ ভেন্যু এবং অংশগ্রহণকারী দলগুলোর বাস ব্র্যান্ডিং করার অধিকার পাবে। ঢাকার বাইরে ভেন্যু অবশ্য একটিই- চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়াম। ৩ জানুয়ারি থেকে সেখানে শুরু হবে শ্রীলঙ্কার সঙ্গে গ্রামীণফোন টেস্ট সিরিজের শেষ ম্যাচ। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে গ্রামীণফোন ট্রাইনেশন কাপ ১০ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ তারিখ। এরপর জিম্বাবুয়ের সঙ্গে গ্রামীণফোন ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৯, ২১ ও ২৩ জানুয়ারি। সাতটি ওয়ানডে ম্যাচের সবগুলোই হবে মিরপুরে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ওডভার হেশজেডাল, মার্কেটিং ডিরেক্টর রুবাবা দৌলা, বিসিবির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনাম এবং কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান আজিজ আল কায়সার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০৫ঘ.