ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কদিন আগেই তাদের টপকে বিশ্ব র্যাংকিংয়ের দুই নম্বরে উঠেছিল ভারত। বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে দক্ষিণ আফ্রিকা আবার ফিরে পেয়েছে সেই জায়গাটা। সোমবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার পরেই রয়েছে প্রোটিয়াদের নাম।
গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলেছিল ভারত। দুই নম্বরে ফিরতে বাংলাদেশের বিপক্ষে দুটো টেস্টেই জেতা প্রয়োজন ছিল তাদের। দুই টেস্টেই ইনিংস ব্যবধানে জিতে সেই লক্ষ্য পুরণ করলেও অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধানটা খুব একটা কমেনি তাদের। নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে রিকি পন্টিংয়ের দল শীর্ষে তাদের অবস্থানটা সংহত করেছে আরো।
আর এই সিরিজ হেরে নিউজিল্যান্ড নেমে গেছে আট নম্বরে। তাদের টপকে আপাতত সাত নম্বরে ওয়েস্ট ইন্ডিজ, তবে দেশের মাটিতে পরের সিরিজেই ক্যারিবিয়ানদের হারালেই আবার তাদের পেছনে ফেলবে কিউইরা।
তালিকার চার, পাঁচ ও ছয় নম্বরে আছে যথাক্রমে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও পাকিস্তান আর নিউজিল্যান্ডের পেছনে সবশেষ স্থানে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬৩০ ঘ.
bdnews24