২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সেই ইনিংস পরাজয়, আবার সেই তিন দিনেই!

বোলাররা যতই ভালো করুক, বাংলাদেশের ব্যাটসম্যানরা তা মাটি করে দিতে দারুণ দক্ষ! শুক্রবার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে আরো একবার তা প্রমাণিত। ১৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। সুবাদে দুই দিন হাতে রেখেই দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে এক ইনিংস ও ৪৮ রানের বড় ব্যবধানে। দুই টেস্ট সিরিজের প্রথমটিতেও ইনিংস ব্যবধানে জিতেছিল প্রোটিয়ারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 10:34 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

সেঞ্চুরিয়ন, ২৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোলাররা যতই ভালো করুক, বাংলাদেশের ব্যাটসম্যানরা তা মাটি করে দিতে দারুণ দক্ষ! শুক্রবার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে আরো একবার তা প্রমাণিত। ১৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। সুবাদে দুই দিন হাতে রেখেই দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে এক ইনিংস ও ৪৮ রানের বড় ব্যবধানে। দুই টেস্ট সিরিজের প্রথমটিতেও ইনিংস ব্যবধানে জিতেছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। মাখায়া এনটিনির করা ইনিংসের চতুর্থ ওভারেই ইমরুল কায়েস (৫) স্লিপে গ্রায়েম স্মিথকে ক্যাচ দেয়ায় ১ উইকেটে ৮ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় মোহাম্মদ আশরাফুলের দল। দলীয় সংগ্রহ ৩৭ রানে পৌঁছানোর পর ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলেরও সূত্রপাত। সেই মিছিলের সূচনা করেছেন জুনায়েদ সিদ্দিকী (১৬), জ্যাক ক্যালিসের বলে পয়েন্টে হাশিম আমলাকে সহজ ক্যাচ দিয়ে। বাংলাদেশের স্কোর তখন ২ উইকেটে ৩৭। ১০ রান যোগ হওয়ার পর তামিম ইকবালও আউট! বাংলাদেশের বাঁহাতি ওপেনার অবশ্য নিল ম্যাকেঞ্জির দুর্দান্ত ফিল্ডিংয়ের শিকার। মর্নে মরকেলকে কাট করে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন তামিম (২০)। কিন্তু ডানদিকে ঝাঁপিয়ে একহাতে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ম্যাকেঞ্জি। কাকতালীয়ভাবে ১০ রান পর আবার উইকেট হারিয়েছে বাংলাদেশ। মরকেলের বলে অহেতুক দুই রান নিতে চেয়েছিলেন আশরাফুল। কিন্তু নন-স্ট্রাইক প্রান্তে থাকা মেহরাব জুনিয়র (০) ক্রিজে পৌঁছানোর আগেই আমলার সরাসরি থ্রো ভেঙ্গে দিয়েছে উইকেট। বাংলাদেশ অধিনায়ক নিজেও রান আউটের বলি! দু ওভার পর মরকেলের বল লং লেগে পাঠিয়ে দুই রান নিতে চাওয়া আশরাফুল (২১) আউট হয়ে গেছেন স্টেইনের দুর্দান্ত এক থ্রোতে। মরকেলের পরের ওভারে ফিরে এসেছেন সাকিবও (২)। প্রথম ইনিংসে বাংলাদেশের বোলিং-হিরো মরকেলকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েছেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা এনটিনির হাতে। আর তাই ৭৭ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে যথারীতি আরেকটা ইনিংস পরাজয়ের সামনে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। সেই শঙ্কা থেকে দলকে বের করে আনতে পারেননি প্রথম ইনিংসে ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলা মুশফিকুর রহিম। মাত্র ৪ রান করে এনটিনির বলে বোল্ড হয়ে গেছেন তিনি। মুশফিক ফিরে যাওয়ার পর অবশ্য সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে ছোট-খাটো এক ঝড় তুলেছেন মাশরাফি। প্রথম বলেই এনটিনিকে চার মেরেছেন তিনি। সেই ওভারের শেষ দুই বলে বাংলাদেশ সহ-অধিনায়কের আবার দুটো বাউন্ডারি। রকিবুলও জন্ডেকির পরপর দুই বলে চার মেরে দলকে ইনিংস পরাজয় এড়ানোর স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু বাংলাদেশের সেই আশা পূরণ হয়নি বোকার মতো আরেকটি রান আউটের কারণে। এনটিনির বলে সিঙ্গেল নিতে গিয়ে প্রিন্সের তৎপরতায় ইনিংসে তৃতীয় রান আউটের শিকার হয়েছেন রকিবুল। যদিও তার ২৮ রানই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। রকিবুল ফিরে আসার সময় বাংলাদেশের স্কোর ছিল ৮ উইকেটে ১২৬ রান। আর ৫ রান যোগ হতেই খেলা এবং সিরিজেরও সমাপ্তি। শাহাদাত (০) ও মাহবুবুল আলমকে (১) আউট করে দিনের খেলা শেষ হওয়ার ৩৩ ওভার আগেই ম্যাচের সমাপ্তি টেনে দিয়েছেন প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট খেলতে নামা জন্ডেকি। মরকেল ও এনটিনির মতো তিনিও নিয়েছেন ২ উইকেট। তাই ৫৭ টেস্টে ৩৩বারের মতো পরাজয়ের লজ্জায় ডুবতে হয়েছে বাংলাদেশকে। অপরাজিত ১৬২ রানের সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। সবচেয়ে বেশি (২২১) রান করায় সিরিজ-সেরাও তিনি। অথচ দিনের প্রথম সেশনটা দারুণ কেটেছে আশরাফুলের দলের। মাত্র চার বলের ব্যবধানে তিন উইকেট নিয়েছেন সাকিব। তার সঙ্গে শাহাদাত হোসেনও জ্বলে ওঠায় মাত্র ২৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪২৯ রানে অলআউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে ৩৫৭ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকাকে শুক্রবার ভালোমতোই সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দুই সেঞ্চুরিয়ান অ্যাশওয়েল প্রিন্স ও মার্ক বাউচার। দুজনের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ৪০৫ রানে পৌঁছে যাওয়া স্বাগতিকরা স্বপ্ন দেখছিল বিশাল স্কোরের। কিন্তু সাকিবের এক ওভারের ঘূর্ণি-জাদু সব কিছু ওলট-পালট করে দিয়েছে দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের জন্য স্বপ্নের মতো যে ওভারে তিন-তিনটি উইকেট তুলে নিয়েছেন সাকিব। প্রোটিয়াদের পতনের সূচনা বাউচারের মাধ্যমে। দ্বিতীয় দিনশেষে ১০২ রানে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার-ব্যাটসম্যান আর ১৫ রান যোগ করে সাকিবের বলে শর্ট কাভারে ক্যাচ দিয়েছেন রকিবুল হাসানকে। ফলে ভেঙ্গে গেছে ষষ্ঠ উইকেটে দক্ষিণ আফ্রিকার রেকর্ড ২৭১ রানের জুটি। বাউচারের ১৯০ বলে খেলা ১১৭ রানের ইনিংসটা সাজানো ছিল ১৬টি বাউন্ডারিতে। সাকিবের করা পরের বলেই মর্নে মরকেল (০) বোল্ড! হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে দারুণ ফর্মে থাকা বাঁহাতি অলরাউন্ডার তখন ভীষণ রোমাঞ্চিত। কিন্তু মন্ডে জন্ডেকিকে ফিরিয়ে হ্যাটট্রিক করতে পারেননি তিনি। এক বল পরই অবশ্য কট বিহাইন্ড হয়ে গেছেন জন্ডেকি (০)। সাকিব মাত্র ৪ বলের ব্যবধানে ৩ উইকেট তুলে নেয়ায় দক্ষিণ আফ্রিকা তখন ৫ উইকেটে ৪০৫ থেকে ৮ উইকেটে ৪০৫ রানে পরিণত! সাকিবের ঐ অসাধারণ ওভারে অনুপ্রাণিত শাহাদাত জ্বলে উঠেছেন এরপরে। পরের ওভারেই তিনি মিড-অফে মোহাম্মদ আশরাফুলের ক্যাচ বানিয়েছেন মাখায়া এনটিনিকে (০)। প্রোটিয়াদের স্কোর তখন ৯ উইকেটে ৪১২ রান। প্রিন্স শেষ ব্যাটসম্যান ডেল স্টেইনকে নিয়ে ১৭ রান যোগ করার পর দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সমাপ্তি টেনে দিয়েছেন শাহাদাত। ১ রান করা স্টেইনকে বোল্ড করেছেন তিনি। প্রিন্স অপরাজিত ছিলেন ১৬২ রানে। ২২৩ বলের ইনিংসটা গড়ে উঠেছে ২৩ বাউন্ডারি ও দুই ছক্কায়। ৯৯ রানে ৬ উইকেট নেয়া সাকিব বাংলাদেশের সেরা বোলার। টেস্টে এটা তার তৃতীয় বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার। ৮৯ রানের বিনিময়ে শাহাদাত পেয়েছেন ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০৫ঘ.