কটক, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিনায়ক কেভিন পিটারসেনের অপরাজিত সেঞ্চুরিও জয়ের ধারায় ফেরাতে পারলো না ইংল্যান্ডকে। বীরেন্দর শেবাগের ৭৩ বলে ৯১ রানের ইনিংস এবং সেই সঙ্গে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি আর সুরেশ রায়নার তিনটি হাফসেঞ্চুরিতে ম্লান হয়ে গেছে পিটারসেনের অপরাজিত ১১১ রানও। এই চার তারকার দারুণ ব্যাটিংয়ে পঞ্চম ওয়ানডেতেও ইংল্যান্ডকে হারিয়েছে ভারত।
বুধবার কটকে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকরা পেয়েছে ৬ উইকেটের সহজ জয়। পিটারসেনের ওই ইনিংসের কল্যাণে টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৫০ ওভারে তুলেছিল ৪ উইকেটে ২৭০ রান। জবাবে ৪৩.৪ ওভারে, ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে গেছে ভারত।
উদ্বোধনী জুটিতে ১৩৬ রান তুলে শেবাগ আর টেন্ডুলকার গড়ে দিয়েছেন এই জয়ের ভিত। তারপর পঞ্চম উইকেটে ধোনি আর রায়না গড়েছেন ৯৪ রানের আরেকটি জুটি। ৭৩ বলে ৯১ রানের ইনিংসে শেবাগ ১৫টি বাউন্ডারি আর একটি ছক্কা মেরেছেন। ৫৭ বলে ৫০ রান করতে ছয়টি বাউন্ডারি মেরেছেন টেন্ডুলকার, ঠিক ৫০ রান করেই আউট হয়েছেন ধোনিও। ৬৭ বলের ইনিংসে ৫বার বলকে সীমানার বাইরে পাঠিয়েছেন তিনি। আর ২৬৯ থেকে বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করে দিয়ে রায়না অপরাজিত ছিলেন ৫৩ বলে ৫৩ রান নিয়ে।
দিবারাত্রির এই ম্যাচে পিটারসেনের অপরাজিত ১১১ রানের ইনিংসটা কিন্তু স্বপ্ন দেখিয়েছিল ইংল্যান্ডকেও! ৬৮ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে পল কলিংউডকে (৪০) নিয়ে ৮৯ এবং পঞ্চম উইকেটে ওয়েইজ শাহকে (৬৬*) ১১২ রানের দারুণ দুটি জুটি গড়েছেন তিনি। ১২৮ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি এবং ইনিংসের একমাত্র ছক্কাটি মেরেছেন ইংল্যান্ড অধিনায়ক। শাহ অবশ্য তারচেয়েও দ্রুতগতিতে রান তুলেছেন - বলের ইনিংসে ৯বার বলকে সীমানা পার করিয়েছেন তিনি।
ভারতের পক্ষে জহির খান ৫৯ রানে দুটি এবং ইশান্ত শর্মা ও হরভজন সিং যথাক্রমে ৫৪ ও ৪৭ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন।
সাত ম্যাচের এই সিরিজের প্রথম চারটি ম্যাচে জয় পেয়ে এর আগেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২৩০৯ ঘ.
bdnews24