২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের কোচ হলেন অ্যান্ডি মোলস

ইংরেজ হলেও নিউজিল্যান্ড ক্রিকেটাঙ্গনের সঙ্গে তার অনেক দিনের সখ্য। গত দু বছর ধরে নিউজিল্যান্ডের রাজ্য দল নর্দার্ন ডিস্ট্রিক্টসের কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি। এবার অ্যান্ডি মোলসের কাঁধে আরো বড় দায়িত্ব। মঙ্গলবার জাতীয় দলের নতুন কোচ হিসাবে তার নাম ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 09:15 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ওয়েলিংটন, ২৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংরেজ হলেও নিউজিল্যান্ড ক্রিকেটাঙ্গনের সঙ্গে তার অনেক দিনের সখ্য। গত দু বছর ধরে নিউজিল্যান্ডের রাজ্য দল নর্দার্ন ডিস্ট্রিক্টসের কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি। এবার অ্যান্ডি মোলসের কাঁধে আরো বড় দায়িত্ব। মঙ্গলবার জাতীয় দলের নতুন কোচ হিসাবে তার নাম ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। দুই টেস্ট ও পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন অস্ট্রেলিয়ায়। আগামী সপ্তাহে অর্থাৎ এই সিরিজের মাঝামাঝি সময়েই কিউই দলে জন ব্রেসওয়েলের স্থলাভিষিক্ত হবেন ৪৭ বছর বয়সী মোলস। যার অর্থ দায়িত্ব পাওয়ার পর দলকে গুছিয়ে নিতে একদমই সময় পাচ্ছেন না তিনি। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের নিউজিল্যান্ড সফর তার পরবর্তী 'অ্যাসাইনমেন্ট'। কখনো ইংল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও ইংলিশ কাউন্টি ওয়ারউইকশায়ারের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান হিসাবে দীর্ঘ এক যুগ (১৯৮৬ থেকে '৯৮) খেলেছিলেন মোলস। নর্দার্ন ডিস্ট্রিক্টসের আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল এবং দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও স্কটল্যান্ডে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। ইদানিং নিউজিল্যান্ডের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একের পর এক ব্যর্থতায় টেস্ট র‌্যাংকিংয়ে তাদের অবস্থান এখন সপ্তম। দায়িত্ব পেয়ে তাই দলকে আরো ওপরে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা সবার আগে উচ্চারিত হলো মোলসের কণ্ঠে, "গত দু বছরে আমরা বেশ কয়েক জন সিনিয়র খেলোয়াড়কে হারিয়েছি। আমরা একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছি। সফল পরিকল্পনার মাধ্যমে, লক্ষ্য নির্ধারণ করে, সামনে এগিয়ে এক বছর সময়ের মধ্যে টেস্ট ক্রিকেটে চার বা পাঁচ নম্বরে পৌঁছাতে হবে আমাদের। এবং তারপর আরো সামনে এগিয়ে যেতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫০৯ঘ.