২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেস বোলিংয়ের আগুনেই বাংলাদেশকে পোড়াতে চায় দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে স্পিনার না খেলালেও হয়, পেসাররাই তো সব করে দিচ্ছেন! বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ইনজুরি বাঁ হাতি স্পিনার পল হ্যারিসের সিরিজ শেষ করে দেওয়ার পর ব্লুমফন্টেইন টেস্ট থেকে এই শিক্ষাটাই বোধহয় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। না হলে বুধবার থেকে প্রিটোরিয়ার সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া শেষ টেস্টে পেস অ্যাটাককে আরো বেশি সমৃদ্ধ করে নামার পরিকল্পনা করবে কেন তারা? জোহানেসবার্গ থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 04:50 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

জোহানেসবার্গ, ২৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশের বিপক্ষে স্পিনার না খেলালেও হয়, পেসাররাই তো সব করে দিচ্ছেন! বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ইনজুরি বাঁ হাতি স্পিনার পল হ্যারিসের সিরিজ শেষ করে দেওয়ার পর ব্লুমফন্টেইন টেস্ট থেকে এই শিক্ষাটাই বোধহয় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। না হলে বুধবার থেকে প্রিটোরিয়ার সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া শেষ টেস্টে পেস অ্যাটাককে আরো বেশি সমৃদ্ধ করে নামার পরিকল্পনা করবে কেন তারা? জোহানেসবার্গ থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ। ব্লুমফন্টেইনের আউটস্যুরেন্স ওভালের বাড়তি বাউন্সের উইকেটে মাখায়া এনটিনি-ডেইল স্টেইন-মরনে মরকেলদের গতির কাছে নিজেদের সঁপে দেওয়া মোহাম্মদ আশরাফুলদের জন্য আরো বড় চ্যালেঞ্জই তাই অপেক্ষা করে থাকছে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে। এখানকার উইকেটে পেসাররা ব্লুমফন্টেইনের চেয়েও বাড়তি বাউন্স ও মুভমেন্ট পাবেন বলেই সাধারণ ধারণা। তাছাড়া দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের টুঁটি চেপে ধরার জন্য প্রোটিয়ারা যে রণকৌশল অনুসরণ করতে যাচ্ছে তার নাম 'অল পেস অ্যাটাক'ই দিয়ে দেওয়া যায়। কোচ মিকি আর্থার ইতিমধ্যেই সেঞ্চুরিয়নের উইকেটে আরো বেশি ঘাস রাখার পক্ষে তার মত জানিয়ে দিয়েছেন কিউরেটরকে। আর এদিকে একাদশে চার চারজন পেসারকে রাখার বিষয়েও সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন প্রায়। যদিও হ্যারিসের জায়গায় দলে আরেক বাঁ হাতি স্পিনার রবিন পিটারসনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু ভাঙ্গা আঙ্গুল নিয়েই ব্লুমফন্টেইন টেস্টে কয়েক ওভার বল করে হ্যারিস বিশ্রামে চলে যাওয়ার পর পেসাররা স্পিনারের অভাব বুঝতেই দেননি। আর এই মানের বোলিং অ্যাটাকের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের দূর্বলতাও উন্মুক্ত হয়ে যাওয়ায় এখন সেঞ্চুরিয়নে মন্ডে জনডেকিকেও খেলিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি। আর্থারের কথায় সেই সম্ভাবনা বেশি না দেখে উপায় নেই, "আমরা সবাই মন্ডেকে অ্যাকশনে দেখার জন্য ভীষণ মুখিয়ে আছি।" এখন পর্যন্ত মাত্র ছয়টি টেস্ট খেলা এই পেসার তার শেষ টেস্টটি খেলেছেন সাড়ে তিন বছর আগে। এতোদিন পর আবার তাকে নিয়ে প্রোটিয়া শিবিরের উচ্ছ্বাসের কারণ অবশ্যই পারফরম্যান্স। গত মৌসুমের ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৫৪ উইকেট নেওয়া এই পেসার আছেন আগামী মাসে প্রোটিয়াদের অস্ট্রেলিয়া সফরের দলেও। আর কে না জানে, বাংলাদেশের বিপক্ষে সিরিজটাকে তারা অস্ট্রেলিয়া সফরের 'ওয়ার্ম আপ' হিসেবেই দেখছেন। ওয়ার্ম আপ যেহেতু, অনেক কিছু দেখে নেওয়ার অবকাশ থাকেই। অস্ট্রেলিয়ায় প্রথম একাদশে মন্ডে জনডেকিকে রাখা যায় কিনা, এটা দেখে নেওয়ারও ইচ্ছে প্রোটিয়া শিবিরের। অর্থাৎ নিজেকে প্রমাণের জন্য এই একটা টেস্টই পাচ্ছেন ঘরোয়া ক্রিকেটের দল 'কোবরা'র এই স্পিডস্টার। সেঞ্চুরিয়ন টেস্টে সুযোগ পেলে তিনি যে বাংলাদেশকে কোবরার ছোবল দেওয়ার জন্য জানপ্রাণ উজাড় করে দেবেন, তাতে সন্দেহ থাকার কোনো কারণই নেই। আর ব্লুমফন্টেইন টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারে নবমবারের মতো পাঁচ উইকেট নেওয়া স্টেইনেরও বাড়তি কিছু করার তাগিদ থাকবে শেষ টেস্টে। কারণ সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক তার হোমগ্রাউন্ড। হোমগ্রাউন্ড মরকেল ব্রাদার্সেরও। সুতরাং মোহাম্মদ আশরাফুলদের যে আরেকবার গতির আগুনে পোড়ার সম্ভাবনা তৈরি হয়ে আছে, তা আর আলাদা করে না বললেও চলছে। এনটিনি-স্টেইন-মরনে মরকেল-জনডেকিদের সঙ্গে জ্যাক কালিসও তো থাকছেনই। এই টেস্টটা জোহানেসবার্গ থেকে আসা-যাওয়া করেই খেলবে বাংলাদেশ দল। সোমবার দুপুর ১২টায় ব্লুমফন্টেইন থেকে এক ঘন্টার ফ্লাইটে এসে তারা পৌছেছে জোহানেসবার্গে। হোটেল প্যালাজ্জো মন্টেক্যাসিনোতে কোচ জেমি সিডন্সের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন। অস্ট্রেলিয়া থেকে বোলিং অ্যাকশনের নিরপেক্ষ বিশ্লেষণ করিয়ে প্রথম টেস্টের দিন সকালে দলের সঙ্গে যোগ দিলেও আব্দুর রাজ্জাকের এই টেস্টেও খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কোচের বক্তব্যটা এখানে পরিষ্কার, "দক্ষিণ আফ্রিকার উইকেটগুলো যেমন দেখলাম তাতে এখানে দু'জন স্পিনার খেলানোটা বেশ ঝুঁকিপূর্ণ।" প্রথম টেস্টের একমাত্র ইনিংসে পাঁচ উইকেট নেওয়া সাকিব আল হাসানেই তাই নির্ভর করছে বাংলাদেশ। তবে পরিবর্তনের চিন্তাও আছে। একটা পরিবর্তনের কথাই ভাবা হচ্ছে এবং সেটি ব্যাটিং ডিপার্টমেন্টে- নাঈম ইসলামের জায়গায় রকিবুল হাসান। কিন্তু এই একটা পরিবর্তন তো আর ভাগ্য বদলাতে পারবে না। ভাগ্য সবাই মিলেই বদলাতে হয়। আর ব্লুমফন্টেইনের বিপর্যয়ও সবাই মিলেই তৈরি করা। প্রোটিয়াদের আরো বেশি পেসে সজ্জিত হওয়ার খবরে আরেকটি বিপর্যয়ের আশঙ্কা দোলা দেওয়ার কারণ অবশ্য ব্যাটসম্যানরাই! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.