২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের সঙ্গে তর্কে জড়ালেন মাশরাফিরা

ইস্ট লন্ডন এবং কিম্বার্লিতে যে ঘটনা ঘটতে ঘটতেও ঘটেনি, ব্লুমফন্টেইনে সেটাই ঘটে গেল। শনিবার দুপুরে আউটস্যুরেন্স ওভালের গেটে অপেক্ষমান প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়লেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এক পর্যায়ে হাতাহাতিতেও রূপ নিতে যাচ্ছিল সেটা, কিন্তু বাংলাদেশ দলের ম্যানেজার শফিকুল হক হীরা ও কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদ নাসুর হস্তক্ষেপে শেষপর্যন্ত আর অতোদূর গড়ায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

মাসুদ পারভেজ ব্লুমফন্টেইন থেকে ব্লুমফন্টেইন, ২২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ইস্ট লন্ডন এবং কিম্বার্লিতে যে ঘটনা ঘটতে ঘটতেও ঘটেনি, ব্লুমফন্টেইনে সেটাই ঘটে গেল। শনিবার দুপুরে আউটস্যুরেন্স ওভালের গেটে অপেক্ষমান প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়লেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এক পর্যায়ে হাতাহাতিতেও রূপ নিতে যাচ্ছিল সেটা, কিন্তু বাংলাদেশ দলের ম্যানেজার শফিকুল হক হীরা ও কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদ নাসুর হস্তক্ষেপে শেষপর্যন্ত আর অতোদূর গড়ায়নি। ক্রিকেটাররা হোটেলে ফেরার জন্য টিম বাসে ওঠার সময়ই ঘটনার সূত্রপাত। প্রবাসী বাংলাদেশীরা ক্রিকেটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্যই সেখানে অপেক্ষা করছিলেন। কিন্তু ক্রিকেটাররা সাড়া তো দিচ্ছিলেনই না, এমনকি দর্শকদের দিকে তারা তাকাচ্ছিলেনও না। এতেই ক্ষিপ্ত দর্শকদের কটুকথা কানে যেতেই বাস থেকে নেমে এসে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মাশরাফি বিন মর্তুজা। আরো কয়েকজন ক্রিকেটারও অনুসরণ করেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ককে। সেসময় মাশরাফি দর্শকদের দিকে তেড়ে গিয়েছিলেন বলেও জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, "হারের পর সবার মনই খুব খারাপ ছিল। হয়তো একারণেই তারা প্রতিক্রিয়া প্রকাশ করে ফেলেছে। না হলে ভক্তদের এমন আচরণে আমরা অভ্যস্তই। এই সফরের শুরুর দিকেও এমন ঘটনা ঘটেছে। কিন্তু আমরা কোনো প্রতিক্রিয়া দেখাইনি।" ক্রিকেটারদের অভিযোগ বেনোনিতে দ্বিতীয় ওয়ানডের সময় গ্যালারি থেকে প্রবাসী বাংলাদেশীরা গালিগালাজের ফোয়ারা বইয়ে দিচ্ছিলেন। তবে প্রবাসী বাংলাদেশীদেরও অভিযোগের শেষ নেই। কিম্বার্লিতে তারা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও রকিবুল হাসানের আচরণে কষ্ট পেয়ে এমনকি ম্যানেজার হীরার কাছে এসেও অভিযোগ জানিয়ে গেছেন। কিম্বার্লিতে দুইদিনের প্রস্তুতি ম্যাচ শেষে ডি বিয়ার্স ডায়মন্ড ওভালের বাইরে অপেক্ষায় ছিলেন প্রচুর বাংলাদেশী। যারা ক্রিকেটারদের সঙ্গে ছবি তুলতে এসেছিলেন। যাদের অনেকের সঙ্গে তাদের আফ্রিকান স্ত্রী এবং বন্ধুরাও ছিলেন। কিন্তু মাঠ থেকে বের হওয়ার পর সাকিব এবং মুশফিক তাদের অভিনন্দনের জবাব দেওয়ার কোনো প্রয়োজন অনুভব তো করেনইনি। এমনকি দর্শকদের দিকে না তাকিয়েই বাসে উঠে যাওয়ায় ক্ষিপ্ত কয়েকজনকে বলতে শোনা গেছে, "আমরা অনেকদূর থেকে অনেক র‌্যান্ড খরচ করে, নিজেদের ব্যবসার ক্ষতি করে আপনাদের দেখতে এসেছি। অথচ সারাদিন অপেক্ষা করার পর আপনারা এরকম করছেন।" পরে আশরাফুল, মাশরাফি ও তামিমরা বাস থেকে নেমে এসে তাদের ছবি তোলার আব্দার মেটান। কিন্তু স্বেচ্ছায় মিটিয়েছিলেন কিনা, তা নিয়ে প্রশ্ন আছে। কারণ ওইসময় এক প্রবাসী বাংলাদেশীকে বাংলাদেশ অধিনায়ক রাগতস্বরে বলছিলেন, "আপনাকে অনেক টাকা খরচ করে আসতে তো আমরা বলিনি। আমরা তো আপনাদের সারাদিন অপেক্ষা করতে বলিনি।" এর আগে ইস্ট লন্ডনেও বেশ কয়েকজন বাংলাদেশী সাকিব ও মুশফিকের দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ আছে। পাশ্ববর্তী পোর্ট এলিজাবেথ, পোর্ট আলফ্রেড ও কুইন্সটাউন থেকে অনেক বাংলাদেশী গাড়িতে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছিলেন তৃতীয় ওয়ানডে দেখতে। কিন্তু খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় তারা হোটেলে যান ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে। কারো কারো সঙ্গে দেখা করার আনন্দে মেতেছেন। আর কারো কারো দুর্ব্যবহারের শিকার হয়ে দুঃখেও পুড়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২০৫৭ ঘ.